বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
33.9 C
Dhaka

সহকর্মীদের ভালোবাসায় সিক্ত ফেরদৌস

0

অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী হয়ে এবার নির্বাচন করেছেন নায়ক ফেরদৌস আহমেদ। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন এই নায়ক। তার দীর্ঘদিনের সহকর্মীরা এই জয়ে উচ্ছ্বসিত।

রোবাবার (৭ জানুয়ারি) বেসরকারিভাবে ফল ঘোষণার আগেই সন্ধ্যা থেকে ধানমন্ডিতে ফেরদৌসের নির্বাচনী কার্যালয়ে ভিড় করেন চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের সহকর্মী তারকারা। চূড়ান্ত ফল ঘোষণার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।

এদিকে সামাজিকমাধ্যমেও ফেরদৌসকে অভিনন্দন জানিয়েছেন বিনোদন অঙ্গনের মানুষ। ফেরদৌসের ছবি ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তারা। সেই কাতারে আছেন নায়িকা অপু বিশ্বাস।

অপু বিশ্বাস ফেরদৌসের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, অভিনন্দন, সবসময় আরও এগিয়ে যান ফেরদৌস ভাই। আপনার প্রতি অনেক আস্থা ও ভালোবাসা।

শুভেচ্ছা জানিয়ে ভাবনা বলেন, ফেরদৌস ভাই নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। তাকে অভিনন্দন। তিনি আমাদের প্রার্থী। আমাদের সুখে-দুঃখে তাকে পাব।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুইটি তার ফেসবুকে ফেরদৌসকে নিয়ে লিখেছেনন, অভিনন্দন ফেরদৌস! জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

মডেল ও অভিনেতা নিরব ফেরদৌসের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, অভিনন্দন ভাই, বুকের সিনাটা টান টান লাগতেছে।

প্রসঙ্গত, কয়েক বছর ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ফেরদৌস। দলের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। গত উপ-নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন চেয়েও পাননি। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে মূল্যায়ন করে ঢাকা-১০ আসনের নৌকার মাঝি হিসেবে।

ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোট ১৩ জানুয়ারি

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানান অনিয়ম ও সহিংসতার অভিযোগে ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের স্থগিত করা ভোট আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৮ জানূযারি) এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউলয়াল। এর আগে রোববার (৭ জানুয়ারি) অনিয়মের অভিযোগে কেন্দ্রটির ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়।

এদিন ভোটগ্রহণ শেষ হওয়ার শেষ মুহূর্তে বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি দখল ও ভাঙচুর করে ছয়টি ব্যালট বাক্স ছিনতাই করার ঘটনা ঘটে। ফলে এক কেন্দ্রের অনিয়মে আটকে যায় ময়মনসিংহ-৩ পুরো আসনের ফল ঘোষণা।

জানা যায়, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নৌকা এগিয়ে থাকলেও একটি কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য এক হাজারেরও কম থাকায় এ আসনের ফলাফল স্থগিত রয়েছে।

এ আসনে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।

চীনের প্রথম মসজিদ হুয়াইশেং

0
চীনের প্রথম মসজিদ হুয়াইশেং
চীনের প্রথম মসজিদ হুয়াইশেং

হুয়াইশেং নামের মসজিদটি গুয়াংজো শহরের প্রধান মসজিদ। হুয়াইশেং শব্দটির অর্থ হলো “জ্ঞানী লোককে স্মরণ”। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা) এর স্মরণে এ মসজিদটির নামকরণ করা হয় “হুয়াইশেং” মসজিদ। হুয়াইশেং মসজিদটি চীনের চারটি সুপরিচিত মসজিদের একটি। অন্য তিনটি মসজিদ হলো- ইয়াংঝৌ ক্র্যান মসজিদ, কুয়ানঝৌ কিলিন মসজিদ ও হ্যাংঝৌ ফিনিক্স মসজিদ।

ইমাম হল, ওয়াংয়ু চিলেকুঠুরি, ঢাকা করিডোর, ইসলামী বইয়ের সংরক্ষণাগার, পাথরে খোদিত অভিলিখন প্যাভিলিয়ন ও আলোক বুরুজ। এ ছয়টি ভবন নিয়ে গঠিত মসজিদের আয়তন ২,৯৬৬ বর্গমিটার। মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় ও অসাধারণ বৈশিষ্ট্যগুলোর একটি হলো ১১৮ ফুট উচ্চতার সরু মিনার। যেটিকে মসজিদের আলোক বুরুজও বলা হয়। এটি এমন একটি স্থাপনা, যা দেখতে সিলিন্ডারের আকৃতির। এতে পাথর ও চুন-সুরকির সুনিপুণ কাজ রয়েছে। বুরুজের ভেতরে রয়েছে সিঁড়িপথ। এ রকম স্থাপত্যশৈলীর মিনার চীনে আর কোথাও নেই। এই আলোক বুরুজের কারণেই মসজিদটির অপর নাম “লাইট হাউজ বা বাতিঘর মসজিদ”। এক সময় এ আলোক বুরুজটিকে ঝুজিয়াং নদীতে চলাচলকারী নৌকার জন্য আলোকস্তম্ভ হিসেবে ব্যবহার হতো। হুয়াইশেং মসজিদ এখনো চালু আছে এবং গুয়াংঝৌর মুসলমান জনজীবনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

চীনে বর্তমানে ৩০ হাজারের বেশি মসজিদ রয়েছে। চীনের বিভিন্ন অঞ্চলে মিনার ও গম্বুজ আকৃতির। হুয়াইশেং মসজিদটি ১৩৫০ সালে সংস্কার ও পূণ:নির্মাণ করা হয়। ১৬৯৫ সালে এক অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেলে এটিকে আবারও নির্মাণ করা হয়। তারপর থেকে মসজিদটি সেইভাবেই আছে।

১৫ জানুয়ারি শুরু হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের মৌখিক পরীক্ষা

0
অনালাইন ডেস্ক । জনতা মেইল
অনালাইন ডেস্ক । জনতা মেইল

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে ১৫ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে কোন জেলায় কোন তারিখে পরীক্ষা সেটি সংশ্লিষ্ট জেলার কর্মকর্তারা সুবিধাজনক সময় নির্ধারণ করে প্রার্থীদের আগেই জানিয়ে দেবেন।

প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৩৩৭ জন। গত ৮ ডিসেম্বর ৩ বিভাগের ১৮ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।

বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১০ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়েছে, প্রার্থীদের ১০ জানুয়ারির মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের অনলাইনে আবেদনের আপলোড করা ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানার সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের সনদ, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ পোষ্য সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে ১০ জানুয়ারি নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সব সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি (সত্যায়িত) জমা দেওয়ার সময় মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে দেখাতে হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থী ১০ জানুয়ারির মধ্যে কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাঁদের অনুকূলে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না।

মৌখিক পরীক্ষার সময় উল্লিখিত সব সনদ, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে।

নির্বাচনের পরদিনই মিরপুরে সাকিব

0
খেলাধুলা ডেস্ক । জনতা মেইল
খেলাধুলা ডেস্ক । জনতা মেইল

গতকালই জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব। কাল রাতেই মাগুরা থেকে রওনা দিয়ে আজই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হলেন এই তারকা অলরাউন্ডার।

শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে আজ হাজির হন সাকিব,
সামনে বিপিএল। বিসিবির একমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য মাগুরায় থাকা অবস্থায় ফিটনেসের কাজ করছিলেন তিনি। এবার ব্যাট-বলের প্রস্তুতি নেওয়ার পালা। এবারের বিপিএলে সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। ১৯ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের দশম আসরের।

এ বিজয় জনগণের : শেখ হাসিনা

0
নিজস্ব প্রতিবেদক | জনতা মেইল
নিজস্ব প্রতিবেদক | জনতা মেইল

তিনি বলেন, এ বিজয় আমার বিজয় নয়, এটি জনগণের বিজয়।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে গণভবনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শুরুতে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, এবারের নির্বাচন ছিল ব্যতিক্রমী। সাধারণত দলগুলো প্রার্থী দেয়। এবার আমি প্রার্থী দেওয়ার পাশাপাশি সবার জন্য নির্বাচন উন্মুক্ত করে দিই।

তিনি বলেন, একটি দল নির্বাচনে অংশ নেয়নি, কারণ তারা কখনো অংশ নিতে চায় না। যারা মিলিটারি ডিক্টেটরের হাতে তৈরি হয়, তাদের জনসমর্থন থাকে না। নির্বাচনকে তারা ভয় পায়। আমাদের দল হলো জনগণের দল।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমাদের অনেক স্বতন্ত্রও নির্বাচিত হয়েছে এবং অন্য দলগুলো থেকেও নির্বাচিত হয়েছে, দেশের মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, এ বিজয় আমার বিজয় নয়, আমি মনে করি এটি জনগণের বিজয়। কারণ এখানে জনগণের যে অধিকারটা আছে, সরকার গঠন করার ক্ষমতা তাদের হাতে, যেটি আমার দীর্ঘদিনের সংগ্রাম, জনগণের ভোটের অধিকার, এ নির্বাচনের মধ্য দিয়ে তা সুষ্ঠুভাবে হয়েছে।

গণভবনের সবুজ লনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ-বিদেশের শতাধিক সাংবাদিক ও পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে তিনি ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ভোট হয় ২৯৯টি আসনে। এক প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ স্থগিত ছিল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে সোমবার দুপুর পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২২৩টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ।

ভোটের হার ৪০ শতাংশের বেশি, সন্দেহ হলে চ্যালেঞ্জ করতে বললেন সিইসি

0
নিজস্ব প্রতিবেদক | জনতা মেইল
নিজস্ব প্রতিবেদক | জনতা মেইল

দ্বাদশ সংসদ নির্বাচনে সারা দেশে মোট ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়ার তথ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কারো সন্দেহ থাকলে তিনি ‘চ্যালেঞ্জ’ জানাতে পারেন।

ভোটের পরদিন সোমবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটের এই হার তিনি তুলে ধরেন।

তিনি বলেন, “কারো যদি কোনো সন্দেহ, দ্বিধা থাকে, ইউ ক্যান চ্যালেঞ্জ ইট, এবং যদি মনে করেন, এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম, যে ওটাকে চ্যালেঞ্জ করে, আমাদের অসততা, যদি মনে করেন, তাহলে সেটাকে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন।”

তুলনামূলক কম ভোটারের উপস্থিতি, কয়েকটি আসনে গোলযোগ আর অনিয়মের অভিযোগের মধ্যে রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। পরে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় গণনা।

নির্বাচন কমিশন এবার ভোট চলার মধ্যেই ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপে দুই ঘণ্টা পরপর ভোটের হার জানানোর প্রতিশ্রুতি দিয়েছিল, তবে বাস্তবে তা হয়নি।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম দুপুরে ব্রিফিংয়ে এসে বেলা ১২টা পর্যন্ত ১৮ দশমিক ৫ শতাংশ এবং পরে বিকাল ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়ার হিসাব দেন।

তাহলে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর এবারই সবচেয়ে কম ভোটের হার হচ্ছে কি না, সেই প্রশ্ন তৈরি হয় সে সময়। তবে ভোট শেষে রোববার বিকালে ব্রিফিংয়ে এসে সিইসি হাবিবুল আউয়াল বলেন, ভোটের হার ৪০ শতাংশের মত হতে পারে। পরিপূর্ণ তথ্য আসার পর এটা বাড়তেও পারে, নাও পারে।

রোববার রাত আড়াইটার পর পূর্ণাঙ্গ ফল ঘোষণা অসমাপ্ত রেখেই ফলাফল ঘোষণা কেন্দ্র ছাড়েন ইসি সচিব জাহাঙ্গীর। ২৯৮ আসনের ফল টাঙিয়ে দেওয়ার কথা জানিয়ে সাংবাদিকদের সেখান থেকে তথ্য নিতে বলা হয়।

এরপর সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটের হার নিয়ে নতুন তথ্য এবং হার বাড়ার কারণ ব্যাখা করেন সিইসি।

তিনি বলেন, “টোটাল রেজাল্টটা আসার পর কে কতটা ভোট পেল, ২৯৮টা আসনের যে রেজাল্টগুলো, একজন দুজন তিনজন চারজন ওটাকে যোগ করলে একটা যোগফল বের হয়। এভাবে তিনশটা, এটা কিন্তু খুব কঠিন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি নয়।

“এটাকে যোগ করলে, এক্সেলে ফেলে দিলে পার্সেন্টেজটা একটা টিপ দিলেই বেরিয়ে আসে। যখন আমি ২টার সময় বলি, তখন কোনোভাবেই এটা পুরোপুরি সঠিক হওয়ার কথা না, যখন ৪টার সময় বলি, এটা কোনোভাবেই সঠিক হওয়ার কথা নয়। যখন রাতের ১০টায় বলি, যদি সব চলে আসে, বা এখন যদি বলি, সব চলে আসছে, তাহলে ইয়েটা দেখা যাবে।

সিইসি বলেন, “এখন যে রেজাল্টটা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে, ৪১ দশমিক ৮ পারসেন্ট।”

কেউ যদি মনে করেন এ তথ্যে ভুল রয়েছে, তিনি চ্যালেঞ্জ করতে পারেন জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, ভোটের এ হার নিয়ে সমালোচনাকারীদের তথ্য প্রমাণ নিয়ে আসার চ্যালেঞ্জ দেওয়া হলো।

একজন প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ আসনের ভোট আগেরই পিছিয়ে দেওয়া হয়েছিল। রোববার ভোটের মধ্যে একটি কেন্দ্র স্থগিত থাকায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ফল স্থগিত রাখে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। ফলে এ পর্যন্ত ২৯৮ আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

তাতে ২২৩টি আসন পেয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থিরা, যাদের প্রায় সবাই আওয়ামী লীগের নেতা। ৬১ আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।

গত দুই সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি শেষ পর্যন্ত ১১ আসনে জয় পেয়েছে। যে ২৬ আসনে আওয়ামী লীগ লাঙ্গলকে ছাড় দিয়েছিল, তার অর্ধেকের বেশি আসন তারা খুইয়ে বসেছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি এবং এক সময় বিএনপির জোটে থাকা কল্যাণ পার্টি একটি আসনে জয় পেয়েছে।

বিজয়ের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ৮ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

0

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আটটি দেশের রাষ্ট্রদূত। সোমবার (৮ জানুয়ারি) গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা।

সাক্ষাতে রাষ্ট্রদূতগণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ নিজ দেশের পক্ষ থেকে অভিনন্দন জানান। সেই সঙ্গে তারা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সহযোগিতা কামনা করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রোববার (৭ জানুয়ারি) রাত পৌনে ১টায় পর্যন্ত ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল পাওয়া গেছে।

এতে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থীরা ২২৩টিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে।

সংসদের ৩০০টি আসনের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ১৫১টি বা তার বেশি আসনে যে দল জয়ী হন তারাই সরকার গঠন করেন। যেহেতু আওয়ামী লীগ ১৫১টির বেশি আসনে বিজয়ী হয়েছে। ফলে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। এর আগে, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সরকার গঠন করে আওয়ামী লীগ।

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এ সময়ে কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে। ৩০ থেকে ৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট বাতিল করা হয় এবং জাল ভোটে সহায়তা করার জন্য ১৫ ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী।

এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে।

ইসির দেয়া তথ্যমতে, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী ছিল আওয়ামী লীগের। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি।

এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।

মাদারীপুর-৩ আসন: গোলাপকে হারিয়ে তাহমিনা জয়ী

0

মাদারীপুর-৩ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৬ হাজার ৬৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুস সোবহান গোলাপ পেয়েছেন ৬১ হাজার ৯৭১ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাত ৯টা ১০ মিনিটে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ এ ফল ঘোষণা করেন। এতে দেখা যায় স্বতন্ত্র প্রার্থী তাহমিনা ৩৪ হাজার ৬৬২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এরপরই কালকিনি পৌরশহরে আনন্দমিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ।

জেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা যায়, মাদারীপুর-৩ আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) মো. আবদুল খালেক পেয়েছেন ৫৩৩, তৃণমূল বিএনপির প্রবীণ হালদার পেয়েছেন ৪৩৪, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী পেয়েছেন ১৯৩ ও কৃষক-শ্রমিক-জনতা লীগের নকুল কুমার বিশ্বাস পেয়েছেন ২৬৩ ভোট।

কালকিনি ও ডাসার উপজেলার ১৫টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং মাদারীপুর সদরের ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৮৫৬ জন।

প্রসঙ্গত, পরাজিত আবদুস সোবহান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা-বিষয়ক সম্পাদক। বিজয়ী তাহমিনা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ২২ হাজার ৮০০

0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা পৌঁছেছে ২২ হাজার ৮৩৫ জনে। এদের মধ্যে প্রায় ১০ হাজার শিশু। এছাড়া গাজায় আহত হয়েছে অন্তত ৫৮ হাজার ৪১৬ জনের বেশি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েল গাজায় ১১৩ জনকে হত্যা করেছে। আহত হয়েছেন ২৫০ জনের বেশি। খবর আনাদুলু এজেন্সির

ইসরায়েল এখন পর্যন্ত গাজায় ৩২৬ জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং ১০৪টি অ্যাম্বুলেন্স ধ্বংস করেছে। এছাড়া গাজার ১৫০ স্বাস্থ্য সুবিধাকে লক্ষ্য করেছে ইসরায়েল এবং ৩০টি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

সম্প্রতি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা উল্লেখ করেছেন যে, ৯৯ জন স্বাস্থ্যকর্মীকে অমানবিকভাবে আটক করেছে ইসরায়েল।

তিনি বলেন, গাজায় ১৯ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ দুর্ভিক্ষ ও মহামারির মুখে পড়েছে। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে যে, ১৯৪৮ সালের নাকবার পর এই বছর শহিদের সংখ্যা সবচেয়ে বেশি।

ইউনিসেফের পরিচালক জেমস এল্ডার বলেছেন যে, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার এক হাজারেরও বেশি শিশুর এক বা উভয় পা কেটে ফেলা হয়েছে।

তিন মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে ফিলিস্তিনের গাজা ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ সংক্রান্ত প্রধান। গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার প্রেক্ষিতে যুদ্ধের উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। তিন মাস পার হলেও গাজায় ইসরায়েলের হামলা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার সাধারণ নাগরিকদের বিরাট অংশ গৃহহীন হয়ে পড়েছেন। এছাড়াও অনেকেরই বাড়িঘর ধ্বংস হয়েছে। বেশ কিছু অংশ এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় ‘গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ সংক্রান্ত প্রধান মার্টিন গ্রিফিথস।

প্রায় দুই মাস ধরে গাজায় স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। এই অভিযানে অংশ নিয়ে ইসরায়েলের সেনারা গাজা থেকে নগদ টাকা, সোনার গয়নাসহ নানা ধরনের মূল্যবান সম্পদ লুট করছে তারা। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি সেনারা প্রায় ২৫ মিলিয়ন ডলার (২৭৩ কোটি টাকার বেশি) মূল্যের সম্পদ লুট করেছে।

গাজার মিডিয়া অফিস শনিবার জানিয়েছে, ইসরায়েলি সেনারা গাজা থেকে নগদ অর্থ, সোনা-দানা লুট করেছে। গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত লুটের সম্পদের পরিমাণ প্রায় ৯০ মিলিয়ন শেকেল।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে যে, গাজার শিশুরা দুঃস্বপ্নের মধ্যে পড়েছে। সেখানকার প্রায় ১১ লাখের বেশি শিশু সংঘাত, অপুষ্টি এবং রোগের তীব্রতার হুমকির সম্মুখীন হচ্ছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন যে, ‘গাজার শিশুরা এমন একটি দুঃস্বপ্নের মধ্যে পড়েছে যা দিন দিন আরও খারাপ হচ্ছে।’