সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬
28 C
Dhaka

শাওয়ালের চাঁদ দেখা গেছে,রাত পোহালেই ঈদ

0
দেশের আকাশে দেখা গেছে পবিত্র ঈদের চাঁদ
দেশের আকাশে দেখা গেছে পবিত্র ঈদের চাঁদ

আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন করে এখন জামাতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করছেন।

বরাবরের মত এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের পাঁচটি জামাত।

প্রধানমন্ত্রী তারেক রহমান, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ ঈদগাহের প্রধান জামাতে অংশ নেবেন।

প্রধান ঈদ জামাতের জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ। সেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

তবে আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাহের জামাত না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

সিডনির মসজিদে তোপের মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

0

অস্ট্রেলিয়ায় আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সিডনির অন্যতম বৃহত্তম লাকেম্বা মসজিদে ঈদের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নজিরবিহীন পরিস্থিতির মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদে উপস্থিত মুসল্লিদের তীব্র ক্ষোভ ও ‘ভু’ ধ্বনির মুখে তাকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সকালে সিডনির লাকেম্বা মসজিদে মুসলিম কমিউনিটি নেতাদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী অ্যালবানিজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানের শুরুতে মসজিদের একজন নেতা যখন সরকারের পক্ষ থেকে মুসলিম অস্ট্রেলীয়দের সঙ্গে আরও জোরালো যোগাযোগের আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন, তখনই উত্তেজনার সৃষ্টি হয়। উপস্থিত মুসল্লিদের একটি বড় অংশ এই দুই নেতাকে ‘গণহত্যার সমর্থক’ বলে অভিযুক্ত করেন এবং চিৎকার করে তাদের মসজিদ থেকে বেরিয়ে যেতে বলেন।

গাজায় চলমান ইসরায়েলি হামলা এবং লেবাননের ধ্বংসযজ্ঞ নিয়ে অস্ট্রেলীয় সরকারের বিতর্কিত ভূমিকা নিয়ে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের গভীর ক্ষোভ বিরাজ করছে। এছাড়া অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া বা ইসলামবিদ্বেষ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়েও সাধারণ মানুষ ক্ষুব্ধ।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী ভিড়ের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়ার সময়ও অনেকে চিৎকার করে বলছিলেন, ‘সে এখানে কেন? তাকে এখান থেকে বের করো! এটি একটি লজ্জা।’

নিউজ এজেন্সি ‘অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস’-এর তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে চিৎকার করা এক ব্যক্তিকে পুলিশ মসজিদ থেকে সরিয়ে দিলেও পরে কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত এলাকা ত্যাগ করেন।

পরে অ্যালবানিজ গণমাধ্যমকে জানান, মসজিদে উপস্থিত ৩০ হাজারেরও বেশি মানুষের অধিকাংশ তাকে স্বাগত জানিয়েছেন এবং গুটিকয়েক মানুষের আচরণে তিনি বিচলিত নন।

ঘটনার পরপরই লাকেম্বা মসজিদ পরিচালনাকারী সংস্থা ‘লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশন’ (এলএমএ) এক বিবৃতিতে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। বিবৃতিতে বলা হয়, অ্যালবানিজকে নামাজের অনুষ্ঠানে স্বাগত জানানো হয়েছে এবং তারা তাদের দরজা সবার জন্য ‘উন্মুক্ত রাখা অব্যাহত’ রাখবে।

তবে সংস্থাটি স্বীকার করেছে, গাজা ও লেবাননের পরিস্থিতির কারণে মানুষের আবেগ এখন তুঙ্গে, যা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়।

বিবৃতিতে আরও বলা হয়, “দেশের নির্বাচিত নেতৃত্বের সঙ্গে যুক্ত হওয়া মানে আমাদের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা নয়, বরং এভাবেই আমরা তাদের কাছে সরাসরি আমাদের দাবি ও উদ্বেগের কথা পৌঁছে দিতে পারি।”

ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৭

0

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ক্লাবের বাজার এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি একই লেনে থাকা একটি অটোরিকশা ও ইজিবাইকের উপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক মহিলাসহ দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভালুকা ফায়ার সার্ভিস ও পুলিশ।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। ঘটনাস্থলেই একজন নারী নিহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও একজন পুরুষ নিহত হয়েছে, তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে। তবে ঘটনার পর বাসচালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

স্মারকমুদ্রায় ট্রাম্পের মুখের প্রতিকৃতিসহ স্বর্ণমুদ্রার অনুমোদন

0

বৃহস্পতিবার (১৯ মার্চ) কমিটির সদস্যরা জানান, তারা ট্রাম্পের জন্য সবচেয়ে বড় মুদ্রা চাইছেন। অনুমোদনের পর এখন মার্কিন মিন্ট মুদ্রার চূড়ান্ত ডিজাইন নির্ধারণ করবে যা ট্রাম্প আগেই মেনে নিয়েছেন।

মুদ্রাটিতে একটি দৃঢ় দৃষ্টির ট্রাম্পকে ডেস্কের ওপর ঝুঁকে সামনে তাকিয়ে থাকা অবস্থায় দেখানো হবে। নকশাটি ওয়াশিংটনের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির একটি ছবির ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বক্তব্য অনুযায়ী, ২৫০তম বার্ষিকীর স্মৃতিতে দেশটিকে প্রতিনিধিত্ব করার জন্য ট্রাম্পের প্রতিকৃতি সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তকে কয়েকজন ডেমোক্র্যাট এবং আরেকটি আর্টস কমিটি সমালোচনা করেছে।

ডেমোক্র্যাটিক সিনেটর একটি বিবৃতিতে বলেছেন, রাজা বা স্বৈরশাসকরা তাদের মুখ মুদ্রায় রাখে, গণতন্ত্রের নেতা নয়। নিজের ছবি মুদ্রায় রাখার এই পদক্ষেপ ২৫০তম বার্ষিকীর মূল উদ্দেশ্যকে বদলে দিচ্ছে।

তবে এর আগে ১৯২৬ সালে দেশ স্বাধীনতার ১৫০ বছর পূর্তিতে একটি স্মারক মুদ্রায় রিপাবলিকান প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি ছিল, যদিও সেই মুদ্রায় জর্জ ওয়াশিংটনের ছবি প্রধান করে দেখানো হয়েছিল।

বিশ্লেষকের মতে, বর্তমান অঙ্কনটি আলাদা কারণ এতে শুধু ট্রাম্পকে দেখানো হবে এবং মুদ্রার আকারও বড় রাখা হচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা হয়েছিল ১৭৭৬ সালে। ২০২৬ সালে দেশটি ২৫০ বছর পূর্ণ করবে। স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্মারক সভা, অনুষ্ঠান ও প্রকাশনা পরিকল্পনা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

ভিয়েতনাম ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

0

ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আজ রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর আগ মুহূর্তে দলে ছিট গেছেন সোহেল রানা। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পরিকল্পনায় ছিলেন এই তারকা ফুটবলার।

তবে গতকাল অনুশীলনে ব্যথা পাওয়ায় দলের সঙ্গে যেতে পারছেন না শেষ পর্যন্ত তিনি। এদিকে ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইসহাক আকন্দ বাদ পড়বেন অনুমেয়ই ছিল।

গত ১৬ মার্চ ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে ক্যাম্প শুরু করেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দুই দিন অনুশীলনের পর আজ সকালে ২২ জনের স্কোয়াড চূড়ান্ত করতে তিনি ছয় ফুটবলারকে বাদ দিয়েছেন।

এক সময় হ্যাভিয়ের ক্যাবরেরার অন্যতম ভরসার জায়গায় ছিলেন ডিফেন্ডার ইসা ফয়সাল। সাম্প্রতিক সময়ে তিনি দলে ডাক পান না। আবার ডাক পেলেও চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেন না ইসা।

এবার ভিয়েতনাম ও সিঙ্গাপুর সফরের দলেও জায়গা চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছেন। ইসার পাশাপাশি শাকিল হোসেন ও রফিকও বাদ পড়েছেন স্কোয়াড থেকে।

ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। বিগত অনেক সময় ক্যাবরেরা ২৩ জনের বেশি ফুটবলার নিয়ে বিদেশ সফর করেছেন। এবার তিনি ঢাকা থেকে ২২ জন নিয়ে যাচ্ছেন। হামজা চৌধুরী আগামী পরশু (রোববার) ভিয়েতনামে যোগ দেবেন।

পবিত্র জুমাতুল বিদা: বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

0

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টা থেকেই বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের প্রবেশ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের আনাগোনা। তাদের অনেকেই দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন জাতীয় মসজিদে রমজানের শেষ জুমার নামাজ আদায় করতে।

দুপুর ১টার আগেই মসজিদের ভেতরের মূল অংশ মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। আজানের পর মসজিদের নিচতলার অংশটিও ভরে ওঠে। তবে বৃষ্টির কারণে অন্যান্য বছরের তুলনায় এবার মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম লক্ষ করা গেছে। বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেকের ইমামতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে বিশেষ মোনাজাতে আখিরাতের মুক্তি এবং দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এসময় অনেককে নিজের পরিবার ও প্রয়াত আত্মীয়স্বজনের আত্মার মাগফিরাত কামনায় দান-খয়রাত করতেও দেখা গেছে।

মুসলিম উম্মাহর কাছে মাহে রমজানের প্রতিটি দিনই পবিত্র ও মহিমামণ্ডিত। জুমার দিনটি সাপ্তাহিক ইবাদতের দিন এবং ‘গরিবের ঈদ’ হিসেবে গণ্য হওয়ায় এর ফজিলত অনেক। আর সেই দিনটি যখন রমজানের শেষ দশকে তথা জুমাতুল বিদা হয়, তখন তা প্রতিটি রোজাদারের কাছে বিশেষভাবে সম্মানিত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

ঈদ কবে, জানা যাবে সন্ধ্যায়

0

পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা নিশ্চিত হওয়া যাবে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায়। ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং ঈদের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সন্ধ্যা ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এই সভায় সভাপতিত্ব করবেন বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিয়ম অনুযায়ী, আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে আজ চাঁদ দেখা না গেলে আগামীকাল রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ উদযাপিত হবে শনিবার। দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত টেলিফোন নম্বরে (০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭) অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে ঈদের প্রধান জামাত নিয়ে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। প্রায় ৩৫ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন এই মাঠে ২৫০ জন অতি গুরুত্বপূর্ণ পুরুষ ও ৮০ জন নারীর জন্য বিশেষ নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

তবে বৃষ্টির কারণে আবহাওয়া প্রতিকূল থাকলে জামাতের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন।

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায়ের বিষয়ে সম্মতি দিয়েছেন। রাষ্ট্রপতিও বরাবরের মতো এখানে ঈদের নামাজ আদায় করবেন। ফলে এবার একসঙ্গে দুই ভিভিআইপিকে নামাজ আদায় করতে দেখা যাবে।

প্রতিমন্ত্রী জানান, জাতীয় ঈদগাহে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হচ্ছে। ঈদগাহের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আবহাওয়ার কারণে ঈদগাহ ময়দান নামাজ আদায়ের অবস্থায় না থাকলে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

ইরানের ওপর বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে: সৌদির পররাষ্ট্রমন্ত্রী

0

ইরানের ওপর থেকে বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ। একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সৌদির মন্ত্রী।

এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।এ সময় প্রিন্স ফয়সাল বলেন, ইরানের প্রতি আমাদের অল্প যে বিশ্বাস ছিল সেটি পুরোপুরি ভেঙে গেছে। প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলা ছিল মধ্যযুগীয় কাজ। আর আমরা এখন যা দেখছি, এটি নিশ্চিত করছে, তাদের কাজকর্ম মধ্যযুগীয়।

আমি আশা করব আজকের বৈঠক থেকে যে বার্তা দেওয়া হয়েছে ইরান তা বুঝবে। তারা কি করছে দ্রুত তার পুনরায় বিবেচনা করবে এবং প্রতিবেশীদের ওপর হামলা বন্ধ করে দেবে।

ইরানের আগ্রাসনের প্রতি আমাদের ধৈয্যরও সীমা আছে। যোগ করেন প্রিন্স ফয়সাল।

সূত্র: আলজাজিরা

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত এখনও শেষ হয়নি উদ্ধার কাজ, বিকল্প ট্রেনে যাতায়াত

0

বৃহস্পতিবার (১৯ মার্চ) পুরো পথ সচল হতে আরও অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বগুড়া রেলওয়ে স্টেশনের মাস্টার সাজেদুর রহমান বলেন, এখনও বেশ কয়েকটি বগি সরানোর কাজ চলছে। বগিগুলো উদ্ধার করার পর ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করতে হবে। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুত কাজ শেষ করার।

এদিকে ঈদে ঘরমুখী যাত্রীদের চরম ভোগান্তি কমাতে বিকল্প হিসেবে ট্রান্সশিপমেন্ট বা ট্রেন পরিবর্তনের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম জানিয়েছেন, লাইন পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত যাত্রীরা দুর্ঘটনাস্থলের দুই পাশে থাকা ট্রেন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাবেন।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, পঞ্চগড় ও একতা এক্সপ্রেস, দ্রুতযান, সীমান্ত ও রূপসা এবং তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেসের যাত্রীরা ট্রেন বদল করে যাতায়াত করছেন। অর্থাৎ, ঢাকা থেকে আসা যাত্রী এবং উত্তরবঙ্গ থেকে আসা যাত্রীরা দুর্ঘটনাস্থলের দুই প্রান্তে নেমে হেঁটে এলাকা পার হচ্ছেন এবং অপর পাশের ট্রেনে উঠে গন্তব্যে রওনা দিচ্ছেন।

তবে এই দুর্ঘটনায় বড় ধরনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আজ ও কালকের জন্য ৮০৪ নম্বর বাংলাবান্ধা এক্সপ্রেসের (আক্কেলপুর-রাজশাহী ও পঞ্চগড়-রাজশাহী) যাত্রা বাতিল করা হয়েছে। ৭৯৭ নম্বর কুড়িগ্রাম এক্সপ্রেসটি বিকল্প পথে বগুড়া হয়ে চলাচলের কথা রয়েছে।

সান্তাহার ও বগুড়াসহ আশপাশের স্টেশনগুলোতে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। অনেকেই মালামাল নিয়ে এক ট্রেন থেকে নেমে অন্য ট্রেনে যাওয়ার পথে বিপাকে পড়ছেন।

এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, ট্রান্সশিপমেন্ট পদ্ধতিতে ওই এলাকায় যাত্রী পারাপার করা হচ্ছে। কোন যাত্রী ঢাকা বা অন্য কোন এলাকায় থেকে আসলে তাদেরকে সান্তাহার জংশন স্টেশনে নেমে নিজস্ব ভাবে পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবার ছাতিয়ানগ্রামে আসতে হচ্ছে। সেখানে থাকা ট্রেনে চড়ে আবারও তারা নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছে। একইভাবে এপাশ থেকে কোন যাত্রী ট্রেনে গেলে ছাতিয়ানগ্রাম নেমে আবার সান্তাহার গিয়ে ট্রেনে চড়ছেন।