বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
33.9 C
Dhaka

টানা চতুর্থবার সরকার গঠন করছে আওয়ামী লীগ

0
নিজস্ব প্রতিবেদক | জনতা মেইল
নিজস্ব প্রতিবেদক | জনতা মেইল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (৭ জানুয়ারি) রাত পৌনে ১টায় পর্যন্ত ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল পাওয়া গেছে।

এতে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থীরা ২২৩টিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে।

সংসদের ৩০০টি আসনের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ১৫১টি বা তার বেশি আসনে যে দল জয়ী হন তারাই সরকার গঠন করেন। যেহেতু আওয়ামী লীগ ১৫১টির বেশি আসনে বিজয়ী হয়েছে। ফলে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। এর আগে, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সরকার গঠন করে আওয়ামী লীগ।

এর আগে, রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এ সময়ে কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে। ৩০ থেকে ৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট বাতিল করা হয় এবং জাল ভোটে সহায়তা করার জন্য ১৫ ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী।

এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে।

ইসির দেয়া তথ্যমতে, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী ছিল আওয়ামী লীগের। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি।

এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।

আন্দোলন থেকে সরছে না বিএনপি, আসছে নতুন কর্মসূচি

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ঘিরে বিএনপির দেয়া ৪৮ ঘণ্টার হরতাল আজ সোমবার সকালে শেষ হয়েছে। তবে ভোটের পরেও দলটির আন্দোলন-কর্মসূচি চলবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ভোটের পর দলটি সরকার পতনের ‘এক দফা’ দাবি জোরদার করার লক্ষ্য ঠিক করেছে। তাই আন্দোলনে বিরতি না দিয়ে আগামীকাল মঙ্গলবার থেকে দলটি নতুন কর্মসূচি শুরু করবে।

বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, সরকারের পতন এবং দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। দলের নীতিনির্ধারণী নেতারা একমত হয়েছেন যে এবার আন্দোলন-কর্মসূচিতে বিরতি দেওয়া যাবে না। তবে ভোটের পর নতুন প্রেক্ষাপটে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে, সেটি এখনো ঠিক হয়নি।

গত দুই দিনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নীতিনির্ধারণী নেতারা বর্তমান সরকারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা পরবর্তী আন্দোলনের ধরন নিয়েও ভাবছেন।

বিএনপির দাবি, দলটির হিসাব অনুযায়ী, এই মুহূর্তে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৭ হাজার নেতা-কর্মী কারাবন্দী। এর সঙ্গে আছে আদালতের দণ্ড। ইতোমধ্যে ৮৪টি মামলায় ১ হাজার ২৯৪ জনের বেশি নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সামনের কর্মসূচিতে সরকার পতনের ‘এক দফা’র সঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিবসহ হাজার হাজার কারাবন্দী নেতা-কর্মীর মুক্তির দাবি সামনে আসবে। কর্মসূচিতে সরকার পতনের লক্ষ্যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও থাকবে। তবে দলগুলোর নেতাদের অনেকে পরবর্তী আন্দোলন-কর্মসূচির কৌশল নিয়ে ভাবছেন।

আন্দোলনের সব কৌশল ব্যর্থ হওয়ার পর বিরোধী দলগুলো ভোটের পর কী করবে, এমন প্রশ্ন এখন মুখে মুখে। এ বিষয়ে গত রাতে দেশবাসীর উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সাত তারিখপার হওয়ার পরেও এই কর্মসূচি থামবে না। এই সরকারকে ‘না’ বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায়। সারাদেশে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার কেন্দ্রগুলোতে সারিবদ্ধ হয়ে ভোট দিতে দাঁড়াতে দেখা গেছে ভোটারদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৮টায় ভোট শুরুর পর ঢাকার সিটি কলেজ কেন্দ্রে প্রথম ভোট দেন।

অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর সব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। দেশব্যাপী সব জেলায়ও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। নির্বাচন উপলক্ষে গত ৩ জানুয়ারি থেকে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট জেলা রিটার্নিং অফিসারের নির্দেশে গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছেন।

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে গত কয়েক সপ্তাহে ট্রেন ও বাসসহ বিভিন্ন যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার ফলে নির্বাচনকে ঘিরে এক ধরনের নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। যদিও নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে, নিরাপত্তার কোনো ঘাটতি নেই।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সব ভোটারকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোট নেওয়া হবে। ভোট নেওয়া হচ্ছে ব্যালট পেপারে।

বিএনপিসহ রাজপথের অনেক বিরোধী দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। তারা দেশবাসীকে নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি ও জাসদ-ইনুসহ ২৮টি দল নির্বাচনে অংশ নিচ্ছে।

নির্বাচনী লড়াইয়ে রয়েছেন মোট ১৯৭১ জন প্রার্থী। তাদের মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী। বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা ২৬৬ জন। জাতীয় পাটির ২৬৫ জন, তৃণমূল বিএনপির ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জন ভোটের মাঠে আছেন।

নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

ফ্ল্যাট থেকে মডেল তাসনিয়ার মরদেহ উদ্ধার

0

রাজধানীতে নিজ বাসা থেকে মডেল তানজিম তাসনিয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর ধানমন্ডির একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকতেন।

সেখান থেকেই তার লাশ উদ্ধার করা হয়। তাসনিয়ার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌসী।

তিনি বলেন, ওই ফ্ল্যাটে একাই থাকতেন তাসনিয়া। আরেকটি ফ্ল্যাটে থাকেন পরিবারের অন্য সদস্যরা। ভোরে এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ওই ফ্ল্যাটে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তসনিয়াকে। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারিক সূত্রে জানা গেছে, তাসনিয়া ইউল্যাবের মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি মডেলিং করতেন তিনি। তাসনিয়া খুব জেদি স্বভাবের ছিলেন। তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন তা এখনও জানা যায়নি।

এর আগে গত বছরে একাধিক প্রতারণার অভিযোগে আলোচনায় এসেছিলেন তাসনিয়া। তখন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছিলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক জসীম আহমেদ।

প্রসঙ্গত, অভিনয়ে নবাগত ছিলেন তাসনিয়া। কয়েকটি চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। নির্মাতা অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ সিরিজের একটি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তাসনিয়া।

চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জাম বহনকারী বাসে আগুন

0

চট্টগ্রামে ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নামিয়ে দিয়ে সড়কে দাঁড়ানো অবস্থায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন দেয়ার পর বাস চালক দ্রুত নেমে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি ওই এলাকার একটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নামিয়ে দিয়ে সড়কের পাশে দাঁড়িয়েছিল। তবে যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।

এ বিষয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, বাসে আগুন দেয়ার খবর পেয়ে  ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাসে শুধু চালক ছিলেন। তিনি দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন।

দিনাজপুরে তিন প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ আসনে বীরগঞ্জ উপজেলায় তিন প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করেছে।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে এলাহী প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যাহার হওয়া তিন প্রিজাইডিং অফিসার হলেন বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী, মহিলা কলেজের প্রফেসর রফিকুল ইসলাম ও ঝাড়বাড়ী কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ পাল।

রিটার্নিং অফিসার ফজলে এলাহী জানান, স্বতন্ত্র সংসদ সদস্য জাকারিয়া জাকা (ট্রাক) প্রার্থী তিনজন প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচারণের  অভিযোগ দাখিল করেছে। পরে তিনজন প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

আগামীকালকের দ্বাদশ জাতীয় নির্বাচনে দিনাজপুর-১ আসনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল, জাতীয় পার্টির শাহিনুর রহমান, ওয়ার্কার্স পার্টির আব্দুল হক, এনপিপির জহুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া জাকা।

মধ্যরাতে জ্বলছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

0

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সাভির্সের পাঁচটি ইউনিট।

রোববার (৭ জানুয়ারি) রাত ১টার দিকে উখিয়া ৫নং ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

১৪ আমর্ড পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনে এ পর্যন্ত ১৫ থেকে ২০টি ঘর পুড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি আরও বলেন, আগুনের উৎপত্তি কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদ্‌ঘাটনে তৎপরতা অব্যাহত আছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা অবস্থান করছেন।

১২ জেলায় ১৯ ভোটকেন্দ্রে আগুন 

0

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এরই মধ্যে ভোট বর্জনে ভোটের দিন ও ভোটের আগেরদিন সারা দেশে হরতাল পালন করছে বিএনপি-জামায়াত। শনিবার ছিল হরতালের প্রথম দিন। এদিন দেশের ১২ জেলায় ১৯টি ভোটকেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, শরীয়তপুর, চট্টগ্রাম, শেরপুর, নেত্রকোনা, পটুয়াখালী, খুলনা ও বরগুনা জেলার নিম্নোক্ত কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে-

টাঙ্গাইল

টাঙ্গাইল পৌরসভার ১ নম্বর ওয়া‌র্ডের কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকে‌ন্দ্রে এক‌টি প‌রিত‌্যক্ত ঘ‌রে শনিবার সকাল ৬টায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

শরীয়তপুর

শুক্রবার রাতে নড়িয়া উপজেলায় ঘরিষার ইউনিয়নে চরমোহন সুরেশ্বর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয়া হয়েছে।

ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান বলেন, আমরা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তিনটি বেঞ্চ পুড়ে যাওয়া ছাড়া ভোটকেন্দ্রটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, ৩৭৮টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের জানালার গ্লাস ভেঙে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। কেন্দ্রটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে।

সুনামগঞ্জ

জেলার মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শুক্রবার গভীর রাতে আগুন দেয়া হয়েছে। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অতীশ চাকমা বলেন, খবর পেয়েই পুলিশ নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কারা আগুন দিয়েছে, তা অনুসন্ধান করা হচ্ছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আনাম জানান, সকালে বিদ্যালয়ের নৈশপ্রহরী অগ্নিসংযোগের খবর দেন। তখন তারা এসে দেখতে পান বিদ্যালয়ের পরিত্যক্ত ওই ভবনের দুটি দরজায় অগ্নিসংযোগ করা হয়েছে। পরে তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ভবনটির একটি দরজা পুরোপুরি ও আরেকটি দরজা আংশিক পুড়ে গেছে।

টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

খুলনা

শুক্রবার রাতে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ভেবে এবং রূপসা উপজেলার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয়া হয়েছে।

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা বলেন, ওই প্রাথমিক বিদ্যালয়টি ভোটকেন্দ্র নয়। কেন্দ্রে ভেবে সেখানে অগ্নিসংযোগ করা হয়। এতে বিদ্যালয়ের লাইব্রেরির একটি কক্ষ পুড়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।“

রূপসা থানার ওসি মোহাম্মদ শওকত কবীর বলেন, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয়া হয়। তবে নৈশ প্রহরীর চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় সেখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ময়মনসিংহ

শনিবার ভোরে গফরগাঁও উপজেলায় গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং সকাল ৯টার দিকে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে, নাকি নাশকতা তা তদন্ত করা হচ্ছে। তবে আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি, কেন্দ্রে ভোট নেয়ার মত পরিস্থিতি আছে বলে জানান তিনি।

নান্দাইল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিভাবে আগুন লেগেছে, তা জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। কেন্দ্রের তেমন ক্ষয়ক্ষতি না হওয়ায় এখানে ভোট হবে।

হবিগঞ্জ

মধ্যরাতে চুনারুঘাট উপজেলায় লক্ষ্মীপুর বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, আগুন কয়েকটি কক্ষে ছড়িয়েছিল। বেঞ্চসহ অন্যান্য আসবাবপত্র পুড়েছে এতে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর

শুক্রবার দিবাগত রাতে গাজীপুর মহানগরের ওয়্যারলেস গেট এলাকায় পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-আরেফিন বলেন, রাত সোয়া ১টার দিকে দুর্বৃত্তরা গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষের একটি জানালা দিয়ে ভেতরে থাকা আলমারীতে পেট্রোল ও আগুন ছুড়ে পালিয়ে যায়। আগুন দ্রুত আলমারিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন ও গাজীপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান। আগুনে আলমারিতে থাকা বইপত্র ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র পুড়ে গেছে।

এ ছাড়া রাতের কোনো এক সময় বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন দেয়া হয় বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান জানান।

গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী রুমানা আলী এবং নগরীর উত্তর রাজবাড়ি এলাকায় গাজীপুর-২ আসনের নৌকার প্রার্থী মো. জাহিদ আহসান রাসেলের নির্বাচনি প্রচার কেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার গভীর রাতে কোনো এক সময় শ্রীপুরের মুলাইদ গ্রামের শফিক মোড়ে এবং নগরীর উত্তর রাজবাড়ি পানির ট্যাঙ্কির উত্তর পাশে প্রচার ক্যাম্পে আগুন দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

বরগুনা

শুক্রবার রাত ১১টার দিকে আমতলী উপজেলায় আরপাঙ্গাশিয়া ইউনিয়নে দুইটি পাশাপাশি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। দুইটি কেন্দ্রের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

বরগুনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. রফিকুল ইসলাম বলেন, দুটো কেন্দ্রে আগুন ধরার পর পরই নিভিয়ে ফেলা হয়েছে। কেন্দ্র দুটিতে ভোট গ্রহণে কেনো ধরনের অসুবিধা হবে না।

পটুয়াখালী

পটুয়াখালীতে শুক্রবার দিবাগত ভোরে পৌরসভার ৭ নং ওয়ার্ডের শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একটি কক্ষে আগুন দিয়ে তিন জোড়া বেঞ্চ পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। নৈশ প্রহরী প্রথমে দেখে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে স্কুলের হলরুমের তিন জোড়া বেঞ্চ আংশিক পুড়ে যায়।

শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি জানান, নৈশ প্রহরীর মাধ্যমে সকালে জানতে পারি আমাদের বিদ্যালয়ের পরীক্ষার হলরুমে কে বা কারা আগুন দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসি এর পরপর জেলা প্রশাসক স্যার কে জানাই। তাৎক্ষণিক স্যার এসে পরিদর্শন করেন।

চট্টগ্রাম

শনিবার ভোরে বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর ধুপপুল এলাকার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দেয়া হয়।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা বলেন, ভোরে প্রধান শিক্ষকের কক্ষে আগুন লাগে। শিক্ষার্থীদের বই বিতরণের পর কিছু অবশিষ্ট ছিল। তার মধ্যে ৭০টার মত বই পুড়েছে। এতে কেন্দ্রের কোনো সমস্যা হবে না।

শেরপুর

শনিবার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভোরে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যালয়ের স্টোররুমে থাকা কয়েকটি বেঞ্চ পুড়ে গেছে।

নেত্রকোনা

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের কেন্দুয়া উপজেলায় চারটি ভোটকেন্দ্রে শুক্রবার দিবাগত রাত একটার দিকে চারটি পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এতে এক বিদ্যালয়ের একটি দরজা আংশিক পুড়ে গেছে। এ ছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

যে চারটি কেন্দ্রে আগুন দেয়া হয়েছে, সেগুলো হলো সান্দিকোনা ইউনিয়নের ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিম মিঞা তিনটি কেন্দ্রে আগুন দেয়ার কথা নিশ্চিত করেছেন।

 

মগবাজার ও ‍মুগদায় ককটেল বিস্ফোরণ

0

রাজধানীর মগবাজার ও মুগদায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) রাত পৌনে দশটার দিকে পৃথক এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

মুগদা ঝিলপাড় ওয়েসিস স্কুল ভোট কেন্দ্রের সামনে রাত সাড়ে ৯টায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। এছাড়া মগবাজার মোড়ে ২টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

মুগদা থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, ‘এখনো এ ধরনের খবর আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবো।’

এদিকে প্রায় একই সময়ে মগবাজার মোড়ে ৩টি ককটেল বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, পরপর ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগ মুহূর্তে বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলোর হরতালসহ আন্দোলন কর্মসূচির মধ্যে রাজধানীতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।

এর আগে শুক্রবার গোপীবাগে চলন্ত ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও শুক্রবার সন্ধা থেকে সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ভোটকেন্দ্র, যানবাহন ও অন্যান্য একাধিক স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ভোট দিতে পারবেন না মাহি-ডলি

0

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের মাঠে বেশ কয়েকজন তারকা প্রার্থী হয়েছেন। তবে প্রার্থী হয়েও ভোট দিতে পারবেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি ও কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।

মাহিয়া মাহি প্রথমবারের মতো লড়ছেন জাতীয় সংসদ নির্বাচনে। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি। তার প্রতীক ট্রাক।

রাজশাহীর প্রার্থী হলেও মাহি রাজধানীর উত্তরার ভোটার। তবে নিজে প্রার্থী হওয়ায় নির্বাচনী এলাকায় থাকতে হচ্ছে তাকে। এ কারণেই নিজের ভোট দেয়া হচ্ছে না মাহিয়া মাহির।

অন্যদিকে, পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নির্বাচন করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। এই গায়িকার প্রতীক নোঙর। তিনিও প্রথমবার নির্বাচনে লড়ছেন।

জানা গেছে, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ভোটার ডলি সায়ন্তনী। তবে পাবনায় থাকায় ভোট দেয়া সম্ভব হচ্ছে না।