শুক্রবার (২০ নভেম্বর) রাতভর চালানো এ হামলায় বিদ্যুৎ অবকাঠামোসহ বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে রুশ বাহিনী। এতে অন্তত আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও বহু মানুষ।
সাউথ চায়না মর্নিয়ের প্রতিবেদনে বলা হয়, কিয়েভে দিনিপ্রো নদীর ওপর দিয়ে দুই তীরকে যুক্ত করা তিনটি সেতুতে রাতভর হামলা চালায় রাশিয়া। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রাজধানীতে এটিই রাশিয়ার অন্যতম বড় হামলা। এ সময় কয়েক ডজন বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহর। নিরাপদ আশ্রয়ের জন্য মেট্রো স্টেশনে অবস্থান নেন বাসিন্দারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ৪০০টির বেশি ড্রোন ও ১১০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দেশটির জ্বালানি, সরবরাহব্যবস্থা ও রেল অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
চলতি বছর যুদ্ধের সম্মুখসারিতে অগ্রগতি অনেকটাই থমকে থাকায় দুই পক্ষই আকাশপথে হামলা বাড়িয়েছে। কিয়েভ রাশিয়ার তেল শোধনাগার নেটওয়ার্কে হামলা চালাচ্ছে। অন্যদিকে মস্কো ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ও পরিবহন সরবরাহব্যবস্থাসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করছে।
টেলিগ্রামে দেয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘এটি ছিল অন্যতম বড় হামলা। পুতিন অত্যন্ত প্রদর্শনমূলকভাবে এ হামলা চালিয়েছেন। সামরিক ও কূটনৈতিক অক্ষমতা আড়াল করতে রাশিয়া এ ধরনের সন্ত্রাস ও জীবননাশী হামলার আশ্রয় নিচ্ছে।’ রাশিয়ার হামলার কৌশলকে ‘নিষ্ঠুর’ আখ্যা দিয়ে জেলেনস্কি বলেন, ক্ষেপণাস্ত্রগুলো ২০ থেকে ৩০ মিনিটের বিরতিতে একের পর এক আঘাত হেনেছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু ছিল পোদিলস্কো-ভসক্রেসেনস্কি, দারনিৎস্কি ও পিভদেনি সেতু। এ পরিস্থিতিতে বাসিন্দাদের গাড়িতে করে কর্মস্থলে যাতায়াত না করার পরামর্শ দেন তিনি।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া ৩৮০টি ড্রোন, ৭৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা। প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি বলেন, কিয়েভে ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া পশ্চিম ইউক্রেনের লভিভ শহরের একটি রেলস্টেশনে হামলায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছিলেন পুতিন। সম্প্রতি তৃতীয়বারের মতো রুশ-অধিকৃত ক্রিমিয়া ও রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলকে সংযুক্ত করা সেতুতে হামলা চালায় ইউক্রেন। এরপর বৃহস্পতিবার পুতিন বলেন, রাশিয়া কঠোর পাল্টা জবাব দেবে।
কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, একটি পানি সরবরাহ কেন্দ্রে হামলায় তিন কর্মী নিহত হয়েছেন। এতে রাজধানীর চারটি জেলায় পানির চাপ কমে গেছে। কিছু ভবনে সাময়িকভাবে পানি সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ। ইউক্রেনের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উক্রেনেরগো জানিয়েছে, লভিভ, জাকারপাতিয়া ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। বিদ্যুৎ কোম্পানি ডিটিইকে জানিয়েছে, কিয়েভের পাঁচটি জেলার কিছু বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান উক্রজালিজনিৎসিয়া জানিয়েছে, রাশিয়ার হামলায় কয়েকটি এলাকায় রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। লভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেন, স্কনিলিভ রেলস্টেশনে হামলায় দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ড্রোন হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়ে পাঁচজন আহত হয়েছেন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি হাসপাতালে রুশ ড্রোন হামলায় আহত হয়েছেন আরও চারজন। তবে এসব খবর স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে রাতভর হামলার সময় রাশিয়া পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। তার ভাষ্য, তিনটি বস্তু পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে, যার মধ্যে সম্ভবত দুটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ছিল। ঘটনাটিকে রাশিয়ার ‘উসকানি’ বলে নিন্দা জানান তিনি। এদিকে এস্তোনিয়া জানিয়েছে, নিরাপত্তার কারণে আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সড়ক সীমান্তের প্রবেশপথগুলো বন্ধ করে দেয়া হবে।


