ফ্রান্সেসকা আলবানিজের এই বক্তব্য নতুন করে সামনে এনেছে ইসরায়েলি বন্দিশিবিরে ফিলিস্তিনিদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ। তবে বিষয়টি শুধু সাম্প্রতিক কোনো অভিযোগ নয়। এর আগে বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন, বন্দিদের সাক্ষ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যেও প্রশিক্ষিত কুকুর দিয়ে যৌন নির্যাতনের বিবরণ উঠে এসেছে।
সম্প্রতি আইরিশ পার্লামেন্টের ইউরোপীয় বিষয়ক কমিটির এক শুনানিতে বক্তব্য দেন আলবানিজ। এ সময় তিনি বলেন, নির্যাতিত ফিলিস্তিনি বন্দিদের জবানবন্দিতে ইউরোপের দেশগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করে ধর্ষণ ও নির্যাতনের বিবরণ পাওয়া গেছে। এসব কুকুর বিক্রি করে ইউরোপের কিছু মানুষ মুনাফা করছে বলেও অভিযোগ করেন তিনি।
আলবানিজের দাবি, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিপীড়নে ইউরোপীয় ইউনিয়নও দায় এড়াতে পারে না। এ ধরনের নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আয়ারল্যান্ডকে ইউরোপীয় দেশগুলোর নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
তবে প্রশ্ন উঠছে, আলবানিজের এই অভিযোগের ভিত্তি কী? এর পক্ষে আগে কী ধরনের তথ্য ও সাক্ষ্য সামনে এসেছে?

- বন্দির সাক্ষ্যে কুকুর দিয়ে ধর্ষণের বর্ণনা
২০২৫ সালের নভেম্বরে প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস প্রকাশিত একটি প্রতিবেদনে কয়েকজন ফিলিস্তিনি বন্দির সাক্ষাৎকার তুলে ধরা হয়। সেখানে ৩৫ বছর বয়সী এক ফিলিস্তিনি বাবার দেওয়া বর্ণনা বিশেষভাবে আলোচনায় আসে।
ওই ব্যক্তি জানান, ২০২৪ সালের মার্চে গাজা শহরের আল-শিফা হাসপাতাল থেকে তাঁকে আটক করা হয়। এরপর প্রায় ১৯ মাস ধরে বিভিন্ন ধরনের শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হন তিনি।
তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁকে জোর করে বিবস্ত্র করা হতো। অশ্লীল ভাষায় অপমান করা হতো। তাঁকে ও তাঁর পরিবারকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছিল।
সবচেয়ে ভয়াবহ অভিযোগটি সেদে তেইমান সামরিক বন্দিশিবিরকে ঘিরে।
ওই বন্দির দাবি, একপর্যায়ে তাঁকে শিবিরের অপরিচিত একটি অংশে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও কয়েকজন বন্দিকে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় রাখা হয়েছিল। সৈন্যরা প্রশিক্ষিত কুকুর নিয়ে এসে বন্দিদের ওপর লেলিয়ে দেয়। কুকুরগুলো তাঁদের শরীরের ওপর উঠে প্রস্রাব করছিল।
একপর্যায়ে একটি কুকুর দিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, প্রায় তিন মিনিট ধরে চলে এই নির্যাতন। পুরো অভিযান স্থায়ী হয়েছিল প্রায় তিন ঘণ্টা।
এ সময় সৈন্যরা তাঁকে মারধর করে এবং মুখে পেপার স্প্রে ছিটিয়ে দেয়। নির্যাতনে আহত হওয়ার পর তাঁর ক্ষতগুলো অ্যানেসথেসিয়া ছাড়াই সেলাই করা হয়েছিল বলেও জানান তিনি।

- আরেক বন্দির সাক্ষ্যেও একই অভিযোগ
একই ধরনের অভিযোগ উঠে এসেছে ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরের ২০২৬ সালের এপ্রিলের প্রতিবেদনেও। ‘অ্যানাদার জেনোসাইড বিহাইন্ড ওয়ালস’ শিরোনামের ওই প্রতিবেদনে ইসরায়েলি বন্দিশিবিরে ফিলিস্তিনিদের ওপর যৌন নির্যাতনে প্রশিক্ষিত সামরিক কুকুর ব্যবহারের অভিযোগ তুলে ধরে সংস্থাটি।
প্রতিবেদনে ৪৩ বছর বয়সী ওয়াজদি নামের এক ফিলিস্তিনির সাক্ষ্য প্রকাশ করা হয়। তিনি প্রায় এক বছর ইসরায়েলের বন্দিশিবিরে আটক ছিলেন।
ওয়াজদির অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় ইসরায়েলি সৈন্যরা একটি কুকুরের সাহায্যে তাঁকে একাধিকবার ধর্ষণ করে।
তাঁর বর্ণনা অনুযায়ী, একদিন সৈন্যরা একটি কুকুর নিয়ে এসে সেটিকে ছেড়ে দেয়। এরপর কুকুরটি তাঁকে ধর্ষণ করে। একই দিনে তাঁকে একটি বিছানার সঙ্গে বেঁধে আরও অন্তত দুবার যৌন নির্যাতন করা হয়। এমনকি এক সৈন্য তাঁর মুখে প্রস্রাব করে বলেও অভিযোগ করেন তিনি।
- সেদে তেইমানের রক্ষীদের বক্তব্য
অভিযোগের পক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে সামনে এসেছে সেদে তেইমান বন্দিশিবিরের সাবেক ও বর্তমান রক্ষীদের বক্তব্য।
২০২৬ সালের এপ্রিলে যুক্তরাজ্যভিত্তিক স্বাধীন সংবাদমাধ্যম নোবারা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে ইসরায়েলের ওই বন্দিশিবিরের দুই রক্ষীর সঙ্গে ভূরাজনৈতিক বিশ্লেষক শায়েল বেন এফ্রাইমের কথোপকথনের বিবরণ তুলে ধরা হয়।
বেন এফ্রাইমের দাবি, দুই রক্ষীর সঙ্গে একাধিকবার কথা বলে তিনি বন্দিদের ওপর প্রশিক্ষিত কুকুর দিয়ে যৌন নির্যাতনের অভিযোগ সম্পর্কে জানতে পেরেছেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, একজন রক্ষী নিজেই এমন ঘটনা ঘটতে দেখেছেন। বিষয়টি এতটাই ভয়াবহ যে, তা নিয়ে কথা বলাও কঠিন বলে জানিয়েছেন তিনি। অন্য রক্ষী সরাসরি ঘটনা না দেখলেও সহকর্মীদের কাছ থেকে এ বিষয়ে শুনেছেন এবং অভিযোগটিকে সত্য বলে বিশ্বাস করেন।
বেন এফ্রাইম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এ ধরনের অভিযোগকে ইহুদিবিদ্বেষী অপবাদ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা রয়েছে। কিন্তু তাঁর দাবি, অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য ও সাক্ষ্য রয়েছে।
- জাতিসংঘের প্রতিবেদনেও কুকুর লেলিয়ে দেওয়ার অভিযোগ
ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতনের বিষয়টি নিয়ে আগেও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।
২০২৪ সালের জুলাইয়ে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে আটক ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের বিভিন্ন পদ্ধতির বিবরণ উঠে আসে। এর মধ্যে ছিল ওয়াটারবোর্ডিং, বৈদ্যুতিক শক এবং বন্দিদের ওপর কুকুর লেলিয়ে দেওয়া।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেন, তাঁর দপ্তর ও অন্যান্য সংস্থার সংগ্রহ করা সাক্ষ্য-প্রমাণে বন্দিদের ওপর এ ধরনের নির্যাতনের ইঙ্গিত পাওয়া গেছে। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও সতর্ক করেন তিনি।
বিভিন্ন বন্দির সাক্ষ্যে আরও একটি উদ্বেগজনক বিষয় উঠে এসেছে। তাঁদের অভিযোগ, নির্যাতনের সময় সৈন্যরা অনেক ক্ষেত্রে ছবি ও ভিডিও ধারণ করত।

- আলবানিজের আহ্বান, ইউরোপ কি পদক্ষেপ নেবে?
আইরিশ পার্লামেন্টের শুনানিতে আলবানিজ শুধু বন্দিদের নির্যাতনের অভিযোগই তোলেননি, ইউরোপীয় দেশগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
তিনি বলেন, শিশু হত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার আটক, নির্যাতন ও যৌন সহিংসতার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিনের। ১৯৪৮ ও ১৯৬৭ সালেও ফিলিস্তিনিদের ধর্ষণের ঘটনা সামনে এসেছিল। তবে বর্তমানে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে বলে দাবি করেন তিনি।
আলবানিজের মতে, ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে যারা এসব নির্যাতনের প্রতিবাদ করছেন, তাঁদেরই কারাগারে পাঠানো হচ্ছে।
নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের এই বিশেষ দূত। তিনি জানান, সত্য প্রকাশ করতে গিয়ে নিজের পাশাপাশি পরিবারের সদস্যদেরও ঝুঁকির মধ্যে ফেলছেন। প্রায় এক মাস আগে তাঁর সন্তানরা ঘুমিয়ে থাকা অবস্থায় কয়েকজন ব্যক্তি তাঁদের বাড়িতে প্রবেশ করেছিল বলেও অভিযোগ করেন তিনি।
গাজায় কথিত যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে বলে দাবি করেন আলবানিজ। তাঁর অভিযোগ, ফিলিস্তিনিদের ধ্বংসপ্রাপ্ত গাজার প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় সীমাবদ্ধ করে রাখা হয়েছে।
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের ঘূর্ণায়মান সভাপতির দায়িত্বে থাকা আয়ারল্যান্ডকে তিনি এই পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ দায়িত্ব পালন করবে দেশটি।
আলবানিজের ভাষায়, আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকার বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে আয়ারল্যান্ডের সামনে এটি একটি ঐতিহাসিক সুযোগ।
ফিলিস্তিনি বন্দিদের ওপর প্রশিক্ষিত কুকুর দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগের ক্ষেত্রে আলবানিজের বক্তব্যই প্রথম নয়। এর আগে বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে এবং বন্দিদের ব্যক্তিগত সাক্ষ্যে একই ধরনের অভিযোগ উঠে এসেছে। তবে এসব অভিযোগের প্রতিটি ঘটনা স্বাধীনভাবে যাচাই করা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা এখনো গুরুত্বপূর্ণ বিষয়।
প্রশ্ন হচ্ছে, এতগুলো অভিযোগ ও সাক্ষ্য সামনে আসার পরও ফিলিস্তিনি বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর কোনো পদক্ষেপ নেবে কি না?


