শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
33 C
Dhaka
Homeজাতীয়আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা 

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা 

প্রকাশ: এপ্রিল ২, ২০২৬ ১১:৪৯

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এ বার্তা পাঠানো হয় বলে জানা গেছে।

বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে এই চিঠিটি পৌঁছে দেন।।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সির খবরে এ তথ্য নিশ্চিত করা হয়।

বার্তার মূল বিষয় হিসেবে দুই বন্ধুপ্রতীম দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো উঠে এসেছে।

অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপদেষ্টা হুমায়ুন কবির আরব আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি এবং অবিচল সমর্থনের কথা আবারও নিশ্চিত করেন।

বাংলাদেশের এমন বন্ধুত্বপূর্ণ অবস্থানের কারণে আমিরাতের উপপ্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, বাংলাদেশ তাদের একটি ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র। পাশাপাশি দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ রক্ষা ও টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তারা গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাঈদ আল হাজেরি, জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর