বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শুরু হওয়া এ সম্মেলন শুক্রবার (১৩ নভেম্বর) সমাপ্ত হয়। সম্মেলনের শেষ দিনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে নানুপুর মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ধর্মীয় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, ‘বাংলাদেশ সকলের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, ঠিক একইভাবে আমরা যারা দ্বীন ইসলামের বিশ্বাসী, এ ধরনের অনুষ্ঠানকে হেফাজত করা এবং এর সহায়ক হওয়া আমাদের নৈতিক দায়িত্ব।’
বক্তব্যে তিনি নিজের বাবার অসুস্থতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আল্লাহর রহমতে এখন কিছুটা সুস্থ হয়েছেন। এ সময় তিনি নিজের বাবা, পরিবার ও নিজের জন্য উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে তিনিও সবার জন্য দোয়া করছেন বলে জানান।
আল্লামা শাহ জমীর উদ্দীন নানুপুরী (রহ.)-এর সুযোগ্য সাহেবজাদা ও খলিফা আল্লাম সালাহ উদ্দীন নানুপুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহারসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের সমাপনী দিনে বয়ান করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শায়খ আহমাদুল্লাহ, আল্লামা গাজী বেলাল উদ্দীন নানুপুরী, আল্লামা ফরিদ উদ্দীন আল-মোবারক, আল্লামা আজিজুল হক আল-মাদানী, আল্লামা মুফতি মাহফুজুল হক, আল্লামা মুফতি কুতুবুদ্দীন নানুপুরী, ঢাকা থেকে মুফতি রেজাউল করীম আবরার এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আল্লামা গাজী ইয়াকুব ওসমানী।
এর আগে সম্মেলনের প্রথম দিনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বরা বয়ান করেন। তাঁদের মধ্যে ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, সাবেক ধর্ম উপদেষ্টা ডা. আ ফ ম খালিদ হোসেন, আল্লামা আনোয়ারুল করিম যশোরী, আল্লামা মুস্তাকুন্নবী কাসেমী, আল্লামা খোবাইব আহমেদ, মুফতি উবাইদুর রহমান হুযাইফী, আল্লামা খলিল আহমদ কাসেমী ও মুফতি একরাম হোসেন ওদুদীসহ অনেকে।
দুই দিনের এ মহাসম্মেলন ঘিরে নানুপুরে যে বিপুল জনসমাগম ঘটে, তা উত্তর চট্টগ্রামের ধর্মীয় আয়োজনগুলোর মধ্যে অন্যতম বড় সমাবেশ হিসেবে আলোচনায় এসেছে।


