আগামী মাসে অনুষ্ঠিতব্য এই নিলামে অংশ নিতে বিশ্বের ৯৫০ জনেরও বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। খবর ইএসপিএনের।
সম্প্রতি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজের চুক্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাতিল হয়। এর পর পিএসএলে দল পেয়েছেন মুস্তাফিজ। এবার দ্য হান্ড্রেডের নিলামেও নাম লেখালেন তিনি।
এদিকে, বিতর্কের মুখেও দ্য হান্ড্রেডের নিলামে নাম লিখিয়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি, অলরাউন্ডার শাদাব খান ও গতিতারকা হারিস রউফের মতো ক্রিকেটাররা।
তবে প্রশ্ন উঠেছে, নতুন ভারতীয় বিনিয়োগকারীদের কারণে আইপিএল ধাঁচের ‘শ্যাডো ব্যান’-এর মুখে পড়তে পারেন কি না পাকিস্তানি ক্রিকেটাররা। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে কোনো সক্রিয় পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার আইপিএলে অংশ নেননি। পরবর্তীতে আইপিএল মালিকানাধীন বিদেশি ফ্র্যাঞ্চাইজিতেও পাকিস্তানি ক্রিকেটারদের উপস্থিতি ছিল খুবই সীমিত।
ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড গত বছর বলেছিলেন, লিগের বেসরকারিকরণের ফলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণে কোনো প্রভাব পড়বে না। বর্তমানে দ্য হান্ড্রেডের চারটি ফ্র্যাঞ্চাইজি আংশিক বা পূর্ণ মালিকানায় আইপিএল গ্রুপের সঙ্গে যুক্ত।
ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ৫০ জনের বেশি পাকিস্তানি ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধন করেছেন। তবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান এই তালিকায় নেই।
বর্তমানে দ্য হান্ড্রেডে যুক্ত আইপিএল মালিকানাধীন চার ফ্র্যাঞ্চাইজি হলো—মুম্বাই ইন্ডিয়ানস (এমআই লন্ডন), লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (ম্যানচেস্টার সুপার জায়ান্টস), সানরাইজার্স হায়দরাবাদ (সানরাইজার্স লিডস) এবং দিল্লি ক্যাপিটালস (সাউদার্ন ব্রেভ)।
লন্ডনের পিকাডিলিতে ১১ মার্চ (নারী) ও ১২ মার্চ (পুরুষ)।নিলাম অনুষ্ঠিত হবে। দ্য হান্ড্রেডে বেতনসীমাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। প্রতি ম্যাচে চারজন বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ থাকবে, যা আগের মৌসুমে ছিল তিনজন।


