গাজীপুরের টঙ্গীতে বিএনপির নির্বাচনী সমাবেশে যাওয়ার প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১৮ জন নেতা-কর্মী ও সমর্থক দগ্ধ হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে টঙ্গী সেনাকল্যাণ গার্মেন্টের সামনে একটি ক্লাবঘরে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে টঙ্গী চেরাগআলী এলাকায় গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। ওই সমাবেশে যোগ দেয়ার জন্য স্থানীয় নেতা সুমন সরকারের সমর্থকরা সেনাকল্যাণ মার্কেট এলাকার একটি ক্লাবঘরে জড়ো হয়েছিলেন। সমাবেশের সাজসজ্জার জন্য আগে থেকেই সেখানে প্রচুর পরিমাণে গ্যাস ভর্তি বেলুন মজুত রাখা ছিল।
বিকেল ৪টার দিকে নেতা-কর্মীরা যখন ক্লাবঘর থেকে বেলুনসহ মিছিল নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই ক্লাবঘরের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানে উপস্থিত কর্মী-সমর্থকদের হাত, পা ও মুখ ঝলসে যায়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শরীরের বিভিন্ন অংশ (হাত, পা ও মুখ) উল্লেখযোগ্যভাবে ঝলসে গেছে। আহতদের অধিকাংশের বয়স ২০ বছরের নিচে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
দগ্ধরা জানান, ক্লাবঘরে রাখা বেলুনগুলোর ভেতরে যে দাহ্য গ্যাস ছিল, তা তারা আগে থেকে জানতেন না। সেগুলোকে সাধারণ ডেকোরেশনের বেলুন ভেবে তাড়াহুড়ো করে বের করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।
গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থক মো. রবিউল ইসলাম জানান, সমাবেশের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। আহতদের চিকিৎসার সব ব্যবস্থা নেয়া হচ্ছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবদ্ধ ঘরে অতিরিক্ত গ্যাস বেলুন ঘর্ষণ বা অন্য কোনো দাহ্য উৎস থেকে এই বিস্ফোরণের সূত্রপাত।


