আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়ানে মাঠে নামবে দুই দল। প্রথম টেস্টে হারের পর সিরিজে সমতা ফেরাতে মরিয়া বাংলাদেশ। তবে আপাতত সিরিজের হিসাব কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ নিয়ে ভাবতে চায় না দল। বরং প্রথম টেস্টের ভুলগুলো শুধরে দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরাটা দিতে চান ক্রিকেটাররা।
জোহানেসবার্গে প্রথম টেস্টের শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। ম্যাচের প্রথম তিন দিন বেশ ভালো ক্রিকেট খেললেও কিছু ভুলের কারণে শেষ পর্যন্ত জয় পাওয়া হয়নি। সেই হতাশা ভুলে সামনে তাকানোর বার্তাই এখন দলের ভেতরে। অনুশীলনেও ইতিবাচক পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন পেসার খালেদ আহমেদ।
দলের প্রস্তুতি ও মানসিক অবস্থা নিয়ে খালেদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবাই পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। অনুশীলনও ভালো হচ্ছে। আমার মনে হয়, যেটা চলে গেছে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, সবাই এখন সেটাই ভাবছে। কোচের সঙ্গেও এ বিষয়ে আমাদের কথা হচ্ছে। এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, তা নিয়েও এখানকার দুই দক্ষিণ আফ্রিকান কোচের সঙ্গে আলোচনা করছি।’
প্রথম টেস্টের ফল ভুলে ইতিবাচক দিকগুলো কাজে লাগানোর ওপরই জোর দিচ্ছেন দলের কোচ ও অধিনায়ক। খালেদের কথায়, ‘কোচ ও অধিনায়কের পক্ষ থেকে আমাদের বার্তা ছিল, যা চলে গেছে, তা নিয়ে চিন্তা করে লাভ নেই। বরং কীভাবে সামনে এগিয়ে ভালো ক্রিকেট খেলা যায়, সেটাই ভাবতে হবে। আমরা তিন দিন খুব ভালো ক্রিকেট খেলেছি। হয়তো কিছু ভুলের কারণে ম্যাচটা জিততে পারিনি। তবে এখান থেকে ইতিবাচক অনেক কিছু নেওয়ার চেষ্টা করছি। আমাদের যে ভালো দিকগুলো আছে, সেগুলো নিয়েই সামনে এগিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে।’
এদিকে দ্বিতীয় টেস্টটি দক্ষিণ আফ্রিকার জন্যও বেশ গুরুত্বপূর্ণ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এই ম্যাচে জয় তাদের জন্য বড় ভূমিকা রাখতে পারে। অন্যদিকে সিরিজে হারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে বাংলাদেশের। তবে এসব সমীকরণ আপাতত মাথায় রাখতে চাইছে না দল।
জোহানেসবার্গের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সেঞ্চুরিয়ানে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় বাংলাদেশ। প্রথম টেস্টের তিন দিনের ইতিবাচক ক্রিকেটকে পুঁজি করে এবার পুরো ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখাই হবে খালেদ-তাসকিনদের সামনে বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশের একাদশে দুইটি নিশ্চিত পরিবর্তন আসতে যাচ্ছে। দুরন্ত ফর্মে থাকা হাসান মাহমুদ এলবোর চোটে দেশে ফিরছেন। মুশফিকুর রহিম কুঁচকির চোটে মিস করবেন এই টেস্ট। হাসানের জায়গায় পেসার খালেদ একাদশে আসতে পারেন। মুশফিকুরের জায়গায় খেলবেন জাকের আলী অনিক।


