মাগুরা পৌর এলাকার মোল্লাপাড়ার বালির মাঠ এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু আপন চাচাতো ভাই।
নিহতরা হলো মোল্লাপাড়ার বাসিন্দা অন্তর মোল্যার ছেলে ইছা আলি (৯) এবং ইমন মোল্যার ছেলে মো. হুজাইফা (১০)।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন বাড়ির পাশে দুই শিশু একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির অদূরে বালির মাঠ এলাকার একটি পুকুরে দুই শিশুকে ভাসতে দেখা যায়।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
নিহত হুজাইফার মা শরিফা বেগম জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে দুই শিশুকে একসঙ্গে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাদের ভাসতে দেখা যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হরশিদ বিশ্বাস জানান, দুই শিশুকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে দেখা যায়, তারা আগেই মারা গেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। মরদেহ দুটি মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।


