শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের (রেজি. নং বি-৭৭) চট্টগ্রাম ভ্যালি কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ২২টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রদীপের প্যানেল সর্বোচ্চ ভোট পেয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে পাওয়া ফলাফল অনুযায়ী, প্রদীপের প্যানেল আম প্রতীকে পেয়েছে ৩ হাজার ৫৮৭ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা যতন কর্মকারের প্যানেল টেলিফোন প্রতীকে পেয়েছে ২ হাজার ১৬৮ ভোট। অন্যদিকে যোগেন মান্দ্রাজির প্যানেল তালা-চাবি প্রতীকে পেয়েছে ১ হাজার ৯০৯ ভোট। তিন প্যানেলের মধ্যে প্রদীপের প্যানেল ও যতন কর্মকারের প্যানেলের ভোটের ব্যবধান ১ হাজার ৪১৯।
২৮ নভেম্বর প্রকাশিত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ফলাফলসংক্রান্ত তথ্য অনুযায়ী, ফটিকছড়ির ২২টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ৮ হাজার ৭০২ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৮ হাজার ৩২৮ জন। ভোট পড়ার হার প্রায় ৯৫ দশমিক ৭ শতাংশ।বৈধ ভোট ৭ হাজার ৬৬৪টি, বাতিল হয়েছে ৬৩৯টি এবং হারানো ভোটের সংখ্যা ২৫।
বাগানভিত্তিক ভোটের চিত্র:
কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, উদালিয়া চা-বাগানে আম প্রতীকে সর্বোচ্চ ৯৫৫ ভোট পড়েছে। সেখানে টেলিফোন প্রতীকে কোনো ভোট পড়েনি। তালা-চাবি প্রতীক পেয়েছে ৪ ভোট।
বারমাসিয়া চা-বাগানে আম প্রতীকে ৪৬৬ ভোট পেয়েছে প্রদীপের প্যানেল। অন্যদিকে রামগড় চা-বাগানে টেলিফোন প্রতীকে ৪৪৫ ভোট এবং কর্ণফুলী-ফেনুয়া ডিভিশনে তালা-চাবি প্রতীকে ৫৮১ ভোট পড়েছে।
নেপচুন চা-বাগানে টেলিফোন প্রতীক পেয়েছে ৩২৬ ভোট। রাঙ্গাপানি চা-বাগানে টেলিফোন প্রতীকে ২৪০ ভোটের বিপরীতে আম প্রতীক পেয়েছে ২৩৮ ভোট। এসব ফলাফলে বাগানভেদে শ্রমিকদের ভোটের পছন্দে ভিন্নতাও দেখা গেছে।
পঞ্চায়েত কমিটিতেও প্রতিদ্বন্দ্বিতা:
চট্টগ্রাম ভ্যালি কার্যকরী পরিষদের পাশাপাশি বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কৈয়াছড়া-ডালু চা-বাগানে বিপ্লব বাউরী ২৯০ ভোট, ফেনুয়া ডিভিশনে উত্তম সিং ৩৯৯ ভোট, কুতুবছড়িতে অশীম রায় ১১৭ ভোট এবং লেলাং ডিভিশনে অপু মুণ্ডা ১৮৩ ভোট পেয়েছেন।
টেকবাড়িয়ায় রাজু শুক্লা বৈদ্য ১৯০, কাঞ্চননগরে অবুজ চন্দ্র বাউড়ী ২০৪, নিউ দাঁতমারায় রনি কর্মকার ৮৭ এবং নেপচুন চা-বাগানে মৃদুল কর্মকার ৩৭১ ভোট পেয়েছেন।
এ ছাড়া বারমাসিয়ায় টিটু গোয়ালা ৩৩২, আছিয়ায় মীর হোসেন ১৯৩, হালদা ভ্যালিতে সৎজিত দাশ ১৪৩, রাঙ্গাপানিতে দিলীপ কুমার ত্রিপুরা ৩৬৯, এলাহিনুরে আবদুল ওহাব ১২১ এবং রামগড়ে বিপ্লব মুণ্ডা ৪২৭ ভোট পেয়েছেন।
প্রাপ্ত ফলাফলে দাঁতমারা, পঞ্চবটি, সুজানগর ও উদালিয়া চা-বাগানের পঞ্চায়েত কমিটিতে যথাক্রমে ইমন দাস, প্রকাশ দে, নিবাস কর্মকার ও আবেশ দাশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শ্রমিকদের প্রত্যাশা অধিকার ও জীবনমানের উন্নয়ন:
নির্বাচনে এগিয়ে থাকা বিভিন্ন বাগানের প্রতিনিধিরা জানান, চা-শ্রমিকদের কাছে এ নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দীর্ঘদিনের দাবি আদায়েরও সুযোগ। মজুরি, আবাসন, ভূমির অধিকার, সুপেয় পানি, শিক্ষা ও চিকিৎসাসেবার উন্নয়নে কার্যকর ভূমিকা চান তারা।
বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটি থেকে শুরু করে ভ্যালি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ—প্রতিটি স্তরের নির্বাচিত প্রতিনিধিদের কাছে শ্রমিকদের প্রত্যাশা একটাই, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁরা যেন কার্যকর ভূমিকা রাখেন।
চা বাগানের শ্রমিকদের সাথে সাথে যোগাযোগ করা হলে তারা জানান দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচন চা-শ্রমিকদের সংগঠনে নতুন নেতৃত্ব তৈরির সুযোগ সৃষ্টি করেছে। এখন নির্বাচিত প্রতিনিধিরা শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নে কতটা ভূমিকা রাখতে পারেন, সেটিই দেখার বিষয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।


