মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার পুলিশ জানায়, গোপন সূত্রে বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশের খবর পান তারা। এরপরই অভিযানে নামে লালগোলা থানার পুলিশ। অভিযান চালিয়ে লালগোলা থানা এলাকার পাহাড়পুর থেকে ৮ জনকে আটক করা হয়। এদের বেশিরভাগই বাংলাদেশের রাজশাহী এলাকার বাসিন্দা।
আটক ব্যক্তিরা হলেন- রাজশাহীর পিয়ারুল ইসলাম (২০), আতিক হোসেন(২২), মোহাম্মদ আল মামুন আলি (১৭), মোহাম্মদ আতিক হাসান (২০), মোহাম্মদ মমিনুল ইসলাম (২৯), মোহাম্মদ আব্দুল হাই (৪২), মোহাম্মদ জসিম (২১) এবং মুন্সীগঞ্জের এনামুল হক (২৩)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, কাজের উদ্দেশ্যে তামিলনাড়ুতে গিয়েছিলেন। তারা সেখানে কাজ শেষ করে বাড়ি ফেরার পথেই পাহাড়পুর এলাকায় পুলিশের হাতে আটক হন।
কীভাবে তারা ভারতে প্রবেশ করেছিলেন এবং তাদের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ। আটক বাংলাদেশিদের লালগোলা থানা থেকে লালগোলার হোল্ডিং সেন্টারে পাঠানো হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলার নিমতা থানা এলাকার ফিঙ্গাপাড়া থেকে অবৈধ অনুপ্রবেশ ও বসবাসের অভিযোগে তিনজন বাংলাদেশী নাগরিক আটক করেছে নিমতা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ভারতের অনুপ্রবেশের পর একটি ভাড়া বাসা নিয়ে এই এলাকায় বসবাস করছিলেন তিন বাংলাদেশি নাগরিক – লিয়াকত আলি মোল্লা, নার্গিস বিবি, হুমায়ুন কবির মোল্লা।
সম্প্রতি এসআইআর-এর পর পুলিশ নিজ নিজ থানা এলাকার ট্রাইব্যুনালে অংশগ্রহণকারী বাসিন্দাদের তথ্য সংগ্রহ করছে। তথ্য সংগ্রহকালে এই তিন বাসিন্দার খোঁজ মেলে বলে জানা যায়। পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদে তারা তাদের বাংলাদেশি পরিচয় স্বীকার করেছেন। তারা খুলনা বিভাগের নাচুনিয়া গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে বাংলাদেশের এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ থেকে বেশ কয়েক বছর আগেই ভারতে এসেছিলেন।
তাদের আটক করার পর শনিবারই বসিরহাটের একটি হোল্ডিং সেন্টারে তাদের প্রেরণ করা হয়। তাদেরও অতি দ্রুত বাংলাদেশে পুশব্যাক করা হবে বলে প্রশাসনের সূত্রে জানানো হয়েছে।


