শুক্রবার ( ২০ নভেম্বর ) নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আলপোগে বলেন, ‘আমি বিশ্বাস করি, ক্লডের সঙ্গে কাজ করার মাধ্যমে রিমান হাইপোথিসিসের একটি প্রমাণ খুঁজে পেয়েছি।’
তবে তাঁর এই দাবি এখনো চূড়ান্তভাবে স্বীকৃত নয়। বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্টিফিক আমেরিকান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রমাণটি সঠিক কি না, তা নিশ্চিত করতে গণিত বিশেষজ্ঞদের বিস্তারিত পর্যালোচনা প্রয়োজন।
১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিমান প্রথম এই হাইপোথিসিস উপস্থাপন করেন। মূলত মৌলিক সংখ্যার (Prime Numbers) বিন্যাস ও বণ্টন নিয়ে এই গাণিতিক ধারণা। মৌলিক সংখ্যা হলো এমন স্বাভাবিক সংখ্যা, যা কেবল ১ এবং নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়।
সংখ্যারেখায় মৌলিক সংখ্যাগুলোর অবস্থান আপাতদৃষ্টিতে অনিয়মিত মনে হলেও রিমান হাইপোথিসিসের মাধ্যমে সেগুলোর বণ্টনের গভীর গাণিতিক কাঠামো ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। দেড় শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বের সেরা গণিতবিদেরা এই সমস্যার সমাধানের চেষ্টা করেও সফল হননি।
গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমস্যার সঠিক সমাধানের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউট ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে।
যেভাবে কাজে লাগানো হয়েছে এআই
আলপোগে তাঁর উদ্ভাবিত প্রমাণটি ‘লিন’ (Lean) নামের একটি প্রোগ্রামিং ভাষায় উপস্থাপন করেছেন। এটি এমন একটি আনুষ্ঠানিক গাণিতিক যাচাইব্যবস্থা, যার মাধ্যমে কোনো প্রমাণের প্রতিটি ধাপ এবং যুক্তির যথার্থতা পরীক্ষা করা যায়।
এআই মডেল ক্লডের সঙ্গে কাজ করে তিনি প্রমাণটি তৈরি করেছেন বলে জানিয়েছেন। তবে শুধু লিনে প্রমাণ উপস্থাপন করলেই সেটি গাণিতিকভাবে সঠিক প্রমাণিত হয় না। এর পেছনের যুক্তি, ব্যবহৃত পদ্ধতি এবং প্রতিটি ধাপ বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করতে হবে।
আলপোগের দাবি, তাঁর কাজটি শুধু মূল রিমান হাইপোথিসিস নয়, বরং এর আরও বিস্তৃত সংস্করণ ‘জেনারালাইজড রিমান হাইপোথিসিস’ (Generalized Riemann Hypothesis)-এর প্রমাণ দেয়। এই দাবি সত্য প্রমাণিত হলে সংখ্যাতত্ত্বসহ গণিতের বিভিন্ন শাখায় এর ব্যাপক প্রভাব পড়তে পারে। কারণ, অনেক গুরুত্বপূর্ণ গাণিতিক তত্ত্ব ও ফলাফল এই হাইপোথিসিসের ওপর নির্ভরশীল।
নিজের এই অগ্রগতি নিয়ে মিশ্র অনুভূতির কথাও জানিয়েছেন আলপোগে। তাঁর ভাষায়, ‘এটিকে একটি সমাপ্তি বলে মনে হওয়া স্বাভাবিক। আমার নিজের ক্ষেত্রে এটি যেন একটি প্রধান দিকনির্দেশক আলোর হারিয়ে যাওয়া।’
তবে তিনি মনে করেন, এআইয়ের মাধ্যমে পাওয়া এই অগ্রগতি বিজ্ঞানের জগতে আরও বড় সম্ভাবনার সূচনা করতে পারে।
এর আগেও এআই দিয়ে জটিল সমস্যার সমাধানের দাবি
জটিল গাণিতিক সমস্যা সমাধানে এআই ব্যবহারের ক্ষেত্রে আলপোগে এর আগেও আলোচনায় এসেছিলেন। গত জুলাইয়ে তিনি ‘জ্যাকোবিয়ান কনজেকচার’ (Jacobian Conjecture) নামের আরেকটি বিখ্যাত গাণিতিক সমস্যার এআই-সহায়তায় তৈরি সমাধান প্রকাশ করেন। এ নিয়ে গণিতের গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এ ছাড়া সেপ্টেম্বর মাসে ওপেনএআই এবং ‘নাভিয়ার-স্টোকস’ (Navier-Stokes) সমস্যা ঘিরে একটি বিতর্কেও তাঁর নাম উঠে আসে। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ ট্রিস্টান বাকমাস্টার অভিযোগ করেছিলেন, ওপেনএআই তাঁর ও আলপোগের করা কাজ ব্যবহার করেছে।
বিশেষজ্ঞদের মতে, রিমান হাইপোথিসিসের প্রমাণ সত্যিই সঠিক বলে প্রতিষ্ঠিত হলে তা কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হয়ে উঠবে। তবে এর তাৎক্ষণিক ব্যবহারিক প্রয়োগের সম্ভাবনা সীমিত। এটি সরাসরি বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা পরিবর্তন করবে কিংবা ইন্টারনেটের গতি বাড়াবে—এমন নয়। বরং মৌলিক গণিতের জগতে এর গুরুত্ব হবে অনেক বেশি।
আলপোগে তাঁর এই অগ্রগতিকে ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখছেন। এই কাজ মানুষের সামনে বিজ্ঞানের অজানা সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে এবং পরিচিত বিষয়গুলোর মধ্যেও লুকিয়ে থাকা বিস্ময়কর সৌন্দর্য আবিষ্কারে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন ।
তবে সবকিছুর আগে প্রয়োজন তাঁর দাবির স্বাধীন ও পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই। বিশেষজ্ঞদের পর্যালোচনায় প্রমাণটি টিকে গেলেই কেবল ১৬০ বছরের পুরোনো এই গাণিতিক রহস্যের সমাধান হিসেবে স্বীকৃতি পাবে।


