শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
27.3 C
Dhaka

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ১০

0

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকাতে ছয়জন এবং ঢাকার বাইরে চার জন।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে চার জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে থেকে ছয় জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের মোট ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৩ জন। এরমধ্যে ঢাকাতে ৩৭৩ জন ও ঢাকার বাইরে ৭২০ জন ডেঙ্গু।

চলতি বছরে এ পর্যন্ত ৯৭৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৩১৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল ৬৫৮ জন।

বর্তমানে সারাদেশে মোট ১০২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৪৬ জন এবং ঢাকার বাইরে ৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু

0

দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে শুরু হয়েছে ভারত থেকে আলু আমদানি। ২৫ মেট্রিক টন আলু নিয়ে দিনাজপুরের হিলি বন্দর দিয়ে একটি ট্রাক প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম শুরু হয়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে এই ট্রাক প্রবেশ করে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দিনে চার গাড়িতে ১০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।

 জানা গেছে, মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান আলুগুলো আমদানি করেছে।

দুপুরে হিলির সবজি বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় আলু আমদানির খবরে গতকালের তুলনায় কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু।

এর আগে, গত বছরের ১৪ ডিসেম্বর ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ১৯৭ ট্রাকে পাঁচ হাজার ২০৬ মেট্রিক টন আলু আমদানি হয়। এরপর থেকে আলু রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার। ফলে পরদিন থেকে দেশের বাজারে পাইকারি ও খুচরায় আলুর দাম বাড়তে শুরু করে।

আমানসিম সাওতুল কোরআন- রবিশাল ও খুলনা জোনে ইয়েস কার্ড পেলো ৩ কিশোর ক্বারী

0

জাতীয় ক্বিরাত রিয়েলিটি-শো আমানসিম সাওতুল কোরআন- ২০২৪, সিজন-৯ এর  বরিশাল ও খুলনা  বিভাগের অডিশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বরিশাল এবং ৩ ফেব্রুয়ারি শনিবার খুলনা বিভাগের অডিশনগ্রহণ সম্পন্ন হয়।

বিচারকদের রায়ে বরিশাল বিভাগে আনিসুল ইসলাম ও আবু সালেহ হোসাইন এবং খুলনা বিভাগে আরাফাত ইসলাম ফয়সাল ইয়েস কার্ড পেয়েছে। এ তিনজন জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিবে। এছাড়াও বরিশাল বিভাগ থেকে ৭ জন এবং খুলনা বিভাগ থেকে তিনজন প্রতিযোগিকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

বরিশাল জোনে বিচারক হিসেবে হাফেজ ক্বারী মাহদী হাসান ও ক্বারী নাসমুস সাকিব এবং খুলনায় বিচারক হিসেবে ছিলেন ক্বারী মুহা. সোলইমান হোসাইন, ক্বারী এস এম আবু ইউসুফ, হাফেজ ক্বারী মাহদী হাসান ও হাফেজ ক্বারি ওয়ালী উল্লাহ।

বরিশাল বিভাগে জোন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন শিল্পি সাইফুল ইসলাম সাইফী এবং খুলনা বিভাগে শিল্পি নুরুজ্জামান নোমান।

প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রয়োজনায় সাওতুল কোরআন পুরো রমজান মাস জুড়ে এস.এ টিভিতে সম্প্রচারিত হবে।

জাতীয় পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩ লাখ, দ্বিতীয় ২লাখ এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবে ১ লাখ টাকা নগদ পুরস্কার।

এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সম্মাননা ও মূল্যবান গিফট হ্যাম্পার।

মিরাজ-মালিকের ঝোড়ো ব্যাটিংয়ে খুলনাকে হারালো বরিশাল

0

বিপিএলের চলতি আসরে টানা জিতে চলছিল খুলনা টাইগার্স। নিজেদের পঞ্চম ম্যাচেও এনামুল হক বিজয়ের দল প্রায় জিতেই যাচ্ছিল। তবে তাদের মুখের সামনে থেকে সেই খাবার কেড়ে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও শোয়েব মালিক। শেষ মুহূর্তে দুজনের রোমাঞ্চকর ব্যাটিংয়ে খুলনাকে ৫ উইকেটে হারাল বরিশাল। চলতি বিপিএলে যা খুলনার প্রথম হার।

চলতি বিপিএলে আজই শেষবারের মতো বিপিএলের আয়োজন করেছে সিলেট। সিলেট থেকে বিদায়ী দিনের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় বরিশাল ও খুলনা। আগে ব্যাট করে খুলনা ৮ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে। ২ বল হাতে রেখে বরিশাল সেই লক্ষ্য পেরিয়ে গেছে। ব্যাটিংয়ে ঝড় তোলা শোয়েব মালিক ও মিরাজ অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। পাকিস্তানি অলরাউন্ডার ৪১ (২৫ বল) ও বাংলাদেশি অলরাউন্ডার মিরাজ করেন ৩১ রান (১৫ বল)। ষষ্ঠ ম্যাচে এটি তামিম ইকবালদের তৃতীয় জয়।

টসে হেরে ব্যাট করতে নেমে খুলনার হয়ে ইনিংস শুরু করতে নামেন এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমন। দারুণ ছন্দে থাকা এনামুল বিজয় ভালো শুরু করেও বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি। দলীয় ১৬ রানে আকিফ জাভেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। প্যাভিলিয়নে ফেরার আগে ১২ রান করেন তিনি।

এরপর তিনে নামা হাবিবুর রহমান সোহান দুর্ভাগ্যজনকভাবে রান আউটে কাটা পড়েন। করতে পারেননি দুই রানের বেশি। তবে ব্যতিক্রম ছিলেন পারভেজ হোসেন ইমন। স্ট্রোক্সের ফোয়ারা ছুটিয়ে ইনিংস বড় করার চেষ্টা করেন। তবে শোয়েব মালিকের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে দলীয় ৬১ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ৩৩ রান করেন তিনি।

চতুর্থ উইকেটে আফিফ হোসেন নামের পাশে রান যোগ করার আগেই সজাঘরে ফেরেন। দ্রুত দুই উইকেট খুইয়ে চরম বিপাকে খুলনা টাইগার্স। দুর্দান্ত তাইজুল নিজের দ্বিতীয় ওভার করতে এসে তুলে নেন মাহমুদুল হাসান জয়ের গুরুত্বপূর্ণ উইকেট। ১৯ বল খেলা জয় এগিয়ে খেলতে গিয়ে হয়েছেন স্টাম্পড। ব্যক্তিগত ১৩ রানে জয় যখন সাজঘরের পথ ধরেন তখন ৫ উইকেটে খুলনার স্কোরবোর্ডে ৭৩ রান।

তাইজুল দ্বিতীয় স্পেলে এসে বিপাকে ফেলেন দাসুন শানাকাকে। ১৩ বলে ৬ রানের ধীরগতির ব্যাটিং শেষে শানাকা হয়েছেন ক্লিন বোল্ড। ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে নাহিদুল ইসলামকে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান মোহাম্মদ ইমরান। ৮৮ রানে ৭ উইকেট হারানো খুলনা টাইগার্সকে এরপর ম্যাচে ফেরান মোহাম্মদ নওয়াজ ও ফাহিম আশরাফ জুটি।

এই দুই জনের ব্যাটিং ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের সংগ্রহ পায় খুলনা। আশরাফ ৩৮ রানে শেষ পর্যন্ত অপারিজত থাকেন। বরিশালের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন শোইয়েব মালিক ও তাইজুল ইসলাম।

ইজতেমায় আরও ৩ মুসল্লির মৃত্যু

0

গাজীপুরের টঙ্গীতে গতকাল থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে আজ। জানা গেছে, ইজতেমায় আরও তিনজন মুসল্লি মারা গিয়েছেন। এ নিয়ে এবারের ইজতেমায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হলো। বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে অসুস্থ হয়ে মৃত্যু হয় তাদের।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ইজতেমার মিডিয়া বিষয়ক সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া মুসল্লিরা হলেন, শেরপুরের সদরের জুগনিবাগ গ্রামের মৃত শমশের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলার সামানদার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আব্দুল কাদের (৫৫) ও নেত্রকোণার সদরের কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫)।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার মারা গেছেন ৪ জন। এছাড়া ময়দানে আসার সময় এক পুলিশ সদস্যসহ তিনজনের মৃত্যু হয়। ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিশ্ব ইজতেমা ময়দানে মারা যাওয়া চার মুসল্লিরা হলেন, নেত্রকোণার সদর থানার কুমারী বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে এখলাস মিয়া (৬৮), ভোলার ভোল্লা গ্রামের নজির আহমেদের ছেলে শাহ আলম (৬০), জামালপুরের তুলশীপুর এলাকার পাকুল্লা গ্রামের হজরত আলীর ছেলে মতিউর রহমান (৬০)।

এছাড়া ময়দানে আসার সময় মারা যাওয়া তিনজন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জের সদর থানার চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০) ও ইজতেমায় আসার পথে বাসচাপায় নিহত পুলিশ সদস্য হাসান উজ্জামান (৩০)।

অভিজ্ঞতা ছাড়াই আইএফআইসি ব্যাংকে চাকরি, বেতন ৬৯,৪০০

0
অনলাইন ডেস্ক । জনতা মেইল
অনলাইন ডেস্ক । জনতা মেইল

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত তিনটি প্রথম শ্রেণি/ বিভাগ/ সমমানের জিপিএ/ সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/ বিভাগ/ সমমানের জিপিএ/ সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

বয়স: ১২ ফেব্রুয়ারি তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: এক বছর প্রবেশনকালে অন্যান্য সুযোগ-সুবিধাসহ মাসিক বেতন ৬৯,৪০০ টাকা। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৮৫,২০০ টাকা। এর সঙ্গে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

শর্ত
নিয়োগপ্রাপ্তদের প্রবেশনকালসহ অন্তত ৫ বছর এই চাকরি করতে হবে মর্মে বন্ডে সই করতে হবে।

আবেদন করতে হবে যেভাবে

আগ্রহী প্রার্থীদের আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে To Apply, Please click here বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৪।

রামপুরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

0

রাজধানীর রামপুরায় গাজী নাজিউর রহমান নাদিম (২৩) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে রামপুরার বনশ্রী তিতাস রোডের ব্যাংক কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত নাজিউর রহমান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসনের (বিবিএ) শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি জানান, রাতে তাকে বাসা থেকে তার বাবা-ভাই অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস দেয় নাজিউর। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। তবে কী কারণে গলায় ফাঁস দিয়েছেন, সে বিষয়ে কিছুই জানা যায়নি।

নাজিউর পূর্ব রামপুরা বনশ্রী তিতাস রোড ব্যাংক কলোনি এলাকায় পরিবার সঙ্গে থাকতেন। তিন ভাই দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি। তার বাবার নাম নুরুল আমিন।

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

0

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ফরহাদ মিয়া (৩২) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহত ফরহাদ মিয়া জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মৃত আব্দুল আজিজ মণ্ডলের ছেলে।

বুধবার (৩১ জানুয়ারি) বাবাল বাহরাইন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুন।

নিহতের সাবেক সহকর্মী ফজলুল হক আরমান বলেন, সড়ক দুর্ঘটনায় ফরহাদের মৃত্যুর বিষয়টি বাহরাইনে থাকা সহকর্মীদের মাধ্যমে জেনেছি।

তিনি জানান, ৬ বছর আগে বাহরাইনে যান ফরহাদ। সেখানে তিনি নির্মাণশ্রমিকের কাজ করতেন। ফরহাদ থাকতেন বাহরাইনের মানাম সিটিতে। বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার সময় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ফরহাদ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহরাইনের মানামা সালমানিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে ফরহাদ মিয়ার লাশ ওই হাসপাতালের মর্গে রয়েছে।

এদিকে ফরহাদের মৃত্যুর খবর শোনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ফরহাদের স্ত্রী ও আট বছর বয়সী এক ছেলে রয়েছে।

ববিসাস’র নতুন নেতৃত্বে জাকির-ইমদাদুল

0

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নয়াঁ শতাব্দীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল ইসলাম।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় ২০২৪-২৫ কার্যকরী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইউম।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইতিহাস ও সভ্যতা বিভাগের সহযোগী অধ্যাপক ও শেরেবাংলা হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, ববিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি  মো. শফিকুল ইসলাম ও সাবেক সভাপতি ওবায়দুর রহমান।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি মো. ইলিয়াস (দৈনিক দেশ জনপদ) যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন (দেশ রূপান্তর), দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম (দৈনিক বাংলা), কোষাধ্যক্ষ মোহাম্মদ এনামুল (মানবকণ্ঠ)।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মো. মেহরাব হোসেন (দৈনিক দক্ষিণ অঞ্চল) মাসুদ রানা (ঢাকা টাইমস), মো. মেহেদী হাসান (বিডিএন ৭১)।

নির্বাচন চলাকালীন সময়ে সাংবাদিক সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়।

চরম দারিদ্র্যের হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার ফলে এই মেয়াদে তার সরকারের প্রধান প্রচেষ্টা হবে চরম দারিদ্র্যের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১২টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত এবং হাইকমিশনাররা গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন।

সাক্ষাতে অংশ নেন বতসোয়ানা, কম্বোডিয়া, গাম্বিয়া, হাঙ্গেরি, জ্যামাইকা, মেসিডোনিয়া, মঙ্গোলিয়া, লুক্সেমবার্গ, স্লোভাক রিপাবলিক, স্লোভেনিয়া, পেরু এবং ভেনিজুয়েলার কূটনীতিকরা।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম.এম. ইমরুল কায়েস সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের জানিয়েছেন, তার সরকার সারাদেশে তৃণমূল পর্যায়ে উন্নয়ন নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়েছে।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে কায়েস বলেন, ‘তাদের (তৃণমূল পর্যায়ের মানুষকে) উন্নয়নে অন্তর্ভুক্ত করা হলে সারাদেশের উন্নয়ন হবে, জনগণ এর সুফল পাবে।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে দারিদ্র্যের হার কমে ১৮ দশমিক ৭ শতাংশ হয়েছে এবং চরম দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬ শতাংশে। আগে দারিদ্র্যের হার ছিল ৪২ শতাংশের বেশি।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সংরক্ষিত আসনের পাশাপাশি সংসদ নির্বাচন ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে নারীরা সরাসরি অংশগ্রহণ করছে।

দেশের স্বাস্থ্যসেবা সুবিধা সম্পর্কে তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক থেকে নারী ও শিশুরা চিকিৎসা নিচ্ছে, যা সম্পূর্ণভাবে তার সরকারের মস্তিষ্ক প্রসূত এবং এই প্রচেষ্টার জন্য মা ও শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে।

প্রধানমন্ত্রী নিঃস্ব মহিলাদের, বিশেষ করে স্বামী পরিত্যক্তা এবং বিধবা মহিলাদের জন্য তার সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের কথাও উল্লেখ করেন।

শেখ হাসিনা বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দূতদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি তাদের বলেন, সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য এখানে ব্যবসা বান্ধব পরিবেশ ও যোগাযোগ নিশ্চিত করতে কাজ করছে।

সাক্ষাতের শুরুতে বতসোয়ানা, কম্বোডিয়া, গাম্বিয়া, হাঙ্গেরি, জ্যামাইকা, মেসিডোনিয়া, মঙ্গোলিয়া, লুক্সেমবার্গ, স্লোভাক রিপাবলিক, স্লোভেনিয়া, পেরু এবং ভেনিজুয়েলার অনাবাসিক রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত হয়ে টানা চতুর্থ মেয়াদে এবং মোট পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান।

দূতরা বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি দেখে তারা অভিভূত ও অনুপ্রাণিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে।

অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস