মানবদেহের জন্য ভিটামিন সি অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি। এটি একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গকে ভালো রাখতে কাজ করতে পারে। কোনো কারণে শরীরে ভিটামিন সি’র ঘাটতি হলে একাধিক পরিবর্তন স্পষ্ট হতে শুরু হয়।
ভিটামিন সি-কে শরীরের ‘পাওয়ার হাউস’ বলা হয়। ত্বকের কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বক নিস্তেজ এবং প্রাণহীন হয়ে ওঠা ঠেকাতে ভিটামিন সি-র জুড়ি নেই। সর্দি-কাশি প্রতিরোধ ও রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে ভিটামিন সি প্রয়োজন। কিন্তু আপনি কি জানেন, সি ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়?
চিকিৎসকরা বলছেন, ভিটামিন সি এর অভাবে শরীরে বেশ কিছু সমস্যার লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। হেলথলাইন এর প্রতিবেদন অনুযায়ী এগুলো হলো-
১। দাঁত এবং মাড়ি থেকে রক্তপাত: দাঁতের স্বাস্থ্যের ক্ষেত্রে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরের ভিটামিন সি এর ঘাটতির কারণে কোলাজেনের গঠন দুর্বল হয়, ফলে মাড়ি ফুলে যাওয়া এবং মাড়ি থেকে রক্তপাত হওয়ার মতো ঘটনা ঘটে। তাছাড়া এই ঘাটতি মারাত্মক আকার ধারণ করলে, দাঁত পড়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।
২। ক্লান্তি ও দুর্বলতা: ভিটামিন সি এর অভাবে সবসময় ক্লান্তি বোধ হবে। এর অভাবে দুর্বল অনাক্রমতা এবং রক্তাল্পতাও হতে পারে। তাছাড়া ভিটামিন সি এর অভাবে, কাজ করায় অনীহা, আলস্য এবং খিটখিটে মেজাজ হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।
৩। জয়েন্টের ব্যথা: জয়েন্টের কার্টিলেজ প্রাথমিকভাবে কোলাজেন দিয়েই তৈরি। তাই ভিটামিন সি এর অভাবে, হাড়ের চারপাশের কম প্যাডিং হয়। এর ফলে একটুতেই জয়েন্টে ব্যথা অনুভব হতে পারে। তাছাড়া ভিটামিন সি এর অভাবে জয়েন্ট এবং হাড়ের চারপাশে প্রদাহ ও ফোলাভাবও দেখা দিতে পারে।
৪। শুষ্ক ত্বক: ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন সি এর অভাব, ত্বককে শুষ্ক ও ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে ত্বক নিস্তেজ এবং প্রাণহীন হয়ে ওঠার পাশাপাশি কুঁচকে যায়।
৫। ঘা না শুকানো: ভিটামিন সি কোলাজেন উৎপাদনের উপর সরাসরি প্রভাব ফেলে। তাই শরীরে ভিটামিন সি এর ঘাটতি দেখা দিলে ক্ষত বা ঘা নিরাময় প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির হয়। তাছাড়া ভিটামিন সি এর অভাবে রোগ সংক্রমণের বিস্তারও বৃদ্ধি পেতে পারে।
৬। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা: ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে অত্যন্ত সহায়ক। তাই শরীরে ভিটামিন সি এর অভাব দেখা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এ কারণে বেড়ে যায় ঘন ঘন বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি।
৭। ওজন ও মেদ বৃদ্ধি: আকস্মিক ওজন বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হতে পারে ভিটামিন সি এর অভাব। ভিটামিন সি এর অভাবে ওজন বৃদ্ধি পেতে পারে। ভিটামিন সি এর অভাবে বিশেষ করে পেটে চর্বি জমার প্রবণতা বাড়তে শুরু করে।


