শনিবার (২৮ নভেম্বর) সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জাজান প্রদেশে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারি করলেও পরে জানায়, বিপদ কেটে গেছে। তবে কী ধরনের হুমকি ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
অন্যদিকে, ইয়েমেনের দক্ষিণ উপকূলে সশস্ত্র ব্যক্তিরা একটি জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটি জানিয়েছে, অননুমোদিত ব্যক্তিরা জাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। হুতিদের দাবি, সৌদি হামলায় ইয়েমেনের রাজধানী সানার আল-তাহরির এলাকায় আটটি বাড়ি ও তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছেন ১৩ জন। এ ছাড়া তায়েজ প্রদেশের মোখা বিদ্যুৎকেন্দ্রে তিনটি বিমান হামলা এবং আল-বায়দা প্রদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কে হামলার খবর জানিয়েছে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল মাসিরাহ।
অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট সানায় হুথি-সংশ্লিষ্ট অস্ত্র উৎপাদন ও সামরিক সরঞ্জাম সংযোজন স্থাপনায় হামলার ভিডিও প্রকাশ করেছে। এর আগে ২৬ নভেম্বর সানা, আল-হুদায়দা ও সা’দা প্রদেশে ৫০টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি করেছিল জোটটি।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের জাজানে আরামকোর তেল শোধনাগারেও হুথিদের হামলার খবর পাওয়া গেছে। ওই ঘটনায় এক নেপালি কর্মী নিহত হন এবং শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।
এদিকে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনাও অব্যাহত রয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোতে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।


