বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
24 C
Dhaka
Homeখেলামালিকানায় পরিবর্তন কলকাতার শাহরুখের সঙ্গে নতুন বিনিয়োগকারী

মালিকানায় পরিবর্তন কলকাতার শাহরুখের সঙ্গে নতুন বিনিয়োগকারী

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ১০:৩৮

আইপিএলের জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় আসছে নতুন বিনিয়োগকারী।

ফ্র্যাঞ্চাইজিটির বড় একটি অংশের শেয়ার কিনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী সংস্থা অ্যারেস ম্যানেজমেন্ট। এ জন্য কেকেআরের অন্যতম মালিক জয় মেহতাকে দিতে হচ্ছে প্রায় ৪০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেকেআরে নিজের মালিকানার ২২ দশমিক ৫ শতাংশ শেয়ার অ্যারেস ম্যানেজমেন্টের কাছে বিক্রি করছেন জয় মেহতা। নগদ অর্থের বিনিময়ে হতে যাওয়া এই লেনদেন চূড়ান্ত হওয়ার পথে। এই চুক্তির ফলে কলকাতা নাইট রাইডার্সের মোট বাজারমূল্য দাঁড়াচ্ছে প্রায় ১৭৮ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬ হাজার ৬৩৪ কোটি রুপি।

বর্তমানে কেকেআরের ৪৫ শতাংশ শেয়ারের মালিক জয় মেহতা। নিজের মালিকানার অর্ধেকই বিক্রি করে দিচ্ছেন তিনি। অন্যদিকে ফ্র্যাঞ্চাইজিটির সংখ্যাগরিষ্ঠ ৫৫ শতাংশ শেয়ার থাকছে বলিউড অভিনেতা শাহরুখ খানের হাতে। সহ-মালিক হিসেবে থাকছেন জুহি চাওলাও।

চুক্তির নিয়ম অনুযায়ী, বিক্রয়মূল্যের ৫ শতাংশ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সে হিসাবে বোর্ডের পাওয়ার কথা প্রায় ২ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২০০ কোটি রুপি।

২০০৭ সালে আইপিএলের প্রথম আসরের আগে ফ্র্যাঞ্চাইজি কেনার প্রক্রিয়ায় অংশ নেন শাহরুখ খান, জয় মেহতা ও জুহি চাওলা। তাঁদের উদ্যোগেই গড়ে ওঠে কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড। সেই থেকে দলটির মালিকানায় রয়েছেন তাঁরা।

কেকেআরের নতুন বিনিয়োগকারী অ্যারেস ম্যানেজমেন্ট যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিনিয়োগকারী সংস্থা। বিশ্ব ক্রীড়াঙ্গনে তাদের বিনিয়োগ রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ও যুক্তরাষ্ট্রের এনএফএল দল মায়ামি ডলফিনসের সঙ্গে যুক্ত রয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া কেইন ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টের দল ট্রেন্ট রকেটসেরও সহ-মালিক তারা। কেকেআরে বিনিয়োগের মধ্য দিয়ে ক্রিকেটেও নিজেদের অবস্থান আরও বিস্তৃত করতে যাচ্ছে অ্যারেস।

আইপিএলের দলগুলোর মালিকানা ও বাজারমূল্য নিয়ে সাম্প্রতিক সময়ে বড় অঙ্কের লেনদেন দেখা যাচ্ছে। এর আগে রাজস্থান রয়্যালসের মালিকানা বদলের মূল্য নির্ধারিত হয়েছিল ১৫ হাজার ৬৬০ কোটি রুপি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাজারমূল্য দাঁড়িয়েছিল ১৬ হাজার ৬৬০ কোটি রুপি। দলটির বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস গ্রুপ, ব্ল্যাকস্টোন ও বোল্ট ভেঞ্চারস।

এ ছাড়া ২০২২ সালে গুজরাট টাইটানসের মালিকানা নেয় সিভিসি ক্যাপিটাল। পরে ফ্র্যাঞ্চাইজিটির ৩৩ শতাংশ শেয়ার নিজেদের কাছে রেখে বাকি সংখ্যাগরিষ্ঠ মালিকানা টরেন্ট গ্রুপের কাছে বিক্রি করে দেয় তারা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর