বাংলাদেশি সিনেমার জন্য গর্বের এক নতুন অধ্যায় রচিত হলো টারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) ২০২৬–এ।
উৎসবের মর্যাদাপূর্ণ ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’ বিভাগে সেরা পুরস্কার বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’। উৎসব কর্তৃপক্ষ জানায়, বিগ স্ক্রিন কম্পিটিশনে নির্বাচিত ১২টি সিনেমার মধ্যে বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে বিজয়ী হয়েছে ‘মাস্টার’। এই স্বীকৃতির সঙ্গে সিনেমাটি পেয়েছে ১৫ হাজার ইউরো প্রাইজমানি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২১ লাখ টাকা।
এতেই থেমে থাকেনি সাফল্য। সিনেমাটি ডাচ ডিস্ট্রিবিউশন স্বত্ব পাওয়া পরিবেশককেও উৎসবের পক্ষ থেকে দেয়া হচ্ছে আরও ১৫ হাজার ইউরো সহায়তা। ফলে ইউরোপীয় বাজারে ‘মাস্টার’-এর যাত্রা যে আরও শক্ত ভিত পেতে যাচ্ছে, তা বলাই যায়। বিচারকদের ভাষ্য অনুযায়ী, ‘মাস্টার’ মূলত এক মানুষের নৈতিক কম্পাস ধরে রাখার লড়াইয়ের সার্বজনীন গল্প। ক্ষমতা ও পুঁজিবাদের মোহ কীভাবে ধীরে ধীরে একজন আদর্শবাদী মানুষকে বদলে দেয়, সিনেমাটিতে এটি তুলে ধরা হয়েছে অত্যন্ত সূক্ষ্ম, বহুস্তরীয় ভঙ্গিতে। রঙিন ভিজ্যুয়াল, বাস্তবধর্মী লোকেশন ও প্রাণবন্ত পার্শ্ব চরিত্রের ভিড়ে প্রধান চরিত্রের নৈতিক দ্বন্দ্বকে অসাধারণ অভিনয়ে ফুটিয়ে তুলেছেন প্রধান অভিনেতা।
মর্যাদাপূর্ণ ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’ বিভাগে সেরা পুরস্কার বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’। ছবি: সংগৃহীত
বিগ স্ক্রিন কম্পিটিশনের জুরি বোর্ডে ছিলেন জান-উইলেম ভ্যান আইক, সারা ইশাক, লুস লুকা, ক্রিস উস্টেরম ও মিলা শ্লিংগেম্যান। এর আগে ২ ফেব্রুয়ারি রটারড্যামে ‘মাস্টার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানেই আন্তর্জাতিক দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায় সিনেমাটি। প্রিমিয়ারের আগেই যুক্তরাজ্যভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান কোয়ানন ফিল্মস নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হওয়ায় ছবিটি ঘিরে তৈরি হয় বাড়তি আগ্রহ। প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন চার্লি চ্যাপলিনের নাতনি কারমেন চ্যাপলিন ও প্রযোজক আশিম ভাল্লা।
পুরস্কার হাতে নিয়ে সিনেমার তিন শিল্পী জাকিয়া বারী মম, নাসিরউদ্দিন খান ও আজমেরী হক বাঁধন। ছবি: আজমেরী হক বাঁধনের ফেসবুক
একটি ছোট বনঘেরা শহরের প্রেক্ষাপটে নির্মিত ‘মাস্টার’-এর গল্প আবর্তিত হয়েছে একজন আদর্শবাদী উচ্চবিদ্যালয়ের ইতিহাস শিক্ষককে ঘিরে। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর ক্ষমতার চাপে ধীরে ধীরে বদলে যেতে থাকা এই মানুষের ন্যায়বোধ ও কর্তৃত্ববাদী রূপান্তরই সিনেমার মূল দ্বন্দ্ব। এই সিনেমায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু ও শরীফ সিরাজ। চিত্রনাট্য সহ-রচনা, পরিচালনা ও প্রযোজনায় ছিলেন রেজওয়ান শাহরিয়ার সুমিত নিজেই।


