বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
29 C
Dhaka
Homeখেলাবিশ্বকাপে জায়গা পেয়েই এন্দ্রিক ফিরলেন রিয়ালে

বিশ্বকাপে জায়গা পেয়েই এন্দ্রিক ফিরলেন রিয়ালে

প্রকাশ: মে ২১, ২০২৬ ৩:৫৩

চলতি সপ্তাহে যেন মেঘ না চাইতেই জল পেলেন ব্রাজিলিয়ান বিস্ময়বালক এন্দ্রিক। জীবনের অন্যতম সেরা ও স্বপ্নের মতো একটি সপ্তাহ পার করলেন এই তরুণ ফরোয়ার্ড।

সেলেসাওদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, আসন্ন ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াডে থাকছেন তিনি। আর এই মহা-সুখবরের রেশ কাটতে না কাটতেই নিজের ধারে খেলার মেয়াদ শেষে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁকে বিদায় জানিয়ে আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরলেন এই ব্রাজিলিয়ান তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক আবেগঘন বিদায়ী ভিডিও বার্তায় লিওঁর সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ১৯ বছর বয়সী এন্দ্রিক। তিনি বলেন, ‘এখন বিদায় বলার সময় এসেছে। আমি (রিয়াল মাদ্রিদে) ফিরছি, তবে আগের চেয়ে অনেক বেশি কিছু নিয়ে। এই শহর সব সময় আমার হৃদয়ে ও স্মৃতিতে বেঁচে থাকবে।’

রিয়াল মাদ্রিদের মূল দলে পর্যাপ্ত সুযোগ না পাওয়া এবং চোটের কারণে গত মৌসুমের মাঝপথে ধারে ফরাসি ক্লাব লিওঁতে যোগ দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার মূল লক্ষ্যই ছিল নিয়মিত ম্যাচ খেলে ফর্ম ফিরে পাওয়া এবং নিজেকে প্রমাণ করে বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করা। আর সেই কঠিন পরীক্ষাটিতে লেটার মার্কস পেয়ে পাস করেছেন তিনি।

ফরাসি ক্লাবটির হয়ে মাত্র ১৬টি লিগ ম্যাচে মাঠে নেমে ১২টি গোলে সরাসরি অবদান রেখে ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হন এন্দ্রিক। শুধু গোল করাই নয়; তার চোখ ধাঁধানো ড্রিবলিং, সুযোগ তৈরি এবং প্রতিপক্ষের ডিফেন্ডারদের একা হাতে পরাস্ত করার দক্ষতায় মুগ্ধ হয়েছে পুরো ইউরোপ। ফরাসি সংবাদমাধ্যমের দাবি, মাত্র কয়েক মাসেই লিওঁর সমর্থকদের হৃদয়ে এক বিশেষ জায়গা তৈরি করে নিয়েছেন এই তরুণ।

ব্রাজিলের ক্রীড়া গণমাধ্যম ‘জিই’-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এন্দ্রিক তার শৈশবের ত্যাগ এবং ফর্ম ফিরে পাওয়া নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপে খেলা একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। তবে এটি একটি পুরস্কার, লটারিতে প্রাইজ জেতার মতো কোনো ঘটনা নয়। আমার পরিবারকে চাকরি-বাকরি ছেড়ে অচেনা শহরে এসে কঠিন দিন পার করতে হয়েছে। দল থেকে বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতাও আমার আছে। গত ১০ বছর ধরে প্রতিনিয়ত চাপের মধ্যে থেকে নিজেকে প্রমাণ করে আজ এই জায়গায় এসেছি।’

ফরাসি ক্লাব লিওঁতে কাটানো এই সময়টুকু এন্দ্রিককে মানসিকভাবে আরও পরিপক্ব করে তুলেছে। লোন পিরিয়ড শেষ হওয়ায় আগামী মৌসুমে আবারও রিয়াল মাদ্রিদের মূল দলে যোগ দেবেন এই ব্রাজিলিয়ান। লস ব্লাঙ্কোসদের ম্যানেজমেন্টের আশা, লিওঁতে পাওয়া অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস এবার সান্তিয়াগো বার্নাব্যুর কঠিন মঞ্চে তাকে নতুন করে প্রতিষ্ঠিত হতে এবং কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুস জুনিয়রদের সাথে আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর