বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
32 C
Dhaka

৩৫ কোম্পানি ছাড়া বাকিদের জন্য ফ্লোরপ্রাইস প্রত্যাহার

0

আগামী রোববার (২১ জানুয়ারি) থেকে ৩৫ কোম্পানি ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্য সব কোম্পানির শেয়ার লেনদেনে ফ্লোরপ্রাইস তুলে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা– বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফ্লোরপ্রাইস তুলে নেয়ার এই নির্দেশনা জারি করেছে।

এর আগে ২০২২ সালের ২৮ জুলাই শেয়ার লেনদেনে সর্বনিম্ন এই মূল্যসীমা (ফ্লোরপ্রাইস) আরোপ করা হয়। ফ্লোর প্রাইস হচ্ছে- শেয়ার বিক্রয়মূল্যের সর্বনিম্ন সীমা, যার চেয়ে কম দরে শেয়ার বিক্রি করা যায় না।

তবে যেসব কোম্পানির ওপর ফ্লোরপ্রাইস থাকবে, সেগুলো হলো: আনোয়ার গ্যালভানাইজিং, বারাকা পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ ফাইন্যান্স, ডোরিন পাওয়ার, এনভয় টেক্সটাইল, গ্রামীণফোন, এইচআর টেক্সটাইল, আইডিএলসি ফাইন্যান্স, ইনডেক্স অ্যাগ্রো, ইসলামী ব্যাংক, কেডিএস এক্সেসরিজ, খুলনা পাওয়ার, কট্টালি টেক্সটাইল, মালেক স্পিনিং, মেঘনা পেট্রলিয়াম, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ফার্মা, পদ্মা অয়েল, রেনাটা, রবি আজিয়েটা, সায়হাম কটন, শাশা ডেনিমস,  সোনালী পেপার, সোনারবাংলা ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, শাহজীবাজার পাওয়ার, সামিট পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার।

নির্দেশনার আওতায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের ফ্লোর প্রাইসের আওতামুক্ত ৩৭৯ শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড, কর্পোরেট বন্ড ও ডিবেঞ্চার রোববার থেকে সার্কিন ব্রেকার পদ্ধতির অধীনে লেনদেন হবে। এই পদ্ধতিতে এগুলোর দাম দৈনিক সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে বা কমতে পারবে।

ইরান-পাকিস্তান বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব চীনের

0

সম্প্রতি পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে ইরান-পাকিস্তান। মঙ্গলবার ইরানের হামলায় পাকিস্তানে অন্তত চারজন নিহত হন। এই হামলার জবাবে বৃহস্পতিবার ইরানে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে মারা গেছেন কমপক্ষে নয়জন। এ নিয়ে দুইপক্ষের মধ্যে গুরুতর কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ইরান-পাকিস্তান বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন আন্তরিকভাবে আশা করে, উভয় পক্ষ (ইরান ও পাকিস্তান) শান্ত ও সংযমী থাকার চেষ্টা করবে এবং উত্তেজনা বৃদ্ধি এড়াতে পারবে। উভয় পক্ষ চাইলে পরিস্থিতির উত্তেজনা কমাতে আমরা গঠনমূলক ভূমিকা পালন করতে পারি।

ইরান ও পাকিস্তান উভয়ে চীনের ঘনিষ্ঠ মিত্র এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য। দুই প্রতিবেশীই চীনের কাছে বন্ধুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ প্রভাবশালী দেশ বলে উল্লেখ করেছেন মাও নিং।

পারমাণবিক শক্তিধর পাকিস্তান এবং প্রতিবেশী ইরান দীর্ঘদিন ধরেই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে।

গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইরান-সীমান্তবর্তী পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের পঞ্জগুরে ক্ষেপণাস্ত্র জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের ‘সদরদপ্তরে’ হামলা চালায় তেহরান। এতে দুই শিশুসহ অন্তত চারজন নিহত হন।

এ ঘটনার পরপরই ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান। সেই সঙ্গে, তেহরানে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও দেশে ফিরে আসার নির্দেশ দেয় ইসলামাবাদ।

এর দুদিন যেতে না যেতেই বৃহস্পতিবার সকালে ইরানে পাল্টা হামলা চালায় পাকিস্তান। এতে চার শিশু ও তিন নারীসহ অন্তত নয়জন নিহত হয়েছেন।

এ ঘটনার পর ইরানে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব করেছে তেহরান। এ অবস্থায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যদিও পাকিস্তান সরকার বলেছে, তারা ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণরূপে সম্মান করে। কেবল নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থেই এই হামলা চালিয়েছে ইসলামাবাদ।

সূত্র: আল-জাজিরা

নির্বাচন তুলনামূলকভাবে ভালো হয়েছে: সিইসি

0
নিজস্ব প্রতিবেদক | জনতা মেইল
নিজস্ব প্রতিবেদক | জনতা মেইল

আজ বৃহস্পতিবার ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। নির্বাচন ভবনের মিলনায়তনে এই ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)। তাতে ইসি সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন। ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সিইসি বলেন, নির্বাচন নিয়ে যদি প্রতি পাঁচ বছর পর সংকট সৃষ্টি হয়, তাহলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। সে জন্য নির্বাচন নিয়ে রাজনৈতিক নেতৃত্বের একটি পদ্ধতি অন্বেষণ করা প্রয়োজন।

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, নির্বাচন তুলনামূলকভাবে ভালো হয়েছে। সংবাদপত্র পড়ে তিনি মূলত জেনে থাকেন। অনেকে সুনাম করেছে, অনেকে অপবাদ দিয়েছে। দুটোই বিবেচনায় নিতে হবে।

রাজনীতিবিদদের যদি নির্বাচন কমিশনের ওপর আস্থা না থাকে, তাহলে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা থাকে না—এমন মন্তব্য করে সিইসি হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা নয়। নির্বাচন মোটাদাগে সার্বিক রাজনৈতিক নেতৃত্বের মধ্যে গ্রহণযোগ্য না হলে একটা রাজনৈতিক সংকট থেকে যায়। একটা অংশ শুধু নির্বাচন বর্জন করেনি, প্রতিরোধ করারও ঘোষণা দেয়। সেদিন থেকে সংকট শুরু। নির্বাচন অনুষ্ঠানের পথ কুসুমাস্তীর্ণ ছিল না। তবে সবার সমন্বিত প্রয়াসে নির্বাচন উঠিয়ে আনা হয়েছে। সাময়িকভাবে হলেও জাতি স্বস্তিবোধ করেছে। নির্বাচন কমিশনও স্বস্তিবোধ করেছে।

সিইসি বলেন, এখনো পত্রপত্রিকায় সমালোচনা হচ্ছে। তবে তাঁরা সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দিচ্ছেন না। কারণ, সেখানে অবারিতভাবে বদনাম করা হচ্ছে। মূল ধারার গণমাধ্যমে ভারসাম্যপূর্ণ আলোচনা থাকে। নির্বাচন অনেকটা গ্রহণযোগ্যভাবে সুসম্পন্ন হয়েছে। সেটা বেশির ভাগ ক্ষেত্রে স্বীকৃত হয়েছে।

সিইসি আরও বলেন, দু–একটি সংস্থা বলেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার অজুহাত দিয়ে ইসি সরকারের গোপন অ্যাজেন্ডা বাস্তবায়ন করেছে। তিনি জানেন না সরকারে সঙ্গে আসলে কোনো গোপন অ্যাজেন্ডা হয়েছে কি না। তিনি নির্দ্বিধায় বলতে পারেন তাঁর সঙ্গে হয়নি। অন্য কারও সঙ্গে হয়েছে কি না সেটা তিনি জানেন না। তিনি প্রশ্ন রাখেন, ইসি কীভাবে অজুহাত দিল? তিনি বলেন, ‘রাজনৈতিক ঐকমত্য হয়ে ওঠেনি, এ জন্য চাইলে কি ৩০ বছর নির্বাচন পিছিয়ে দেওয়া যেত?’

সংসদ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করায় নিজেদের কর্মকর্তাদের পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থা ও দপ্তরের কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান সিইসি।

ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান বক্তব্য দেন। সভাপতিত্ব করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

আগামী ২০ জানুয়ারি থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল

0
অনালাইন ডেস্ক । জনতা মেইল
অনালাইন ডেস্ক । জনতা মেইল

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২০ জানুয়ারি শনিবার উত্তরা-মতিঝিল অংশে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

এমএএন ছিদ্দিক বলেন, আমাদের পরিকল্পনা ছিল মার্চের মধ্যে আগারগাঁও অংশের সঙ্গে মতিঝিল অংশের সমন্বয় করে সময় বাড়ানো। কিন্তু আমরা সম্প্রতি যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছি তাদের দাবি কি। তাদের সেই চাওয়া অনুযায়ী আগামী শনিবার থেকে মেট্রোরেলের সময় বাড়ানো হচ্ছে।

গত ৩১ ডিসেম্বর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে মেট্রো ট্রেন থামার মাধ্যমে মেট্রোরেলে এমআরটি লাইন-৬ এর প্রথম ধাপের ১৬টি স্টেশনে ট্রেন থামা শুরু হয়।

বর্তমানে উত্তরা-আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রো ট্রেন। আর উত্তরা-মতিঝিল পথে চলছে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। ২৯ ডিসেম্বর থেকে সর্বসাধারণ মেট্রো ট্রেনে চড়ে।

৪৬তম বিসিএসের তারিখ জানাল পিএসসি

0

আগামী ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পিএসসি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেশের ৮ বিভাগ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। পিএসসির এক সদস্য বলেন, শেষ পর্যন্ত ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে, যা একেবারে কম নয়। যারা বলেছিলেন আবেদনে ভাটা পড়েছে, তারা ঠিক বলেননি।

এই বিসিএসে মোট পদ ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপরই সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের সঙ্গে লুবাবা

0

বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের সঙ্গে এবার দেখা গেল আলোচিত ও সমালোচিত শিশু সেলিব্রেটি সিমরিন লুবাবাকে। সামাজিক মাধ্যমে ছবি প্রকাশের মাধ্যমে এ খবর আরাভ নিজেই জানিয়েছেন।

নিজেই ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন আরাভ। সেখানে লুবাবার সঙ্গে দেখা গেছে তাকে। ওই ভিডিওতে দেখা যায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন আরাভ-লুবাবা। সেসময় আরাভ জানান লুবাবারা পুরো পরিবার তার বাড়িতে বেড়াতে এসেছে।

আরাভ খান লুবাবার দাদা আবদুল কাদেরকে নিয়ে বলেন, আজকে আমি এমন একজনের সঙ্গে কথা বলছি, যার দাদুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আঙ্কেল আমার বাসায় আসতেন আমি আঙ্কেলের বাসায় যেতাম। সেক্ষেত্রে লুবাবা এসেছে পুরো পরিবার নিয়ে আমার বাসায় বেড়াতে।

আরাভের কথার সুত্র ধরে লুবাবা জানায়, আরাভ প্রতি সপ্তাহে তিনবার প্রবাসীদের রান্না করে খাওয়ায়। তাই এই সপ্তাহে লুবাবা আরাভের সঙ্গে মিলে রান্না করবে এবং রান্না প্রবাসীদের খাওয়াবে।

ওই ভিডিওতে আরাভকে বলতে শোনা যায়, প্রবাসীরা পরিবার থেকে দূরে থাকে তাই তাদের জন্য একটা ঘরোয়া রান্না করা হয়, এই সংখ্যাটা ১০ জন, ২০ জন বা যে সংখ্যাই হতে পারে।

প্রসঙ্গত, গত বছরের মার্চে সংযুক্ত আরব আমিরাতে জুয়েলার্সের দোকান উদ্বোধনের জন্য বাংলাদেশ থেকে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানসহ তরুণ প্রজন্মের কয়েকজনকে আমন্ত্রণ জানালে আলোচনায় উঠে আসেন আরাভ। তখন জানা যায়, ২০১৮ সালে রাজধানীর বনানীতে একটি ফ্ল্যাটে পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মামুন ইমরান খান খুনের মামলার আসামি তিনি। তারপরই তাকে নিয়ে শুরু হয় নানা সমালোচনা।

সংসদের বিরোধী দল থাকার সিদ্ধান্ত জাপার

0

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল থাকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)। কারা বিরোধীদলীয় নেতা, উপনেতা এবং চিফ হুইপ থাকবেন ইতোমধ্যে সেই সিদ্ধান্তও নিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় নেতা, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা ও জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলটির সংসদ সদস্যরা। এখন সভার সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকারকে জানাবে দলটি।

এবারে নির্বাচনে জাতীয় পার্টির চেয়ে প্রায় ছয়গুণ বেশি আসনে জিতেছে স্বতন্ত্র প্রার্থীরা। ফলে সংসদে বিরোধী দলের আসনে কে বসবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এর মধ্যেই সংসদের বিরোধী দল হওয়ার সিদ্ধান্ত নিলো জাপা। এখন বিষয়টি স্পিকারের ওপর নির্ভর করছে।

তবে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলছেন, পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালী বিধি অনুযায়ী অন্য কারো সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই।

এর আগে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ২৯৯টি আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ ২২২টি আসনে জয়লাভ করেছে। জাতীয় পার্টি জিতেছে মাত্র ১১টি আসনে। এ ছাড়া ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন।

প্রিমিয়ার প্রোর নতুন আপডেটে অডিও এডিটিং সুবিধা

0

২০২৪ সালের সানডেন্স ফিল্ম ফেস্টিভেলের আগে এডোব প্রিমিয়ার প্রোতে বেটা আকারে অডিও এডিটিং ফিচার চালু হয়েছে। এক প্রেস রিলিজে জানানো হয়েছে, নতুন আপডেটে ইন্টারেকটিভ ফেইড হ্যান্ডলস, ট্যাগিং টুলস, ইফেক্ট ব্যাজ এবং রিডিজাইনকৃত ওয়েভফর্ম যুক্ত করা হয়েছে। নতুন এই ফিচার নতুন ও এক্সপার্ট সব ধরনের ব্যবহারকারীই ব্যবহার করতে পারবে।

মোদ্দাকথা, এখন অডিও আরও ভালোভাবে এডিট করা যাবে। জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়ার তাদের ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে চাচ্ছে। বিশেষত নতুনদের আকর্ষণ করার চিন্তাই তাদের বেশি।

নতুন ফিচারের মধ্যে ইন্টারেকটিভ ফেস হ্যান্ডলটি আকর্ষণীয়। এডিটররা এখন সহজেই কাস্টম অডিও ট্রানজিশন করতে পারবেন। সেজন্য ক্লিপ ড্র্যাগ করলেই ফেড ইন আর আউট ইফেক্ট হবে। বলা বাহুল্য, আগে ফেড যুক্ত করা কঠিন ছিল।

এডোব এই আপডেটে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত অডিও ক্লিপ ক্যাটাগরির ভিত্তিতে যুক্ত করার সুযোগ দিচ্ছে। ট্যাগগুলো নতুন আইকন ব্যাজের মাধ্যমে দেখা যায়। ক্লিক টাইপের মাধ্যমে সঙ্গে সঙ্গেই এখন কন্ট্রোলে দ্রুত এক্সেস পাওয়া যাবে। ইফেক্ট ব্যাজ মূলত ভিজুয়াল ইন্ডিকেটর।

এসব বাদেও কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এনহ্যান্স স্পিচ টুলও ফেব্রুয়ারিতে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

সূত্র: ইনডিয়ান এক্সপ্রেস

 

দেশে করোনার নতুন ধরন শনাক্ত

0

দেশে করোনাভাইরাসের অমিক্রন ধরনের উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। পাঁচ ব্যক্তির দেহে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন এ তথ্য জানান।

তিনি বলেন, পাঁচটি নমুনায় অমিক্রনের উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের করোনা রোগীদের নমুনা পরীক্ষার পর এই উপধরন শনাক্ত হয়।

করোনার নতুন উপধরন জেএন.১ এর কথা মাসখানেক আগেই বিশ্ববাসীকে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি তখন বলেছিল, করোনার এই নতুন ধরনটি বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে ভারত, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে করোনার এই ধরনটি পাওয়া গেছে। দ্রুত ছড়ানোর কারণে ডব্লিউএইচও এটিকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে অভিহিত করেছে ।

ধারণা করা হচ্ছে, অমিক্রনের আরেক উপধরন বিএ.২.৮৬ ধরনের তুলনায় জেএন.১ এর স্পাইক প্রোটিনের অতিরিক্ত পরিবর্তনের কারণে সব অঞ্চলে এটি দ্রুত ছড়িয়ে পড়ছে। বিএ.২.৮৬ ধরন থেকেই জেএন.১-এর উৎপত্তি।

তবে করোনাভাইরাস প্রতিরোধে বিদ্যমান যে টিকাগুলো রয়েছে, সেগুলোই জেএন.১ থেকে মানুষকে সুরক্ষা দিতে সক্ষম বলে জানায় ডব্লিউএইচও।

 

টিআইবি বিএনপির দালাল: কাদের

0

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) বিএনপির দালাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেছেন, টিআইবি হচ্ছে বিএনপির দালাল। তাদের প্রত্যেকটা কথা একপেশে। বিএনপির ওকালতি করে তারা। তারা সরকার বিরোধী। যে ভাষায় বিএনপি কথা বলে সেই ভাষায় টিআইবিও কথা বলে।

তিনি বলেন, ইতিহাস থেকে উপলব্ধি করেছি, টিআইবি সবসময় আওয়ামী লীগ বিরোধী ছিল। সবসময় বিএনপির পক্ষে কাজ করেছে তারা। গবেষণা নিয়ে কাজ করে তারা। কিন্তু তাদের গবেষণায় আমরা নিরপেক্ষতা খুঁজে পাচ্ছি না।

তিনি আরও বলেন, টিআইবি বলেছিল, পদ্মা সেতু অসম্ভব, এটা কিন্তু টিআইবির বক্তব্য। সিপিডিও একই মন্তব্য করেছিল। কিন্তু বাস্তবতা দেশবাসী দেখেছে। কিছু কিছু বিষয় আছে যেটা আমরা জবাব দিই রাজনৈতিকভাবে, আমরা উত্তর দিই দেশের মানুষের পার্সেপশান যেন ভিন্নখাতে না যায়। রাজনৈতিকভাবে আমরা কথাবার্তা বলি। সবকিছু আইনগতভাবে হয় না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা একটা রাজনৈতিক দল, আমাদের পার্টির এই নির্বাচনকে সামনে রেখে একটা কৌশল ছিল। রাজনীতিতে রণকৌশল থাকবেই, আমরা একটা রণকৌশল অবলম্বন করেছি। ভেতরে দ্বন্দ্ব, অন্তর কলহ এগুলো আওয়ামী লীগে নতুন হচ্ছে এমন না। সব রাজনৈতিক দলেরই এইসব ব্যাপারে সুখকর নয়। এটার সমাধান আবার সেই দলই করে।

তিনি বলেন, একাধারে ১৫ বছর আমরা ক্ষমতায়। এসবের মধ্যেই তো সবকিছু মোকাবিলা করি। এটাও আমাদের চলার পথে চ্যালেঞ্জ। এটা আমরা দলীয়ভাবে অবশ্যই মোকাবিলা করব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের পার্টিতে যত সমস্যাই থাকুক, আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ। আমাদের সুবিধাটা কিন্তু এখানেই। যেখানে আমাদের একজন নেতা আছেন যার প্রশ্নে কোনো বিরোধ নেই।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন, পারভীন জামান কল্পনা এবং মেরিনা জাহান কবিতা প্রমুখ উপস্থিত ছিলেন।