আজ ৪ নভেম্বর (বুধবার) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন মেলবোর্ন রেনেগেডস। আসন্ন আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে দেখা যাবে মুস্তাফিজকে। দলের নিয়মিত পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় তার বিকল্প হিসেবে ফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাঁহাতি এই পেসারের অন্তর্ভুক্তিতে বোলিং বিভাগ আরও শক্তিশালী হবে বলে আশা করছে দলটি।
টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজের অভিজ্ঞতার ঝুলিও বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৩৩১টি ম্যাচে অংশ নিয়ে তার শিকার ৪২৩ উইকেট। বিশ্বের বিভিন্ন লিগে নিজের কার্যকারিতা প্রমাণ করা এই বোলার এবার অস্ট্রেলিয়ার মাটিতেও নতুন অভিজ্ঞতা অর্জনের অপেক্ষায়।
তবে আইএলটি-২০ টুর্নামেন্টে ব্যস্ততার কারণে পার্থ স্কোর্চার্সের বিপক্ষে রেনেগেডসের প্রথম ম্যাচে পাওয়া যাবে না তাকে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জানুয়ারি এমসিজিতে সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিগ ব্যাশে যাত্রা শুরু হতে পারে তার। এরপর ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষেও খেলার সম্ভাবনা রয়েছে।
নতুন এই অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত মুস্তাফিজ নিজেও। ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে রেনেগেডস জানান, রেনেগেডসের হয়ে বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়ে তিনি রোমাঞ্চিত। বিশেষ করে ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে নিজেদের মাঠ হিসেবে পাওয়ার বিষয়টি তাকে বাড়তি আনন্দ দিচ্ছে। দলের সতীর্থদের সঙ্গে যুক্ত হয়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাফল্য অর্জনে ভূমিকা রাখতে চান তিনি।
এদিকে মুস্তাফিজকে দলে পেয়ে সন্তুষ্ট রেনেগেডসের প্রধান কোচ লুক রঞ্চি। জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েলের মতো আন্তর্জাতিক তারকাদের নিয়ে সাজানো দলে বাংলাদেশি পেসারের অন্তর্ভুক্তিকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন তিনি।
রঞ্চির মতে, “আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজ একজন প্রতিষ্ঠিত পারফর্মার। ইনিংসের শুরুতে পাওয়ারপ্লেতে এবং শেষদিকে ডেথ ওভারে উইকেট নেওয়ার দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। রেনেগেডসের বোলিং বিভাগে যে ধরনের বৈচিত্র্য প্রয়োজন, মুস্তাফিজের উপস্থিতি সেই ঘাটতি পূরণে সহায়ক হবে বলে আমি মনে করি।”
বাংলাদেশি সমর্থকদের জন্য আরও একটি সুখবর রেখেছে মেলবোর্ন রেনেগেডস। মুস্তাফিজের বিগ ব্যাশে যোগদানকে কেন্দ্র করে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হচ্ছে বিশেষ সমর্থক জোন, যার নাম দেওয়া হয়েছে ‘দ্য ফিজ বে’।
আগামী ১ ও ১৬ জানুয়ারি এমসিজিতে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের একত্রিত করতে এই উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। লাল-সবুজের সমর্থকদের সম্মিলিত উপস্থিতিতে গ্যালারিতে বাড়তি উন্মাদনা তৈরিই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
শুধু বিশেষ আয়োজনই নয়, বাংলাদেশি সমর্থকদের জন্য থাকছে টিকিট কেনায় বড় ছাড়ও। ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কিনলে মিলবে ৫০ শতাংশ মূল্যছাড়।
এবারের বিগ ব্যাশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আরও একজন ক্রিকেটার। হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলবেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। ফলে মুস্তাফিজ ও রিশাদকে ঘিরে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ যে বাড়তি মাত্রা পাবে, তা বলাই যায়।


