Sunday, November 22, 2026
Sunday, November 22, 2026
28 C
Dhaka
Homeখেলাটি-টোয়েন্টি অভিষেকেই ইতিহাস, ৪ উইকেট শিকার টানা চার বলে 

টি-টোয়েন্টি অভিষেকেই ইতিহাস, ৪ উইকেট শিকার টানা চার বলে 

প্রকাশ: November 22, 2026 2:54

টি-টোয়েন্টি ক্রিকেটে স্বপ্নের মতো অভিষেক হলো রেলওয়েজের ২৩ বছর বয়সী ডানহাতি পেসার জামশেদ আলমের।

সৌরাষ্ট্রের বিপক্ষে সৈয়দ মুশতাক আলী ট্রফির ম্যাচে টানা চার বলে চার উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি। এই কীর্তি গড়া তৃতীয় ভারতীয় বোলার জামশেদ।

শুধু তাই নয়, মাত্র ৯ বলের মধ্যে পাঁচ উইকেট শিকার করেন এই পেসার। ক্রিকেটের পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পুরুষদের টি-টোয়েন্টিতে এর চেয়ে কম বলে পাঁচ উইকেট নেয়ার ঘটনা ঘটেছে মাত্র দুবার। পাশাপাশি পুরুষদের টি-টোয়েন্টি অভিষেকে পাঁচ উইকেট নেয়া ষষ্ঠ ভারতীয় বোলারও হয়েছেন জামশেদ।

ইন্দোরে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে ব্যাট করে রেলওয়েজ ৫ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্রের ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে নেন জামশেদ। নিজের প্রথম ওভারেই হারভিক দেশাই, প্রেরক মানকদ, রুচিত আহির ও সাম্মার গজ্জরকে ফিরিয়ে টানা চার বলে চার উইকেট তুলে নেন তিনি।

এরপর নিজের পরের ওভারে সিদ্ধার্থ রানাকে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট। ততক্ষণে মাত্র ৩০ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল সৌরাষ্ট্র।

জামশেদের শিকারের তালিকায় দেশাই ক্যাচ দেন জুবায়ের আলীর হাতে। মানকদকে বোল্ড করেন তিনি। গজ্জর ও রানাকে ফেরান এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে। আর আহিরের ক্যাচ নেন উইকেটরক্ষক।

শেষ পর্যন্ত সৌরাষ্ট্র ৮ উইকেটে ১৫৩ রান তুলতে সক্ষম হয়। ফলে ২৯ রানের জয় পায় রেলওয়েজ। জামশেদ ৫ উইকেট নিতে খরচ করেন ৩৮ রান। যদিও নিজের শেষ ওভারে ১৭ রান দেন তিনি।

এর আগে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নেয়ার কীর্তি গড়েছিলেন কর্ণাটকের অভিমন্যু মিথুন ও বিদর্ভের দর্শন নালকান্ডে। ২০১৯ সালের নভেম্বরে হরিয়ানার বিপক্ষে ইনিংসের শেষ ওভারে চার উইকেট নিয়েছিলেন মিথুন। একই কীর্তির পুনরাবৃত্তি করেন নালকান্ডে, ২০২১ সালের নভেম্বরে কর্ণাটকের বিপক্ষে।

ভারতের বাইরে পুরুষদের টি-টোয়েন্টিতে জামশেদের চেয়ে কম বলে পাঁচ উইকেট নেয়ার নজির রয়েছে আরও দুজনের। ২০২৫ সালে কম্বোডিয়ার বিপক্ষে মাত্র ছয় বলে পাঁচ উইকেট নিয়েছিলেন ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ানদানা। একই বছর এস্তোনিয়ার বিপক্ষে আট বলে পাঁচ উইকেট শিকার করেন ফিনল্যান্ডের মাহেশ তাম্বে।

অন্যদিকে, টি-টোয়েন্টি অভিষেকেই টানা চার বলে চার উইকেট নেয়ার কীর্তি বিশ্ব ক্রিকেটে এর আগে গড়েছিলেন শুধু আফাক আফ্রিদি। ২০২৪ সালের ডিসেম্বরে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপে এই কীর্তি গড়েন তিনি।

জামশেদ আলম এর আগে উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে মিরাট ম্যাভেরিকসের হয়ে খেলেছেন। রেলওয়েজের হয়ে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের সিকে নাইডু ট্রফিতেও অংশ নিয়েছেন তিনি। এ ছাড়া চলতি বছরের শুরুতে মুম্বাই টি-টোয়েন্টি লিগে আকাশ টাইগার্স এমডব্লিউএসের হয়ে মাঠে নেমেছিলেন এই তরুণ পেসার।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর