বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
24 C
Dhaka
Homeখেলালিওনেল মেসি আইনি নোটিশ পাঠালেন আর্জেন্টিনাকে

লিওনেল মেসি আইনি নোটিশ পাঠালেন আর্জেন্টিনাকে

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ১০:২৪

অনুমতি ছাড়া বাণিজ্যিক কাজে নিজের নাম ও ছবি ব্যবহার বন্ধের দাবিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সংস্থাটির সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়াকে আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’ ও ‘এ২৪’-এর প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। খবর গোল ডট কমের

প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি বিয়ার ব্র্যান্ডের সঙ্গে মেসির একচেটিয়া বাণিজ্যিক চুক্তি রয়েছে। কিন্তু মেসি বা তার প্রতিনিধিদের কোনো পূর্বানুমতি না নিয়েই এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া আর্জেন্টিনার স্থানীয় একটি প্রতিদ্বন্দ্বী বিয়ার কোম্পানির বিজ্ঞাপনে জাতীয় দলের জার্সিতে মেসির ছবি ব্যবহারের অনুমতি দেন। বিষয়টি নজরে আসার পর আন্তর্জাতিক স্পনসরদের কাছে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন মেসি ও তার পরিবার। এতে চরম ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবীদের মাধ্যমে এএফএ নেতৃত্বের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এই মহাতারকা।

আইনি নোটিশের মূল উদ্দেশ্য হলো—এএফএ এবং এর কর্মকর্তারা যেন অবিলম্বে যেকোনো বাণিজ্যিক বা প্রচারণামূলক কর্মকাণ্ডে মেসির নাম, ছবি কিংবা অডিও-ভিজ্যুয়াল উপাদান ব্যবহার করা সম্পূর্ণ বন্ধ রাখেন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে এএফএ শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি, প্রীতি ম্যাচের চুক্তি নিয়ে জটিলতা এবং অব্যবস্থাপনার কারণে নিজের পরিচ্ছন্ন ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া নিয়েও অসন্তুষ্ট ছিলেন মেসি।

অভিযোগ রয়েছে, এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া এবং ফেডারেশনের কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর কর্মকাণ্ডে বিদেশে বেশ কিছু কোম্পানি গড়ে তুলে ক্লাবগুলোর পাওনা অর্থ সরিয়ে ফেলা হয়েছে। এমনকি বেনিনের বিপক্ষে মনুমেন্টাল স্টেডিয়ামে মেসির বিদায়ী ম্যাচের আয়োজনও নানা ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে সমালোচনার মুখে পড়েছিল।

আর্জেন্টাইন সাংবাদিক নিকোলাস উইনাজকির তথ্যমতে, জাতীয় দলের স্বার্থের বাইরে গিয়ে ব্যক্তিগত বা ব্যবসায়িক লাভের জন্য মেসির ইমেজ ব্যবহার চিরতরে বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি এএফএ প্রধান ক্লাউদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে সব ধরনের ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দীর্ঘদিনের সুসম্পর্কের পর এ ধরনের আইনি পদক্ষেপ আর্জেন্টাইন ফুটবলে বড় ধরনের আলোড়ন তুলেছে। তবে এই আইনি নোটিশের বিষয়ে লিওনেল মেসি কিংবা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর