পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী ভানিজা সাত্তার। বারবার এমন জল্পনা ছড়ানোয় হতাশা জানিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, তারকাদের নিয়ে যাচাই না করা তথ্য কেন বারবার ছড়িয়ে দেওয়া হয়?
‘কুচ আনকাহি’ ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত পাওয়া ভানিজা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ওহ মাই গড! আবারও!’
জনপ্রিয় ব্যক্তিদের নিয়ে চটকদার ও ভিত্তিহীন দাবি ছড়িয়ে দেওয়ার প্রবণতারও সমালোচনা করেছেন এই অভিনেত্রী। তাঁর মতে, কিছু ব্যবহারকারী কেবল মানুষের মনোযোগ আকর্ষণ, ভিউ বাড়ানো এবং অনলাইনে আলোচনার মাত্রা বাড়ানোর জন্য এসব গুঞ্জন ছড়ান। অথচ জনসমক্ষে আলোচনার যোগ্য অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় থাকলেও সেগুলোর পরিবর্তে মনগড়া গল্পগুলো বেশি গুরুত্ব পায়, সেই প্রশ্নও তোলেন তিনি
শোয়েব মালিকের সঙ্গে নিজের নাম জড়িয়ে গুঞ্জন ছড়ানোর ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। সে সময় তিনি স্পষ্ট জানিয়েছিলেন, সাবেক এই ক্রিকেটারের সঙ্গে তাঁর কখনো সরাসরি দেখাই হয়নি। এমন পরিস্থিতিতে তাদের নিয়ে গুঞ্জন কীভাবে শুরু হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
প্রথম দিকে বিষয়টিকে নিছক রসিকতা বলে মনে হলেও একপর্যায়ে তা ভানিজার জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তিনি জানান, এই গুঞ্জনটি এক পর্যায়ে তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলতে শুরু করে। খবরটির সত্যতা জানতে তার বন্ধু ও আত্মীয়স্বজন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে জানতে চান, শোয়েব মালিকের সঙ্গে তার বিয়ের খবরটি সত্য কি না।
জনপ্রিয় ব্যক্তিদের নিয়ে কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আগে তা যাচাই করার আহ্বান জানিয়েছেন ভানিজা। একই সঙ্গে তারকাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। অনলাইনে জনপ্রিয়তা পাওয়ার আশায় ভিত্তিহীন জল্পনাকে ভাইরাল ঘটনায় পরিণত করার প্রবণতা থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।
সূত্র: ডেইলি পাকিস্তান


