শুক্রবার (১৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ের মেয়েরা। জবাবে ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে বাংলাদেশ নারী দল। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও সাথী রানি মিলে তোলেন ১০৪ রান, যা দলের জয় প্রায় নিশ্চিত করে দেয়। জয় থেকে সামান্য দূরে থাকতে ৪৩ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন সাথী রানি।
এরপর ক্রিজে আসা শারমিন আক্তার সুপ্তাকে সঙ্গে নিয়ে বাকি কাজ সহজেই সারেন দিলারা আক্তার। ফিফটি পূরণের পর ৪৯ বলে ৮ বাউন্ডারিতে ৬৮ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। আর ৬ রানে অপরাজিত থাকেন শারমিন।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক জোসেফিনে এনকোমো। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৩১ রান তোলে তারা। তবে সপ্তম ওভারে জিম্বাবুইয়ান ওপেনার বিলাভড বিজাকে (১২) ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন রাবেয়া খান। পরের উইকেটে নেমে রানের খাতা খোলার আগেই বিদায় নেন শের্ন মেয়ার্স। আরেক ওপেনার কেলিস এনদোভলু করেন ২২ রান।
চতুর্থ উইকেটে চিপো মুগেরি-ত্রিপানো ও অধিনায়ক জোসেফিনে এনকোমোর জুটিতে দলীয় সংগ্রহ একশ পার করে জিম্বাবুয়ে। চিপো ৩০ বলে সর্বোচ্চ ৪০ এবং এনকোমো ৩৫ রান করেন। শেষ দিকে মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান করলে নির্ধারিত ওভারে ১৩১ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন লেগ স্পিনার রাবেয়া খান। এ ছাড়া দিশা বিশ্বাস দুটি ও রিতু মনি একটি উইকেট নেন।
একই মাঠে আগামী ১৬ নভেম্বর বি গ্রুপে নিজেদের পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ থাইল্যান্ড। প্রতি দলের সেরা ৩ দল উঠবে সেরা সিক্সে। এরপর দুই সেরা দল মুখোমুখি হবে ফাইনালে।


