শুক্রবার (৪ সেপ্টেম্বর) মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলে বাংলাদেশ। ম্যাচের ১২ মিনিটে শিমুল ইসলামের দর্শনীয় ফিল্ড গোলে লিড নেয় লাল-সবুজ প্রতিনিধিরা। তবে ১৯ মিনিটে চীনের ওয়াং ইউবো পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান।
দ্বিতীয় কোয়ার্টারে ২৬ মিনিটের মাথায় মেহেদী হাসানের দুর্দান্ত ফিল্ড গোলে ২-১ ব্যবধানে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু তৃতীয় কোয়ার্টারের ৪২ মিনিটে রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে পেনাল্টি কর্নার থেকে ছিউ ওয়েনশুয়ান গোল করলে সমতায় ফেরে স্বাগতিকরা।
শেষ কোয়ার্টারে বাংলাদেশের যুবারা একাধিক আক্রমণ সাজালেও গোলমুখে ব্যর্থতার পরিচয় দেয়। উল্টো ম্যাচের ৫৩ মিনিটে চীনের সুন জিংরানের ফিল্ড গোল ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের জয়-পরাজয় নির্ধারণ করে দেয়।
নবমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নেয়া বাংলাদেশের লক্ষ্য এখন ঘুরে দাঁড়ানো। ‘বি’ গ্রুপে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী রোববার (৬ সেপ্টেম্বর) মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান ও কাজাখস্তান।
উল্লেখ্য, ছেলেদের জুনিয়র এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এই প্রতিযোগিতায় বাংলাদেশের যুবাদের সর্বোচ্চ সাফল্য ১৯৯৬ সালে সেমিফাইনালে খেলা।


