শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে আল জাজিরা খবরে বলা হয়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ড্রোনটি ভূপাতিত করেছে।
আইআরজিসি জানিয়েছে, তাদের নতুন একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটিকে শনাক্ত করে প্রতিহত ও ভূপাতিত করেছে। ইরানি বাহিনীর দাবি, এ নিয়ে যুক্তরাষ্ট্রের মোট ৫৮টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল তারা।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া এবং ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে তেহরানের অবস্থান তুলে ধরেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাষ্ট্রীয় সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব বিষয়ে কথা বলেন।
সাক্ষাৎকারে আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেয়া এবং হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়ে গত জুনে হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা’ এখন আর আলোচনার টেবিলে নেই। বাস্তবেও এর আর কার্যকারিতা নেই। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এই চুক্তির গুরুত্বপূর্ণ একটি শর্ত লঙ্ঘন করার পর পরিস্থিতি আবারও সংঘাতের দিকে চলে গেছে।’
হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়ে ইরানের দাবি স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের উত্থাপিত সাতটি শর্ত বাস্তবায়ন করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে যুদ্ধের অবসান, ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা তুলে নেয়া। তারা যদি দুই দিনের সময়সীমা কমিয়ে এক দিন বা এমনকি দুই ঘণ্টাও করতে চায়, তাতে আমাদের কোনো সমস্যা নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের দাবিগুলো পূরণ করতে হবে।’
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রসঙ্গে আরাঘচি বলেন, ‘সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশের বাইরে নেয়া হবে না। এসব মজুত আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে।’ এ ছাড়া পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জারি করা নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা নিয়ে ইরানের অভ্যন্তরীণ মতপার্থক্যের কথাও উল্লেখ করেন তিনি। আরাঘচি বলেন, ‘নীতির পরিবর্তনের পক্ষে থাকা ব্যক্তিদের যুক্তি, বর্তমান নীতি আমাদের পারমাণবিক স্থাপনাগুলোকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।’ তবে বিদ্যমান নীতি বজায় রাখার পক্ষেও জোরালো যুক্তি রয়েছে বলে জানান তিনি।


