বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
33.9 C
Dhaka

নতুন এমপিদের গেজেট প্রকাশ

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল ইসলাম।

এর আগে, নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্যদের গেজেট অনুমোদন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে সেটি প্রকাশের জন্য সচিবকে বলা হয়েছে। কমিশনাররা স্বাক্ষর করেছেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া যাবে।

তিনি বলেন, ৩০০ আসনের মধ্যে নওগাঁ-২ আসনের প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন বাতিল করা হয়েছে। আসনটিতে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। আর ময়মনসিংহের একটি কেন্দ্রে ফলাফল স্থগিত রাখা হয়েছে। সেখানে ১৩ জানুয়ারি ভোট হবে। এ দুটি বাদে বাকি ২৯৮টি আসনের নির্বাচনী ফলাফল যাচাই-বাছাই করা হয়েছে, সব ঠিক আছে।

সবশেষ সোমবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকা-৪ আসনের ফলাফল স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। সে হিসেবে তিনটি আসন বাদে বাকিগুলোর গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করাবেন।

এর আগে, গত ৭ জানুয়ারি সারাদেশে একযোগে ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে দেখা গেছে আওয়ামী লীগ ২২২টি আসনে বিজয়ী হয়েছে।

এবারের নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট প্রার্থী ছিলেন এক হাজার ৯৭১ জন।

ঢাকা-৪ আসনের নির্বাচনের ফল হাইকোর্টে স্থগিত

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আওলাদ হোসেনের কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানম। এখন সেই ফলাফল হাইকোর্টে স্থগিত হয়ে গেছে।

সানজিদা খানমের রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সানজিদা খানমকে পরাজিত করে বিজয়ী হন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। আওলাদ হোসেন মোট ভোট পান ২৪ হাজার ৭৭৫টি। সানজিদা খানম নৌকা প্রতীক নিয়ে ভোট পান ২২ হাজার ৫৭৭টি। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা লাঙল প্রতীক নিয়ে পান ৭ হাজার ৭৯৮ ভোট।

ঢাকা-৪ আসনটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪ নং ওয়ার্ড এবং ঢাকা মেট্রোপলিটন শ্যামপুর থানা ও যাত্রাবাড়ীর আংশিক নিয়ে গঠিত।

৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন হয়। নির্বাচন হয় ২৯৯ আসনে। ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ছিলেন ১৯৭১ জন।

২৯৯টি আসনের মধ্যে ২২২টি আসন পেয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন, এছাড়া অন্যান্য দল থেকে পেয়েছেন ৩টি আসন। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল নির্বাচনে অংশ নেয়।

আন্তর্জাতিক অঙ্গনে এ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল। তবে নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভূটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, নেপাল, মরক্কো, ব্রাজিলের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অবশ্য ভিন্ন পথে হেঁটেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে নির্বাচনে সব দলের অংশগ্রহণ ছিল না বলেও ভাষ্য ওয়াশিংটনের। আর নির্বাচনে সব দল অংশ না নেয়ায় মানুষের ভোট দেয়ার যথেষ্ট বিকল্প ছিল না বলে অভিমত যুক্তরাজ্যের।

দেশটি বলছে, গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার ওপর। মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এসব মানদণ্ড যথাযথভাবে মানা হয়নি। এছাড়া নির্বাচনে সব দল অংশ নেয়নি বলে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ব্যবস্থা ছিল না বলে দাবি করেছে যুক্তরাজ্য।

রাউজানের একই গ্রাম থেকে তিনজন এমপি নির্বাচিত 

0

চট্টগ্রামের রাউজান উপজেলার একটি গ্রাম থেকে তিনজন এমপি নির্বাচিত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রত্যেকেই নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। নির্বাচিত এই তিন সংসদ সদস্য হলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি, বাকলিয়া) আসনে মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর) আসনে মহিউদ্দীন বাচ্চু।

এবিএম ফজলে করিম চৌধুরীর গ্রামের বাড়ি রাউজান পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের গহিরা গ্রামের বক্সে আলী চৌধুরী বাড়ি। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা এবং তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান একেএম ফজলুল কবির চৌধুরীর ছেলে। এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে ৭ম বার নৌকা প্রতীক পেয়ে ২০০১ সাল থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন।

তিনি এবার ২ লাখ ২১ হাজার ৫৭২ ভোট পেয়ে ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শফিউল আজম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫৯ ভোট।

ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের গ্রামের বাড়িও একই ওয়ার্ডের গহিরার বক্সে আলী চৌধুরীর বাড়ি। তিনি প্রয়াত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীর বড় ছেলে। নওফেল এবার চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে ১ লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন একই বাড়ির এবিএম ফজলে রশীদ চৌধুরীর সন্তান ব্যারিস্টার সানজিদ রশীদ চৌধুরী। তিনি জাতীয় পাটির লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৯৮২ ভোট। তার বাড়িও একই গ্রামে।

মহিউদ্দিন বাচ্চুর গ্রামের বাড়ি হলেন একই ওয়ার্ডের একই গ্রামের রকিব উদ্দিন মুন্সির বাড়ি। তিনি এই বাড়ির রেলওয়ে কর্মকর্তা বি.কম হারুনের ছেলে। তিনি চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর) আসনে ৫৯ হাজার ২৪ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম। তিনি ফুলকপি প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৫৩৫ ভোট। এই তিন সংসদ সদস্যের পৈতৃক ভিটা একই ওয়ার্ডের হওয়ায় এই এলাকার মানুষদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এটা তারা গর্বের বিষয় মনে করেন। তারা প্রত্যাশা করেন টানা পঞ্চমবারের মত নির্বাচিত সংবাদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এবারের মন্ত্রীসভায় স্থান পাবেন।

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভের পর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এরপর বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত করেন শেখ হাসিনা।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন সোমবার (৮ জানুয়ারি) বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের পাশাপাশি দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গণভবনের সবুজ লনে আয়োজিত এ অনুষ্ঠান সংবাদ সম্মেলনে রূপ নেয়। এসময় বিদেশি সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা।

রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ২৯৯ আসনে ভোটগ্রহণ শুরু হলেও পরে একটিতে বাতিল করা হয়। ভোটগ্রহণ শেষে ২৯৮ আসনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগ বিজয়ী হয় ২২২টি আসনে, স্বতন্ত্র বিজয়ী হয় ৬২টিতে, জাতীয় পার্টি ১১টি আসনে এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জয়ী হয় একটি আসনে।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ বৃহস্পতিবার

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। নবনির্বাচিতদের বরণ করতে জাতীয় সংসদ সচিবালয় এরই মধ্যে সব প্রস্তুতি নিচ্ছে।

সোমবার (৮ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবারের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিতদের তালিকা বা ফল সরকারি গেজেট আকারে প্রকাশ করবে ইসি। গেজেট প্রকাশ হলে আইন অনুযায়ী তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হবে নতুন সংসদ সদস্যদের।

সূত্র আরও জানায়, দ্বাদশ সংসদের নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এমপিদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেবেন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করাবেন। ওই শপথ অনুষ্ঠানের পরই আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুরে আছেন জানিয়ে সূত্র আরও জানায়, বর্তমানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুরে আছেন। স্পিকার মঙ্গলবার অথবা বুধবার ঢাকায় আসবেন।

এদিকে বুধবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হবে। এদিন সরকার দলের অনেক কর্মসূচি আছে, সেজন্য বৃহস্পতিবার শপথ পাঠ করানো হতে পারে।

শপথগ্রহণের ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হয়। তবে ভোটের কত দিনের মধ্যে গেজেট হবে, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

0

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোর সোয়া ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, রাত থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের পদ্মার অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে ভোরের দিকে কুয়াশার মাত্রা আরও ঘন হয়। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৫টার দিকে নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

এ তথ্যের নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।

তিনি জানান, কুয়াশার কারণে এ নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কমে এলে ফেরি চলাচল ফের স্বাভাবিক করা হবে।

নিরঙ্কুশ জয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মোদি

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় দুই নেতার ফোনালাপে মোদি এ অভিনন্দন জানান।

এরপর এক টুইটবার্তায় নরেন্দ্র মোদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ঐতিহাসিক জয়ের জন্য তাকে আমি অভিনন্দন জানিয়েছি।

ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, সফলভাবে নির্বাচনের জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। বাংলাদেশের সঙ্গে আমাদের জনগণকেন্দ্রিক ও স্থায়ী অংশীদারি জোরদারে আমরা অঙ্গীকারবদ্ধ।

এর আগে, শেখ হাসিনাকে অভিনন্দন জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলাদেশের এই জয়ে আমার অভিনন্দন। অভিনন্দন রইল হাসিনা জি ও তার পরিবার এবং তার দল আওয়ামী লীগের প্রতি। যারা এবারের নির্বাচনে জয় পেয়েছেন তাদের সবার প্রতি অভিনন্দন। প্রত্যেককে আমার ও পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে অভিনন্দন। হাসিনা জি যেন ভালো থাকেন, আমি সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।

সকালে শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারেতের জনগণের পক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায় ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।

প্রণয় ভার্মা বলেন, স্থিতিশীল, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ভারত বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবে। তিনি এ সময় মুক্তিযুদ্ধে দুই দেশের অভিন্ন আত্মত্যাগের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক ও দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলে ধরেন।

পরে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল, ফিলিপিন্সের রাষ্ট্রদূত লিও টিটো এল. আউসান জেআর, প্রফেসর সুদর্শন ডি.এস. সেনাভিরত্ন ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূত শিলা পিল্লাই সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান।

রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ। গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন থেকে নির্বাচন করেন শেখ হাসিনা। সেখানে অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

ডেঙ্গু: মৃত্যু নেই, হাসপাতালে ৬২

0

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ জন।

সোমাবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩৬২ জন রোগী। এর মধ্যে ঢাকায় ১৯১ জন এবং ১৭১ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৪৪০ জন। এর মধ্যে ঢাকায় ১৬৬ জন এবং ২৭৪ জন রোগী ঢাকার বাইরের।

প্রশাসনের সরাসরি সহায়তায় ভোট কারচুপি হয়েছে: ইনু

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু পরাজিত হয়েছেন। হারের জন্য প্রশাসনকে দায়ী করেছেন তিনি।

তিনি বলেন, প্রশাসনের সরাসরি সহায়তায় ভোট কারচুপি হয়েছে। হারের জন্য আমি প্রশাসনকেই দায়ী করছি। তারা পরিকল্পিতভাবে আমার এলাকার ১৮টি কেন্দ্রে ভোট কারচুপি করেছে।

সোমবার (৮ জানুয়ারি) গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে ইনু বলেন, কিছু জায়গায় ভোট কারচুপি হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমার এলাকাও এর মধ্যে পড়েছে।

এদিকে ভোটের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের কাছে ২৩ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন হাসানুল হক ইনু। ট্রাক প্রতীক নিয়ে কামারুল আরেফিন পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট এবং তার নিকটতম হাসানুল হক ইনু পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগ জয় পেয়েছে ২২৫টি আসনে। এ ছাড়া স্বতন্ত্র ৬১টি এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা।

হজ প্যাকেজ কমাতে হাইকোর্টের রুল

0

সরকার ঘোষিত হজ প্যাকেজ ২০২৩ কেন কমিয়ে নির্ধারণ করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (০৮ জানুয়ারি) এ বিষয়ে জনস্বার্থে আনা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে আইনজীবী পারভেজ হোসেন আদালতের বিষয়টি জানান। আদালতে অ্যাডভোকেট পারভেজ হোসেনের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আহসান উল্লাহ, হুমায়ুন কবীর তামিম, আজিজুল ইসলাম ও মো. ওমর ফারুক।

সুপ্রিমকোর্টের আইনজীবী মো. আশরাফ-উজ জামান রিটটি দায়ের করেন। রিটকারী আইনজীবী বলেন, হজের সময় সব বিমানকে যাত্রী পরিবহন করার সুযোগ দেওয়া প্রয়োজন বলে পর্যবেক্ষণ দেন আদালত।

গত ২৮ নভেম্বর সুপ্রিমকোর্টের আইনজীবী আশরাফ-উজ জামান ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠান।

রিটকারী আইনজীবী আশরাফ-উজ জামান বলেন, হজের মোট খরচ ৪ লাখ টাকায় সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। সেখানে সরকার সাধারণ হজ প্যাকেজ ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করেছে। আর বিশেষ প্যাকেজ ৯ লাখ ৩ হাজার টাকা করা হয়েছে।

রিটে বলা হয়, সৌদির মিনা-আরাফাহ-মুজদালিফা এবং ‘ডি’ ক্যাটাগরির অধীনে মিনায় ফেরার পর পাঁচদিন থাকার জন্য সার্ভিস চার্জ বাংলাদেশি টাকায় ৬২ হাজার ২৭১ টাকা নির্ধারণ করা হয়, যা অতিরিক্ত বলে দাবি করা হয় রিটে।

রিটে আরো বলা হয়, ২০২৪ সালের হজ প্যাকেজ (হিজরি-১৪৪৫) এর খরচ মানুষের নাগালের বাইরে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে মক্কা ও মদিনায় বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় এক লাখ ৬৯ হাজার ৪১০ টাকা, যা অনেক বেশি।