রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
23 C
Dhaka
Homeআন্তর্জাতিকশেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার মধ্যে ঢাকার প্রতি পেন্টাগনের সাবেক কর্মকর্তার কড়া...

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার মধ্যে ঢাকার প্রতি পেন্টাগনের সাবেক কর্মকর্তার কড়া বার্তা

প্রতিবেদক :জনতামেইল ডেস্কঃ
আপডেট: ২৮ নভেম্বর, ২০২৬ ১১:০৪
প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬ ১১:৫৪

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। এরই মধ্যে পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন সতর্ক করে বলেছেন, শেখ হাসিনা কিংবা তাঁর সঙ্গে দেশে ফেরা কারও কোনো ক্ষতি হলে তার দায়ভার বর্তমান সরকারকে নিতে হবে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তাঁর প্রত্যাবর্তনের প্রাক্কালে বাংলাদেশের বর্তমান কর্তৃপক্ষের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। তিনি বলেছেন, শেখ হাসিনা কিংবা তাঁর সঙ্গে দেশে ফেরা কারও কোনো ধরনের ক্ষতি হলে তার সম্পূর্ণ দায়ভার বর্তমান সরকারকে বহন করতে হবে।

নিউইয়র্কে আয়োজিত ‘বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে মাইকেল রুবিন এ সতর্কবার্তা দেন। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পেন্টাগনে দায়িত্ব পালন করা এই সাবেক কর্মকর্তা বলেন, ‘শেখ হাসিনার গায়ে যদি একটি আঁচড়ও লাগে, তবে তার জন্য কেবল বর্তমান সরকারই দায়ী থাকবে।’

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ বাংলাদেশে দায়িত্ব পালনরত অন্যান্য দেশের কূটনীতিকদের কাছেও এই বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে ভারতের প্রতি বাংলাদেশের বর্তমান কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের আপস না করে দৃঢ় অবস্থান নেওয়ার পরামর্শ দেন রুবিন। শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি তাঁর রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের প্রচেষ্টায়ও সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর কয়েক দিনের মধ্যেই রুবিনের এই মন্তব্য সামনে এল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। নিউইয়র্কের ওই সেমিনারে তিনি ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন।

বক্তব্যে রুবিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ করে তাঁকে নিয়েও কঠোর মন্তব্য করেন। শেখ হাসিনা কিংবা তাঁর সঙ্গে দেশে ফেরা ব্যক্তিদের কোনো ক্ষতি হলে তারেক রহমান ও তাঁর সরকারকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তারেক রহমানকে ‘জিহাদি’ আখ্যা দেন রুবিন। তবে তাঁর এ ধরনের মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতের ভূমিকা প্রসঙ্গে রুবিন ইরানের নির্বাসিত শাহ ও আয়াতুল্লাহ খোমেনির ক্ষমতায় আসার সময় যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপের প্রসঙ্গ টানেন। তাঁর মতে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভারতের উচিত শেখ হাসিনার প্রশ্নে অবস্থান পরিষ্কার রাখা।

১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার

আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষে ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা।

এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার তিনি ভারত থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে যাতায়াতের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা মনে করেন, সংবিধানের পরিপন্থী পরিস্থিতিতে তাঁকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। তাই বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

এ লক্ষ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফেরার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি ভ্রমণের জন্য প্রয়োজনীয় নথিপত্র ও কাগজপত্রও চেয়েছেন শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেওয়ার কয়েক মাস পর তাঁর ভ্রমণসংক্রান্ত কিছু নথি বাতিল করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর