রোববার (২০ সেপ্টেম্বর) এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে আগে ব্যাট করে ওপেনার শেফালি ভার্মার অনবদ্য সেঞ্চুরিতে ১৯৫ রানের বড় সংগ্রহ পায় ভারত। বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভার ৪ বলে মাত্র ৮১ রানেই গুটিয়ে গেছে টাইগ্রেসরা। তাতে দেখতে হয়েছে ১১৪ রানের বিশাল হার। এই হারে এশিয়ান গেমস ক্রিকেটে সোনার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশের মেয়েরা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে কারোগি স্পোর্টস পার্ক—১০ দিনের ব্যবধানে দুটি দেশে দুটি ভিন্ন টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসেও হারের একই ধারাবাহিকতা বজায় থাকল নিগার সুলতানা জ্যোতিদের। ভারতের কাছে বড় ব্যবধানে হেরে স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে গেছে লাল-সবুজের মেয়েরা।
ফাইনালে স্বর্ণের লড়াই থেকে ছিটকে গেলেও বাংলাদেশের সামনে এখনো রয়েছে পদক জয়ের সুযোগ। ব্রোঞ্জ নিশ্চিত করার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এর আগে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হেরেছে পাকিস্তান। ফাতিমা সানারা ৪ উইকেটে ১৭৭ রান তোলার পর শ্রীলঙ্কা তা ১৪ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে পেরিয়ে যায়।
আগামী ২২ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে স্বর্ণের লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা। আর একই দিনে ব্রোঞ্জপদক অর্জনের চূড়ান্ত ম্যাচে পাকিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ।


