শনিবার, জুন ৬, ২০২৬
শনিবার, জুন ৬, ২০২৬
35.9 C
Dhaka
Homeআন্তর্জাতিকফের মার্কিন হামলা চালাল ইরানে,আইআরজিসির পাল্টা জবাব 

ফের মার্কিন হামলা চালাল ইরানে,আইআরজিসির পাল্টা জবাব 

প্রকাশ: জুন ৬, ২০২৬ ১০:০১

ইরানে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির দক্ষিণাঞ্চলে কেশম দ্বীপ ও উপকূলীয় গোরুকের একাধিক রাডার স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হলেও সহিংসতার স্থায়ী অবসানের জন্য আলোচনা এখনো সফল হয়নি। দুই দেশের মধ্যে এই যুদ্ধবিরতি এখনো বহাল থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে নতুন করে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে। একই সঙ্গে উভয় দেশ মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার মূল লক্ষ্য গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের একটি স্থায়ী সমাধানে পৌঁছানো।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) দুই দেশের মধ্যে এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের চারটি ড্রোন তারা আকাশেই ভূপাতিত করেছে, যেগুলো হরমুজ প্রণালির দিকে ছোড়া হয়েছিল। এরপরই গোরুক ও কেশম আইল্যান্ডে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী।

সেন্ট্রাল কমান্ড আরও দাবি করেছে, ইরানের ছোড়া ওই ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক নৌযান চলাচলের ক্ষেত্রে বড় হুমকি হয়ে উঠেছিল। মূলত পরবর্তী সময়ে যেকোনো বড় হামলা ঠেকাতেই এই রাডার স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই হামলার সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দিয়েছে তেহরান।

ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘শত্রুপক্ষের ঘাঁটি’ লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ইরানের সিরিক শহর এবং হরমুজ প্রণালীর কেশম দ্বীপে মার্কিন বাহিনীর আগ্রাসনের উপযুক্ত জবাব দিতেই এই পাল্টা হামলা চালানো হয়েছে।

এদিকে কুয়েত সরকার জানিয়েছে, তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে। একই সময়ে বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটির আশপাশে বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে।

এর আগে ইরানের নৌবাহিনী দাবি করেছিল তারা ওমান উপসাগরে মার্কিন বাহিনীর উদ্দেশে ‘সতর্কতামূলক গুলি’ ছুড়েছে। তাদের অভিযোগ ছিল, মার্কিন যুদ্ধজাহাজগুলো ওই আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী সাধারণ বাণিজ্যিক জাহাজগুলোকে হয়রানি করছিল। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর