শনিবার, জুলাই ১৮, ২০২৬
শনিবার, জুলাই ১৮, ২০২৬
28.2 C
Dhaka
Homeখেলাবাংলাদেশ সিরিজে সমতায় ফিরলো জিম্বাবুয়েকে হারিয়ে

বাংলাদেশ সিরিজে সমতায় ফিরলো জিম্বাবুয়েকে হারিয়ে

প্রকাশ: জুলাই ১৭, ২০২৬ ৯:১৫

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট, ওয়ানডে সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে চাপে পড়েছিল বাংলাদেশ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাপুটে পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের দল। সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটির ওপর ভর করে বড় সংগ্রহ গড়ে ,পরে রিশাদ হোসেন ও শেখ মেহেদীর দুর্দান্ত স্পিনে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত ক্রিকেট খেলেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। শুরুতে কয়েকবার জীবন পেলেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগান সাইফ। অন্যদিকে তানজিদও ছিলেন আত্মবিশ্বাসী। পাওয়ার প্লের ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান তোলে বাংলাদেশ। এরপরও একই ছন্দে রান তুলতে থাকেন দুই ওপেনার।

প্রথমে ৩৩ বলে অর্ধশতক পূর্ণ করেন তানজিদ। এরপর ৪২ বলে ফিফটি স্পর্শ করেন সাইফ হাসান। দুজনের ব্যাটে উদ্বোধনী জুটিতে আসে ১২০ রান, যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের অন্যতম সেরা ওপেনিং জুটি। তবে লিটন দাস ও রনি তালুকদারের ১২৪ রানের সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড স্পর্শ করা হয়নি তাদের।

অর্ধশতক পূরণের পরই সিকান্দার রাজার বলে বোল্ড হয়ে ফেরেন সাইফ হাসান। পাঁচবার জীবন পাওয়া এই ওপেনার ৪৫ বলে ৫৫ রান করেন। পরের ওভারেই রিচার্ড এনগারাভার বলে বোল্ড হন তানজিদ। তার ব্যাট থেকে আসে ৫৮ রান।

দুই ওপেনারের বিদায়ের পর হঠাৎই ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান কেউই বড় ইনিংস খেলতে পারেননি। মাত্র ২১ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

তবে ইনিংসের শেষ ভাগে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোহাম্মদ সাইফউদ্দিন ও ইয়াসির রাব্বি। সাইফউদ্দিন মাত্র ১০ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন। ইয়াসির রাব্বিও ১২ বলে করেন ২২ রান। শেষ দিকে দ্রুত রান তোলার সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে জিম্বাবুয়ে। প্রথম ওভারেই শেখ মেহেদী ফিরিয়ে দেন তাদিওনাশে মারুমানিকে। পরের ওভারে নাহিদ রানার গতিতে বোল্ড হন ব্রায়ান বেনেট। নিজের দ্বিতীয় ওভারে ডিওন মেয়ার্সকেও সাজঘরে পাঠিয়ে জিম্বাবুয়েকে বড় ধাক্কা দেন শেখ মেহেদী।

শুরুর বিপর্যয়ের পর অধিনায়ক সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা ৪৪ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। রাজা মাত্র ১২ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেললেও তাকে ফিরিয়ে দেন রিশাদ হোসেন। পরের ওভারেই শুম্বাকেও আউট করে জিম্বাবুয়ের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনায় বড় আঘাত হানেন এই লেগ স্পিনার। শুম্বা করেন ২০ বলে ১৯ রান।

এক প্রান্ত ধরে রেখে রায়ান বার্ল ১৯ বলে ২৯ রান করেন। শেষ দিকে ব্র্যাড ইভান্স ১৪ বলে ২৫ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরানোর চেষ্টা করেন। তবে সাইফউদ্দিন তাকে ফিরিয়ে দিলে সেই আশা শেষ হয়ে যায়।

শেষ পর্যন্ত রিশাদ হোসেন মুজারাবানিকে বোল্ড করে জিম্বাবুয়ের ইনিংস ১৫২ রানে থামিয়ে দেন। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা বোলিং করেন রিশাদ। শেখ মেহেদী নেন ৩ উইকেট। এছাড়া নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাইফ হাসান একটি করে উইকেট শিকার করেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর