Sunday, November 22, 2026
Sunday, November 22, 2026
28 C
Dhaka
Homeজেলার খবরজঙ্গলে পাওয়া নবজাতককে দত্তক নিতে একদিনেই ১২৩ আবেদন

জঙ্গলে পাওয়া নবজাতককে দত্তক নিতে একদিনেই ১২৩ আবেদন

প্রকাশ: October 25, 2026 6:16

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশের ঝোপঝাড় থেকে উদ্ধার হওয়া এক নবজাতক কন্যা শিশুকে দত্তক নিতে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।শিশুটিকে লালন-পালনের দায়িত্ব নিতে একদিনেই ১২৩টি আবেদন জমা পড়েছে প্রশাসনের কাছে।

শনিবার (২৪ অক্টোবর) রাত পর্যন্ত ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দত্তক নিতে করা আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আবেদনকারীদের পারিবারিক পরিবেশ, আর্থিক সামর্থ্য, শিশুর পরিচর্যার সক্ষমতা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে উপযুক্ত পরিবার নির্বাচনের প্রক্রিয়া চলছে।তবে আবেদন করলেই শিশুটিকে দত্তক নেওয়ার সুযোগ মিলবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও প্রযোজ্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম গণমাধ্যমকে বলেন, শিশুটিকে দত্তক নিতে বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। উপযুক্ত পরিবার নির্বাচনের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং আমতলী এলাকায় সড়কের পাশের ঝোপঝাড় থেকে এই নবজাতকটিকে জীবিত উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন শিশুটিকে ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ফটিকছড়ি থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারের পর তাকে হাসপাতালে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুটির শারীরিক অবস্থা ভালো ছিল। তবে কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে উপযুক্ত পরিবার নির্বাচনের পাশাপাশি তাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়ার ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর