অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেয়ার ৩ মাসের মাথায় ৯ নভেম্বর খলিলুর রহমানকে উপদেষ্টার মর্যাদায় রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত ‘হাই রিপ্রেজেন্টেটিভের’ দায়িত্ব দেয়া হয়।
পরে ২০২৫ সালের ১০ এপ্রিল তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও দেয়া হয়। তখন তার পদবি হয় ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’।
কর্মজীবনে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ছিলেন খলিলুর রহমান। প্রথম বিসিএসের মাধ্যমে ১৯৭৯ সালে তিনি পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। জাতিসংঘে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০১ সালে তৃতীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রিধারী অন্তর্বর্তী সরকারের এই নিরাপত্তা উপদেষ্টা। ১৯৭৮-৭৯ সালে আমেরিকান এক্সপ্রেস ইন্টারন্যাশনাল ব্যাংকে নির্বাহী পদে চাকরিরত ছিলেন তিনি। ১৯৮০-৮৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ও আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি করেন।


