বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
29.6 C
Dhaka

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

0

সফরকারী বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড দল। এজন্য সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি কিউইদের কাছে স্রেফ আনুষ্ঠানিকতার। অন্যদিকে নাজমুল হোসেন শান্তর দল নামবে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

নেপিয়ারের ভেন্যুটি টাইগারদের জন্য বিভীষিকার নাম হলেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় এই ধরণের কন্ডিশনে বড় জুটি প্রয়োজন। ঐ জিনিসটাই করার চেষ্টা করব আগামীকালের ম্যাচে। আর যেটা বললেন আরেকটা হোয়াইটওয়াশের সামনে, দোয়া করেন যেন ঐ জিনিসটা না হয়।’

এদিকে ঘরের মাঠে জয়ের ধারায় থাকতে চান ব্ল্যাক ক্যাপ কোচ গ্যারি স্টেডও। তার কথায়, ‘সব ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ। ম্যাচ জেতা সহজ কোনো কাজ নয়। মাঠে আমাদেরকে অনেক কাজ সঠিকভাবে পরিচালনা করে তবেই জয় পেতে হয়। সব ম্যাচই আমাদের জেতার জন্য যেতে হবে।’

লজ্জা এড়ানোর ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন। প্রথম দুই ম্যাচ একাদশে সুযোগ না পাওয়া তানজিদ তামিম শেষ ম্যাচের একাদশে দলে সুযোগ পেতে পারেন। আর সেটি হলে বাদ পড়তে পারেন লিটন দাস।

প্রথম ম্যাচে ভালো করার সুবাদে তৃতীয় ওয়ানডেতে আরেকটি সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজয়ের। এছাড়া আরো একটি পরিবর্তনও হতে পারে শেষ ওয়ানডেতে।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিম সাকিব, রিশাদ হোসেন/আফিফ হোসেন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

হামাসের হামলায় ১১ ইসরাইলি সেনা নিহত

0

দুই মাসের বেশি সময় ধরে চলছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হামাসের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ। সেখানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। আহত লাখ লাখ। বাস্তহারা হয়েছে ২০ লাখের বেশি মানুষ।

তবুও থামছে না ইসরাইলী বোমা হামলা। এক কথায় টানা বোমা হামলায় মাটির সঙ্গে মিশে গেছে গাজা। এতকিছুর পর হামাস আন্দোলন চালিয়ে যাচ্ছে।

গাজার উত্তরাঞ্চলের আল-তুয়াম এলাকায় মেশিনগান দিয়ে লড়াইয়ে ইসরাইল স্পেশাল ফোর্সের অন্তত ১১ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এর আগে বৃহস্পতিবার হামাসের পক্ষ থেকে জানানো হয়, গত তিন দিনে তাদের হামলায় ২৫ ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছেন।

গত ৭ অক্টোবরে শুরু হওয়া হামাস-ইসরাইল যুদ্ধে ফিলিস্তিনের সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বেশি। ফিলিস্তিন কর্তৃপক্ষের তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ সংখ্যা ২০ হাজার ছুঁয়েছে। নিহতদের মধ্যে চার হাজার শিশু এবং ছয় হাজার ২০০ নারী রয়েছেন। এ ছাড়া এই রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনের ৫৫ হাজার মানুষ আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

আরও কমলো সয়াবিনের দাম

0

আন্তর্জাতিক বাজারে আরও কমেছে সয়াবিনের দাম। এতে ভোজ্যতেল তৈরির মূল উপকরণটির মূল্য গত ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর আরেক দফা হ্রাস পেয়েছে। বাণিজ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনের বরাত এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, তেলবীজটির শীর্ষ উৎপাদক দেশ ব্রাজিলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় সয়াবিনের উৎপাদন বেড়ছে। এতে বিশ্ববাজারে সরবরাহ বাড়ায় সয়াবিনের দরপতন ঘটেছে। সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের চুক্তি মূল্য হ্রাস পেয়েছে।

আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের চুক্তি মূল্য হ্রাস পেয়েছে। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১২ ডলার ৯৮ সেন্টে। গত ৭ ডিসেম্বরের পর যা সর্বনিম্ন। সবমিলিয়ে চলতি সপ্তাহে তেলবীজটির দর নিম্নমুখী হয়েছে ১ শতাংশেরও বেশি। যদিও এর আগে শুষ্ক আবহাওয়ার কারণে ব্রাজিলে সয়াবিনের উৎপাদনের পূর্বাভাস কমিয়েছিল রাবো ব্যাংক। প্রথমে ২০২৩/২৪ অর্থবছরে ১৬৩ মিলিয়ন মেট্রিক টন উৎপন্নের আভাস দিয়েছিল তারা। তবে পরে সেটার পরিমাণ কমিয়ে ১৫৮ মিলিয়ন মেট্রিক টনে নামিয়ে এনেছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকরা বলছেন, সময়মতো বৃষ্টিপাতে দেশটির মধ্য-দক্ষিণ অঞ্চলে ব্যাপক পরিমাণ ফসল ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। ফলে প্রত্যাশার চেয়ে বেশি সয়াবিনের উৎপাদন বৃদ্ধি পাবে।

বিশ্বের আরেক বৃহৎ উৎপাদক আর্জেন্টিনাতেও পরিমিত বৃষ্টি হয়েছে। এতে দেশটিতেও সয়াবিন চাষ বেগবান হয়েছে। ফলে সেখানেও উৎপাদন বাড়বে বলে আশা জেগেছে।

স্টোনেক্স বিশ্লেষক আরলান সুদেরম্যান বলেন, আর্জেন্টিনায় সয়াবিন দ্বিগুণ উৎপন্ন হয়ে বেড়ে দাঁড়াবে ৫০ মিলিয়ন মেট্রিক টনে। এছাড়া প্যারাগুয়ে ও উরুগুয়েতেও উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা জোরালো হয়েছে। এমনটি হলে দেশগুলো থেকে বৈশ্বিক বাজারে সয়াবিনের রপ্তানি বাড়বে। এই ইঙ্গিতে তেলবীজটির দাম চাপে পড়েছে। স্বাভাবিকভাবেই দর হ্রাস পেয়েছে।

অভিনেত্রী মারিয়া নূরের বাবা আর নেই 

0

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা মারিয়া নূরের বাবা মো. আব্দুল লতিফ খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন তিনি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার মারিয়া নূর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে মারিয়া লেখেন, ‘আমারে বাবা আব্দুল লতিফ খান আর নেই (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। দয়া করে তার আত্মার মাগফেরাত করবেন।’

জানা গেছে, শুক্রবার(২২ ডিসেম্বর) বাদ ফজর মো. আব্দুল লতিফ খানের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাদ জোহর কুমিল্লার প্রেমতলা জামে মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা।

অনেক দিন ধরেই পর্দায় নেই মারিয়া নূর। সবশেষ সরব উপস্থিতি ছিল তার ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে। এর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গত বছর সন্তানের মা হয়েছেন মারিয়া। বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে আছেন তিনি।

ডেঙ্গু: মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১০৩

0

ডেঙ্গুতে সারাদেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এসময় এডিস মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন। এর আগে বৃহস্পতিবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

শুক্রবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩০ জন এবং ঢাকার বাইরের ৭৩ জন। চলতি বছরে এখন পর্যন্ত ৩ লাখ ২০ হাজার ১৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ৭৪৩ জন। আর ২ লাখ ১০ হজার ৪১৫ জন ঢাকার বাইরের। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩ লাখ ১৭ হাজার ২৭৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৬৯২ জনের।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি রাশিয়ার

0

যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। ইউক্রেন যুদ্ধের কারণে জব্দ করা সম্পদ বাজেয়াপ্ত করা হলে এ সিদ্ধান্ত নেবে রাশিয়া বলে জানান তিনি।

শুক্রবার (২২ ডিসেম্বর) বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রিয়াবকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের অবশ্যই উচিত হবে না মোহাচ্ছন্ন হয়ে কোনো পদক্ষেপ নেয়া। তাদের এটা মনে করা ঠিক হবে না যে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে নিতে পণ করে আছে রাশিয়া।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তিদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। নিষেধাজ্ঞার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হয়। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের পুনর্গঠনে এসব সম্পদ ব্যবহারের দাবি উঠেছে। সম্প্রতি ইউরোপের একাধিক দেশ রাশিয়ার কিছু সম্পদ বাজেয়াপ্ত করে। এমন পরিস্থিতিতে এ হুঁশিয়ারি দিলেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী।

এদিকে আগামী বছর ইউক্রেন যুদ্ধে ও রাশিয়ার নিরাপত্তায় ১৫৭ বিলিয়ন (১৫ হাজার ৭০০ কোটি) ডলার ব্যয় করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। আগামী বছর সামরিক খাতে রাশিয়ার এই ব্যয় হবে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বেশি। আর চলতি বছরের ব্যয়ের চেয়ে তা ৭০ শতাংশ বেশি হবে।

আওয়ামী লীগ অভিশপ্ত দলে পরিণত হয়েছে: নুর

0

গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন অভিশপ্ত দলে পরিণত হয়েছে। ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এখন মরিয়া। ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে এই নির্বাচন করছে আওয়ীমী লীগ। এখন ধর্মের অপব্যাখ্যা ও অপপ্রচার করে নৌকায় ভোট চাচ্ছে। প্রধানমন্ত্রী বলছেন, এই নৌকা নাকি নূহ নবীর নৌকা, এটা ধর্মের অপব্যাখ্যা। এই নৌকা নূহ নবীর নৌকা হলে বুঝতে হবে শেখ হাসিনা কেয়ামত ডেকে আনছেন। নির্বাচনে সবচেয়ে বেশি ধর্মকে ব্যবহার করছে আওয়ামী লীগই।’

শুক্রবার (২২ ডিসেম্বর) অসহযোগ আন্দোলনের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে পুরানা পল্টন বিজয় নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে সংক্ষিপ্ত পথসভা শেষে লিফলেট বিতরণ করেছে গণঅধিকার পরিষদ। এসময় নুর এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘দেশের মানুষ আওয়ামী লীগের এই পাতানো নির্বাচনকে বয়কট করছে। এরা নিজেরা নিজেরা ভাগ-বাটোয়ারার নির্বাচন করছে। আরেক দল জাতীয় পার্টি, এরা না সরকারি দল না বিরোধী দল। আমি বলব, এরা কোনো রাজনৈতিক দলই না, এরা সার্কাস পার্টি। কোনো ব্যক্তিত্বসম্পন্ন মানুষ জাতীয় পার্টি করতে পারে না।’

নুর বলেন, ‘এরশাদ ক্ষমতায় থাকতে অসৎ সুবিধা দিয়ে এই দল তৈরি করেছেন। আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থা আর ভারতের গোয়েন্দা সংস্থা ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে এসেছে। এদের কারও ব্যক্তিত্ব নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান- দেশের অস্তিত্ব রক্ষায় আপনারা জনগণের পাশে থাকুন। অসহযোগ আন্দোলন সফল করতে সরকারি অফিস-আদালতে তালা দিয়ে বন্ধ করে জনগণের আন্দোলনে শামিল হোন।’

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল হাসান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান প্রমুখ।

দুই শতাধিক প্রার্থীকে শোকজ, মামলার প্রস্তুতি চলছে

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ দুই শতাধিক প্রার্থীকে শোকজ করে কারণ দর্শানোর জন্য তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। সতর্কবার্তাকে পাত্তা না দেয়া প্রার্থী ও সমর্থকের বিরুদ্ধে মামলাও করতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আর কমিশনের নেয়া এ ব্যবস্থা নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সহায়ক হবে বলছেন বিশ্লেষকরা।

কমিশন সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনে ২০২ জন প্রার্থী ও তাদের সমর্থককে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র অনেক হেভিওয়েট প্রার্থীকে কারণ দর্শানোর জন্য তলব করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাচন কর্মকর্তাদের মামলা কারারও নির্দেশ দিয়েছে ইসি।

চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী ও ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হাইসহ আরও কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইসির মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ২০ দিন কারাভোগ করেছেন। এছাড়া বরগুনা-১ আসনের বর্তমান এমপি ও আওয়ামী লীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী মেহের আফরোজ চুমকির এপিএস মো. মাজেদুল ইসলামের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুসন্ধান কমিটির তদন্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে ইসির অনুমোদনের পর সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হবে।

এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ গণমাধ্যমে বলেন, নির্বাচন কমিশন দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত এমন কঠোর অবস্থানে থাকলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে বাধ্য। যেহেতু কমিশন বারবার নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করার আশ্বাস দিচ্ছে ও ব্যবস্থা নিচ্ছে। জনগণের উচিত হবে ভোট কেন্দ্রে যাওয়া এবং নিজেদের অধিকার অনুযায়ী ভোট দেয়ার সুযোগটা নেয়া।

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জানান, প্রার্থীদের আচরণবিধি মানাতে আরও কঠোর হচ্ছে ইসি। এরই মধ্যে অনেক প্রার্থীকে আচরণবিধি ভঙ্গের কারণে শোকজ এবং সতর্ক করা হয়েছে। আইন অমান্য করে কেউ পার পাবে না। ক্রমান্বয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে, এদিন থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে। যা আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। আর আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নাশকতা এড়াতে ৬ ট্রেনের চলাচল বন্ধ

0

নাশকতা এড়াতে ও ঝুঁকিপূর্ণ বিবেচনায় রাতে চলাচলকারী ৬টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। কিছু দিনের মধ্যে আরও কয়েকটি ট্রেন বন্ধ করা হবে বলেও জানা গেছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ইতিমধ্যে নাশকতা এড়াতে রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ইশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে চিঠি দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

ওই চিঠিতে বলা হয়, হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর জন্য পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেসটির চলাচল ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে বলেন, মূলত ট্রেনটি অনেক রাতে যাত্রা করে। আমরা ট্রেনটির নিরাপত্তা দিতে পারছি না। ট্রেনটির নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে। নিরাপদ ট্রেন করতে যা যা করার দরকার অমরা মিটিং করে সেটি করছি।

তিনি আরও বলেন, ট্রেনটি এখন পাইলটিং করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি আগে যাবে পরে মূল ট্রেন যাবে। তবে ইঞ্জিন ও জনবলগুলো আন্তঃনগর ট্রেনে ব্যবহার করা হবে।

৪ দেশের ১৪ ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

0

গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানকে বাধাগ্রস্ত করাসহ বিভিন্ন অভিযোগে নিকারাগুয়া, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদোরের ১৪ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে নিকারাগুয়ার ৪ জন, গুয়াতেমালার ৪ জন। হন্ডুরাসের ৩ জন ও সালভাদোরের ৩ জনের নাম রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, এসব ব্যক্তিকে ‘করাপ্ট অ্যান্ড আনডেমোক্রেটিক অ্যাক্টরস’-এর ৩৫৩ ধারার অধীনে নতুন করে তালিকাভুক্ত করা হয়েছে। ইউনাইটেড স্টেটস-নর্দান ট্রায়াঙ্গল এনহ্যান্সড এনগেজমেন্ট অ্যাক্টের অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে ওইসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভিসার অযোগ্য হবেন এবং যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

ম্যাথিউ মিলার বলেন, প্রশাসনের ‘রুট কজেস স্ট্র্যাটেজি’র অধীনে এই অঞ্চলে শক্তিশালী গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে উৎসাহিত করার ক্ষেত্রে অগ্রাধিকার রয়েছে। দুর্নীতি এবং অন্যান্য নীতিভ্রষ্ট চর্চা যা মধ্য আমেরিকার গণতন্ত্রকে খর্ব করে অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং অনিয়মিত অভিবাসন সৃষ্টি করছে তার বিরুদ্ধে এসব পদক্ষেপ। অধিক স্থিতিস্থাপক, সমতাভিত্তিক এবং সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার জন্য গণতান্ত্রিক আদর্শকে উৎসাহিত করতে, সুরক্ষিত রাখতে এবং পুনর্বহাল করতে এল সালভাদোরে, হন্ডুরাস, গুয়াতেমালা এবং নিকারাগুয়ায় কাজ করছি আমরা।

এছাড়া ও বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারি সব নেতৃত্ব, নাগরিক সমাজ, সাংবাদিক, বেসরকারি খাত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমরা আহ্বান জানাই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং দুর্নীতিকে বিদায় জানাতে আমাদের সঙ্গে যুক্ত হতে।