বুধবার, নভেম্বর ৪, ২০২৬
বুধবার, নভেম্বর ৪, ২০২৬
28 C
Dhaka
Homeখেলাসাফের প্রচারণায় দুই চ্যাম্পিয়ন দলের প্রীতি ম্যাচ

সাফের প্রচারণায় দুই চ্যাম্পিয়ন দলের প্রীতি ম্যাচ

প্রকাশ: অক্টোবর ৩১, ২০২৬ ৭:৩৮

বাংলাদেশের ফুটবলে দুটি স্মরণীয় অর্জনের সাক্ষী জাতীয় স্টেডিয়াম। ২০০৩ সালে এই মাঠেই সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর একই মাঠে দক্ষিণ এশিয়ান গেমসের ফুটবলে সোনা জয়ের আনন্দে মেতেছিল লাল-সবুজের দল। এবার সেই দুই দলের ফুটবলারদের আবারও একসঙ্গে দেখা যাবে একই মাঠে।

সাফের প্রচার-প্রচারণার অংশ হিসেবে রোববার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন দল ও ২০১০ সালের এসএ গেমসের সোনাজয়ী দল। বিকেল পাঁচটায় শুরু হবে প্রীতি ম্যাচটি। দুই প্রজন্মের তারকা ফুটবলারদের এই পুনর্মিলনী ম্যাচটি ঘিরে দেশের ফুটবল অঙ্গনে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।

তবে এই পুনর্মিলনীতে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ঘিরে।বাংলাদেশের ফুটবলে এই দুটি স্মরণীয় অর্জনের দুটিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাবেক তারকা গোলরক্ষক। তিনি ২০০৩ সালের সাফজয়ী দলের সদস্য এবং ২০১০ সালের এসএ গেমসের সোনাজয়ী দলের অধিনায়ক ছিলেন।

দুই দলেরই নেতৃত্ব ও সাফল্যের অংশীদার হওয়ায় তিনি কোন দলের হয়ে মাঠে নামবেন—তা নিয়ে তৈরি হয়েছে মধুর জটিলতা। দুই দলের খেলোয়াড়েরাই তাকে নিজেদের জার্সিতে দেখতে চাওয়ায়, এই দ্বিধা মেটাতে ম্যাচের দুই অর্ধে দুটি ভিন্ন দলের জার্সি গায়ে মাঠে নামতে পারেন তিনি।

আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া মূল সাফ চ্যাম্পিয়নশিপের আগে আয়োজিত এই প্রীতি ম্যাচের লক্ষ্য পুরোনো সাফল্যের স্মৃতিচারণের পাশাপাশি দেশের ফুটবলে নতুন উদ্দীপনা ও জনসম্পৃক্ততা তৈরি করা। কোচ টমাস ডুলির অধীনে জাতীয় দলের চলমান প্রস্তুতির এই সময়ে সাবেক চ্যাম্পিয়নদের এই লড়াই দর্শকদের মনে বাড়তি রোমাঞ্চ ছড়াবে বলে আশা করা হচ্ছে।

এবারের আসর বাংলাদেশের হলেও উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে না স্বাগতিকরা। ৫ নভেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুদল ভারত ও পাকিস্তান। উদ্বোধনী ম্যাচ না খেললেও ওইদিনই মাঠে নামবে বাংলাদেশ। ৫ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে টমাস ডুলির শিষ্যরা মোকাবিলা করবে ভুটানের।

‘এ’ গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিদ্বন্দ্বী দল শ্রীলঙ্কা। ১১ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এদিকে গ্রুপ ‘বি’ তে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে মালদ্বীপ। টুর্নামেন্টে প্রতিটি দল গ্রুপ পর্বে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুদল উঠবে সেমিফাইনালে। টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর। আর ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর