সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬
26 C
Dhaka

ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস

0

বুধবার (১৮ মার্চ) সকালে দেওয়া ১২০ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

১৯ মার্চ: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

২০ মার্চ: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশালের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে; সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।

২১ মার্চ: দেশের বৃহত্তর অংশে বজ্রসহ বৃষ্টি ও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।

২২ মার্চ: রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু’এক জায়গায় অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে; সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের মতে, দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে, তাই সবাই সচেতন ও সতর্ক থাকতে হবে।

 

ঈদযাত্রা: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

0

বুধবার (১৮ মার্চ) ভোর ৪টার দিকে এই মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ছিল যানবাহনের দীর্ঘসারি। বিকল্প সড়ক না থাকায় দীর্ঘ সময় থেমে থাকে যানবাহন। কোথাও কোথাও পুলিশি তৎপরতায় থেমে থেমে যানবাহন চলতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (১৭ মার্চ) থেকে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ছুটি শুরু হয়েছে। ধাপে ধাপে এই ছুটি বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। বিভিন্ন পোশাক কারখানা ১০ থেকে ১২ দিন পর্যন্ত ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। লম্বা ছুটি পাওয়ায় গ্রামের বাড়িতে ছুটছেন পোশাককর্মীরা।

ঘরমুখী মানুষের ভিড়ে বুধবার ভোরেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা অংশে যানজট লেগেছিল। চন্দ্রা মোড় থেকে গাজীপুরের মৌচাক পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে ছিল যানবাহনের দীর্ঘসারি। তবে নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত সড়কটিতে কোনো যানজট ছিল না।

জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকা থেকে চন্দ্রা মোড় পর্যন্ত ছাড়িয়েছে যানজট। দীর্ঘ সময় পর পর একটু একটু করে এগোচ্ছে যানবাহন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও চন্দ্রা টার্মিনাল এলাকায় যানবাহনের যত্রতত্র দাঁড়িয়ে থাকা ও সড়কের ওপর আড়াআড়ি থামিয়ে যাত্রী তোলায় জটলা বাঁধছে। এতে ধীরে ধীরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির যাত্রীরা ভোগান্তির শিকার হন।

শ্যামলী পরিবহনের চালক জানান, গাজীপুর চৌরাস্তা থেকে মৌচাক পর্যন্ত যানজট ছাড়াই আসতে পেরেছি। তার পর থেকে শুরু হয়েছে যানজট। এক ঘণ্টায় মাত্র তিন কিলোমিটার সড়ক পার হতে পেরেছি।

পরিবহন শ্রমিক বাচ্চু মিয়া জানান, চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় কিছু লোকাল পরিবহন জটলা বাঁধিয়ে রাখায় মহাসড়কে যানজট সৃষ্টি হচ্ছে।

গাজীপুর থেকে রংপুরগামী এক বাসের যাত্রী মোবাইল ফোনে জানান, ভোগড়ার পেয়ারা বাগান থেকে রাত আড়াইটায় বাসে উঠেছেন তিনি। দেড় ঘণ্টায় চন্দ্রা পর্যন্ত এসেছেন। পুরো রাস্তা ফাঁকা থাকলেও চন্দ্রাতেই যানজট লেগে আছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম বলেন, দিনে চাপ তেমন একটা ছিল না। কিছু শিল্প কারখানা বিকেলে বন্ধ হওয়ায় রাতে যাত্রীদের ভিড় বেড়েছে। এ ছাড়া উত্তরাঞ্চলে প্রবেশের প্রধান সড়ক চন্দ্রা হওয়ায় ঢাকার যানবাহনগুলোও এ পথেই প্রবেশ করছে। এতে কিছুটা যানজট রয়েছে। তবে রাত্রীকালীন টহলে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।

ওসি সাউগাতুল আলম আরও জানান, ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা ও মহানগর ট্রাফিক পুলিশ অবিরামভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

বগুড়ায় চলন্ত মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

0

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের সোনকা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রংপুর কাউনিয়ার যাচ্ছিল হাইস মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো- চ ১৯-৩০৪১)। সোনকা এলাকায় পৌঁছালে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলে মাইক্রোবাসটি রোডের মাঝখানের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আহতদের মধ্যে রয়েছেন: মোছা ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রইছ উদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশে ঈদ কবে?

0

শেষ হয়ে আসছে পবিত্র রমজান মাস, পুরো মুসলিম উম্মাহ ব্যস্ত ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নিয়ে। সবার মাঝে ঈদের চাঁদ দেখার অধীর আগ্রহ।

মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের দেশগুলোতে শুক্রবার (২০ মার্চ) ঈদ হওয়ার সম্ভাবনা থাকলেও, বাংলাদেশে এটি সাধারণত এক দিন পরে উদযাপিত হয়। সেই হিসেবে বাংলাদেশে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপনের সম্ভাবনা বেশি।

জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের ২৯তম দিনে বৈঠক করবে। সেইদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কমিটি চাঁদ দেখা গেলে ঈদ শুক্রবার (২০ মার্চ) হবে, চাঁদ না দেখা গেলে রমজান ৩০ দিন পূর্ণ হয়ে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার (১৮ মার্চ ) বৈঠক করবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হিজরি শাওয়াল মাসের শুরু ও ঈদের দিন চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

এবারের রমজান মাস ৩০ দিনের হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। তিনি বলেছেন, আরব দেশগুলোতে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যাবে না, তাই বাংলাদেশে শুক্রবার (২০ মার্চ) শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা প্রবল।

ইসলামিক বর্ষপঞ্জি অনুযায়ী প্রতি মাস ২৯ বা ৩০ দিনের হয়, যার ভিত্তি চাঁদের অবস্থানের ওপর নির্ভর করে। ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ঈদ প্রায় ১০ দিন করে এগিয়ে আসে।

সুতরাং, বাংলাদেশে চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখার ওপর নির্ভর করবে, তবে চলমান আভাস অনুযায়ী ঈদুল ফিতর হতে পারে ২০ বা ২১ মার্চ।

সবচেয়ে বড় ফুটবল ট্রেনিং সেশন করে বিশ্বরেকর্ড গড়ল মেক্সিকো

0

ফুটবল বিশ্বকাপ শুরুর আগে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রশিক্ষণ সেশন আয়োজন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান করে নিয়েছে মেক্সিকো। রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক জোকালো স্কয়ারে প্রায় ৯,৫০০ মানুষ অংশ নেন এক গণফুটবল প্রশিক্ষণে।

আগের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের সিয়াটল-এ, যেখানে ১,০৩৮ জন অংশগ্রহণ করেছিলেন। এবার মেক্সিকো এই রেকর্ড ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করল। অংশগ্রহণকারীরা টানা ৩৫ মিনিট সমন্বিত অনুশীলনে অংশ নেন।

অনুষ্ঠানটি শুরুতে সাধারণ প্রশিক্ষণ সেশনের পরিকল্পনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি রেকর্ড গড়ার আয়োজন হিসেবে রূপ নেয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পেশাদার প্রশিক্ষকরা এবং এতে উপস্থিত ছিলেন মেক্সিকো সিটির প্রধান।

মেক্সিকোতে ২০২৬ বিশ্বকাপে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে উদ্বোধনী ম্যাচও মেক্সিকো সিটিতেই হবে।

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

0

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। এ সময় আহত আরও একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। আজ সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পদ্মা সেতু হয়ে ঈদযাত্রায় নেই যানজট, বাড়তি ভাড়ার অভিযোগ

0

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই ঢাকা-মাওয়া মহাসড়কে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ থাকলেও কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। পদ্মা সেতুর টোল প্লাজায় বড় যানবাহনের জন্য সাতটি এবং মোটরসাইকেলের জন্য তিনটি আলাদা টোল কাউন্টার চালু থাকায় দ্রুত সময়ের মধ্যে টোল আদায় সম্পন্ন হচ্ছে। ফলে টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি ছাড়াই চালকেরা সেতু পার হতে পারছেন। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই এবারের ঈদযাত্রা সম্পন্ন করতে পেরে সাধারণ যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।

অনেক যাত্রী জানান, ঈদুল ফিতরের সুযোগ নিয়ে বিভিন্ন পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। মহাসড়ক যানজটমুক্ত থাকলেও ভাড়ার ক্ষেত্রে এমন নৈরাজ্য তাদের ঈদ আনন্দ কিছুটা ম্লান করছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জেলা পুলিশের প্রায় পাঁচশ সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

0

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ উদযাপিত হতে পারে বলে জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, এ বছর আরব বিশ্বে পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী শাওয়াল মাসের প্রথম দিন ২০ মার্চ হতে পারে।তিনি বলেন, রমজানের ২৯তম দিনে আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই। ফলে অধিকাংশ আরব দেশে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং তার পরদিনই ঈদ উদযাপিত হতে পারে।

এদিকে শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রও একই ধরনের পূর্বাভাস দিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৭ সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ১৮ মার্চ রমজানের ২৯তম দিনে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাওয়ায় সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে ১৯ মার্চ রমজানের ৩০তম দিন পূর্ণ হবে।

পর্যবেক্ষণ অনুযায়ী, ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ ঘটলেও সূর্যাস্তের সময় চাঁদের বয়স ও অবস্থান এমন থাকবে, যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব। এমনকি টেলিস্কোপ ব্যবহার করেও চাঁদ দেখা কঠিন হতে পারে।

তবে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে চাঁদের ছবি ধারণের সম্ভাবনা থাকলেও তা সাধারণ পর্যবেক্ষণে দৃশ্যমান হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসব হিসাব-নিকাশের ভিত্তিতে ২০ মার্চ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ বেড়েছে, থেমে থেমে চলছে গাড়ি

0

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে চন্দ্রা এলাকা জুড়ে দেখা যায়, অনেক যাত্রী গণপরিবহন না পেয়ে খোলা ট্রাক ও পিকআপে করে যাচ্ছেন। কেউ কেউ বাসের ছাদে করেও বাড়ির পথে রওনা হয়েছেন। তবে যানজট সৃষ্টি না হলেও যানবাহনের ধীরগতির কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে।জানা গেছে, সরকারের নির্দেশনায় দুই ধাপে শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। যার ফলে মঙ্গলবার সকাল থেকে অধিকাংশ শিল্প-কারখানার শ্রমিকরা প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছে। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা জুড়ে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহনের রয়েছে দীর্ঘ লাইন। থেমে থেমে চলছে গণপরিবহন।

এদিকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ফলে মোটরসাইকেল ট্রাক ও পিকআপে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে তারা।

একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণ ভাড়ার চেয়ে এবার ঈদে তাদের দ্বিগুণ ভাড়া দিতে হয়েছে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের চোখের সামনেই ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে।

মহাসড়কে টহলরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, ভাড়া বেশি নেওয়া হচ্ছে এরকম নির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চন্দ্রা এলাকা জুড়ে ৬ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ওসি সওগাতুল আলম।

ভারতের গোয়েন্দা সংস্থা ‌র–এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

0

ধর্মীয় স্বাধীনতার চরম অবনতির অভিযোগে ভারতকে ‘বিশেষ উদ্বেগপূর্ণ দেশ’ হিসেবে ঘোষণা করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন সংস্থা। একইসঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এবং কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)–এর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানিয়েছে তারা।যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ) চলতি মাসের শুরুতে প্রকাশিত তাদের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এসব সুপারিশ করেছে। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে।

মার্কিন সংস্থাটির অভিযোগ, সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় এবং তাদের উপাসনালয়কে লক্ষ্য করে নতুন আইন প্রণয়ন ও প্রয়োগ করেছে ভারত সরকার।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিভিন্ন রাজ্যে ধর্মান্তরবিরোধী আইন আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে দীর্ঘ কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। একইসঙ্গে সংখ্যালঘুদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবী গোষ্ঠীর হামলার ঘটনাগুলোর ক্ষেত্রেও কর্তৃপক্ষের সহনশীল মনোভাবের অভিযোগ করা হয়েছে।

ইউএসসিআইআরএফ বলেছে, হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো সারা বছর বিভিন্ন রাজ্যে মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে হয়রানি, উসকানি এবং সহিংসতায় জড়িত ছিল। ২০২৫ সালের মার্চে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি তোলার পর মহারাষ্ট্রে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং এতে বহু মানুষ আহত হন। জুন মাসে উড়িষ্যায় ভিএইচপি আয়োজিত বিক্ষোভের সময় কোরআন অবমাননার অভিযোগ ওঠে এবং সংঘর্ষে কয়েকজন আহত হন।

এছাড়া, গত এপ্রিল মাসে কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ওই ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে পাঁচ দিনের সংঘাত শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মে মাসে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে মিয়ানমারের জলসীমার কাছে নিয়ে গিয়ে লাইফ জ্যাকেট দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়।

এছাড়া, জুলাই মাসে আসাম থেকে শত শত বাংলা ভাষাভাষী মুসলিমকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও তুলে ধরা হয়েছে, যাদের অনেকেই ভারতীয় নাগরিক।

এ অবস্থায় আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইন অনুযায়ী ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (সিপিসি) হিসেবে ঘোষণা করতে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাছে সুপারিশ করেছে ইউএসসিআইআরএফ।

সংস্থাটি আরও বলেছে, আরএসএসের মতো সংগঠনের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করে তাদের সম্পদ জব্দ করা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে।

ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির উন্নতির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের ভবিষ্যৎ নিরাপত্তা সহায়তা ও বাণিজ্যিক সম্পর্ক যুক্ত করার পরামর্শও দেওয়া হয়েছে প্রতিবেদনে।

 

Copied from: https://rtvonline.com/