Saturday, November 21, 2026
Saturday, November 21, 2026
23 C
Dhaka
Homeআন্তর্জাতিকরোহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, সমালোচনায় চীন

রোহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, সমালোচনায় চীন

প্রকাশ: November 21, 2026 12:14

রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে ২০১৭ সালে রাষ্ট্রীয় মদতে গণহত্যা চালানোর ঘটনায় মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় প্রত্যাখ্যান করেছে দেশটির সামরিক সরকার।

শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে এ রায়কে ‘অন্যায্য’ বলে অভিহিত করেন।

মিয়ানমারের সামরিক সরকার অবিচারের শিকার হয়েছে তিনি দাবি করে তিনি বলেন, ‘আমাদের দেশের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে। এই সিদ্ধান্ত সবার সর্বসম্মত কোনো সিদ্ধান্ত নয়; এটি ন্যায়সংগত নয়।’

এদিকে মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র চীনও আন্তর্জাতিক আদালতের রায়ের সমালোচনা করেছে। বেইজিংয়ের দাবি, জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এ ধরনের সিদ্ধান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সহায়ক নয়। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে যৌথ বিবৃতিতে চীন আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিজ নিজ এখতিয়ারের অপব্যবহার না করার আহ্বান জানায়।

বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘বিষয়টি আরও জটিল করে তোলা এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সম্মিলিত প্রচেষ্টা চালানো।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানায়, ২০১৭ সালে মিয়ানমারের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রব্যবস্থার অধীনে দেশটির মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে।

আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, মিয়ানমারের সামরিক বাহিনী তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানের নামে পুরুষ ও কিশোরদের নির্বিচারে হত্যা করেছে। পাশাপাশি রোহিঙ্গা নারীদের ওপর ব্যাপক ধর্ষণ ও যৌন সহিংসতা চালানো হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ধ্বংস করা হয়েছে শত শত রোহিঙ্গা গ্রাম।

আদালতের ১৫ জন বিচারকের মধ্যে ৯ জন গণহত্যা সংঘটিত হওয়ার পক্ষে মত দেন এবং ৬ জন বিপক্ষে অবস্থান নেন। আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের দায় প্রতিষ্ঠিত হওয়ার ঘটনা হিসেবে রায়টিকে ঐতিহাসিক বলে বিবেচনা করা হচ্ছে। বিচারকদের মধ্যে থাকা চীনা বিচারকও একটি বাদে বাকি সব অভিযোগের ক্ষেত্রে মিয়ানমারের পক্ষে ভোট দেন।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নৃশংস অভিযানের মুখে প্রায় সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। তাঁদের অনেকে পরবর্তী সময়ে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আশ্রয় নেন।

আদালতের রায়ে বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য। তবে ক্ষতিপূরণের পরিমাণ পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। একই সঙ্গে মিয়ানমারের কর্মকাণ্ডে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার দায়িত্বও দেশটির ওপর বর্তায়।

এদিকে শুক্রবার মালয়েশিয়া জানিয়েছে, দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে তারা ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের প্রায় ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর মধ্যে দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা।

অন্যদিকে মিয়ানমার বর্তমানে বহুমুখী গৃহযুদ্ধে জর্জরিত। দেশটির রাখাইন রাজ্যেও সংঘাত অব্যাহত রয়েছে, যে অঞ্চলটি একসময় অধিকাংশ রোহিঙ্গার আবাসস্থল ছিল। ফলে আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়ের পরও রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাঁদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর