শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
28 C
Dhaka
Homeখেলাঅধিনায়করা যেসব সুবিধা পাবেন বিসিবির ক্যাপ্টেনস কার্ডে 

অধিনায়করা যেসব সুবিধা পাবেন বিসিবির ক্যাপ্টেনস কার্ডে 

প্রকাশ: এপ্রিল ১৭, ২০২৬ ৯:০৪

জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মানিত করতে নতুন এক উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বিসিবি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অধিনায়কদের হাতে এই কার্ড তুলে দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ও বোর্ডের অন্য সদস্যরা।

জাতীয় দলের জার্সিতে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে যারা অধিনায়কত্ব করেছেন, তাদের সবাইকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। সাবেক অধিনায়কদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই এই কার্ড চালু করা হয়েছে।

বিসিবি সভাপতি তামিম তার স্বাগত বক্তব্যে বলেন, ‘ক্যাপ্টেনস কার্ড দিয়ে আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বিপিএলসহ যেকোনো ইভেন্টেই স্টেডিয়ামে যেতে পারবেন সাবেক অধিনায়করা। এছাড়া এই কার্ডধারী কেউ অসুস্থ হলে, দেশে বা দেশের বাইরে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বিসিবির মেডিকেল টিম সবসময় তাকে সাহায্য করবে। দেশের বাইরে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তাকে বিসিবির মেডিকেল টিম সহায়তা করবে।’

এসবের পাশাপাশি স্টেডিয়ামে ভিভিআইপি কার পার্কিংয়ের সুবিধা পাবেন ক্যাপ্টেনস কার্ডধারীরা। যারা এখনও খেলছেন, তারা অবসরে যাওয়ার পর হেলথ ইন্সুরেন্সের সুবিধা পাবেন এই কার্ডের মাধ্যমে।

আশির দশক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত দেশের মোট ৩৩ অধিনায়ক এই সম্মাননা পেয়েছেন। যাদের মধ্যে ২৭ জন পুরুষ অধিনায়ক এবং ৬ জন নারী অধিনায়ক। পুরুষ অধিনায়কদের মধ্যে আমিনুল ইসলাম বুলবুল, মাশরাফি বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, ফারুক আহমেদ, নাঈমুর রহমান দুর্জয় ও খালেদ মাসুদ পাইলট উপস্থিত ছিলেন না।

নারী অধিনায়কদের মধ্যে কেবল রুমানা আহমেদ উপস্থিত ছিলেন। বিসিবি জানিয়েছে, যারা ছিলেন না, তারা যে কোনো সময়ই এই কার্ড গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর