রবিবার, আগস্ট ১৬, ২০২৬
রবিবার, আগস্ট ১৬, ২০২৬
30 C
Dhaka
Homeখেলাএমিলিয়ানো মার্তিনেজ ভাঙা আঙুলের যন্ত্রণা নিয়েই খেলছেন পুরো বিশ্বকাপ

এমিলিয়ানো মার্তিনেজ ভাঙা আঙুলের যন্ত্রণা নিয়েই খেলছেন পুরো বিশ্বকাপ

প্রকাশ: জুলাই ১৮, ২০২৬ ৮:১৬

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ জানিয়েছেন, বিশ্বকাপের পুরো আসরজুড়েই তিনি ভাঙা আঙুলের যন্ত্রণা নিয়ে খেলছেন।

বিশ্বকাপ শুরুর আগেই অনামিকা (রিং ফিঙ্গার) আঙুলে চিড় ধরলেও অস্ত্রোপচার না করিয়ে দেশের হয়ে খেলাকেই প্রাধান্য দিয়েছেন তিনি। খবর মিরর নিউজের।

গত ২০ মে অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালের আগে অনুশীলনের সময় তার আঙুলে চোট লাগে। এরপর আঙুলে ব্যান্ডেজ বেঁধেই ম্যাচে খেলেন এবং দলের ৩-০ গোলের জয়ে ভূমিকা রাখেন। তবে পরে চিকিৎসকেরা তাকে প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পরামর্শ দেন।

এই চোটের কারণে তিনি প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে পারেননি। পাশাপাশি বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচও মিস করেন।

মার্তিনেজ জানান, যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের যেসব বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে তিনি পরামর্শ করেছিলেন, সবাই অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু দেশের হয়ে বিশ্বকাপ খেলতে তিনি সেই পথ বেছে নেননি।

মার্তিনেজের ভাষ্য, ‘আমার হাতে এখনো প্রতিদিন ব্যথা হয়। আমি জানতাম, এটা খুবই কষ্টদায়ক হবে। তবুও অস্ত্রোপচার করাইনি, যদিও সব বিশেষজ্ঞই সেটাই করতে বলেছিলেন।’

তিনি আরও বলেন, গ্রুপ পর্বে চোটের কারণে স্বাভাবিকভাবে অনুশীলন করতে পারেননি, ‘গ্রুপ পর্বে ঠিকমতো অনুশীলনই করতে পারিনি। তবে শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ম্যাচের পর থেকে চোটের কথা মাথা থেকে সরিয়ে দিয়েছি। এখন অনেক ভালো অনুভব করছি।’

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা কোচের একটি বার্তা তাকে বাড়তি অনুপ্রেরণা দিয়েছিল বলেও জানান মার্তিনেজ, ‘কোচ আমাকে বলেছিলেন, ‘‘তুমি যে অবস্থাতেই থাকো না কেন, আমি তোমাকে আমার দলে চাই।’’ এই কথাটাই আমার কাছে দশটি পেনাল্টি বাঁচানো বা পত্রিকার প্রথম পাতায় আসার চেয়েও বেশি মূল্যবান।’

বর্তমানে জুভেন্টাসে যোগ দেয়ার গুঞ্জন থাকলেও মার্তিনেজের পুরো মনোযোগ এখন বিশ্বকাপের ফাইনালে। তার লক্ষ্য, স্পেনকে হারিয়ে আর্জেন্টিনার জার্সিতে চতুর্থ বিশ্বকাপ শিরোপা যোগ করা। কয়েক বছর আগে মজা করে তিনি বলেছিলেন, দুটি বিশ্বকাপ জিততে পারলে অবসর নেবেন। সেই প্রসঙ্গ উঠতেই মার্তিনেজ বলেন, সেটি ছিল নিছক রসিকতা।

তার ভাষ্য, ‘হ্যাঁ, আমি এমন কথা বলেছিলাম। কিন্তু এখন আমাদের আগে জিততে হবে। এই মুহূর্তে আমার একমাত্র লক্ষ্য সেটাই।’

জাতীয় দলের ধারাবাহিক উন্নতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন বলেও জানান এই গোলরক্ষক, ‘এই দলটি প্রতি বছর আরও উন্নতি করছে। আমরা যা অর্জন করেছি, তা ভাবলে কখনো কখনো আমার চোখে পানি চলে আসে। সামনে আরও আনন্দ উদযাপনের মুহূর্ত অপেক্ষা করছে।’

২০২২ সালের বিশ্বকাপের তুলনায় এবারের আসর তিনি বেশি উপভোগ করছেন বলেও মন্তব্য করেন মার্তিনেজ, ‘কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ম্যাচের পর আমি অনেক ভুগেছিলাম। এবার আমি অনেক বেশি উপভোগ করছি। এখন পায়ে বল নিয়েও আরও আত্মবিশ্বাসী।’

ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী মার্তিনেজের ভাষায়, ‘রোববার মাঠে আমাকে হাসিমুখেই দেখবেন। আমি খুব শান্ত আছি। একজন গোলরক্ষকের কাজ শুধু বল ঠেকানো নয়, সতীর্থদের আত্মবিশ্বাস দেওয়াও গুরুত্বপূর্ণ। তারা যখন দেখে আমি শান্ত আছি, তখন আক্রমণে আরও মনোযোগ দিতে পারে। এ কারণেই আমরা এই বিশ্বকাপে অনেক গোল করেছি এবং আগের বিশ্বকাপের তুলনায় একটি গোল কম হজম করেছি।’

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর