Sunday, November 22, 2026
Sunday, November 22, 2026
28 C
Dhaka
Homeজীবনযাপনবিশ্ব ডিম দিবস আজ

বিশ্ব ডিম দিবস আজ

প্রকাশ: October 9, 2026 11:16

আজ ৯ অক্টোবর বিশ্ব ডিম দিবস। পুষ্টিগুণে সমৃদ্ধ ডিমের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। তবে বাংলাদেশে ডিমের দাম বেড়ে যাওয়ায় পুষ্টিকর এই খাবার কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।

বিশ্ব ডিম দিবসের সূচনা ১৯৯৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনায়। সেই থেকে প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির ৩০ বছর পূর্তি হচ্ছে। এবারের আয়োজনের লক্ষ্য ডিমের পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো।

একটি ডিম থেকে সাধারণত প্রায় ৭৭ কিলোক্যালরি শক্তি পাওয়া যায়। ডিম উচ্চমানের আমিষের পাশাপাশি আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফলেট, দস্তা ও ভিটামিন ডির উৎস। এতে চোখের সুস্থতার জন্য প্রয়োজনীয় লুটিন ও জিয়াজ্যানথিনের মতো উপাদানও রয়েছে।

ডিম শরীরের প্রয়োজনীয় পুষ্টি জোগাতে, দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে এবং বিপাকীয় কার্যক্রমে সহায়তা করতে পারে। এতে ওমেগা-৩-এর মতো প্রয়োজনীয় চর্বিও পাওয়া যায়। সহজলভ্য ও তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় বিশ্বের কোটি কোটি মানুষের খাদ্যতালিকায় ডিম গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। মুরগির ডিম সবচেয়ে বেশি খাওয়া হলেও হাঁস, কোয়েল ও রাজহাঁসের ডিমও জনপ্রিয়।

এদিকে, বিশ্ব ডিম দিবসের দিনে দেশে ডিমের বাজারে স্বস্তি নেই। গত এক মাসে সরকারি হিসাবে ডিমের দাম বেড়েছে প্রায় ৮ শতাংশ।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বৃহস্পতিবারের (৮ অক্টোবর) প্রতিবেদনে প্রতি ডজন ডিমের সর্বোচ্চ দাম দেখানো হয়েছে ১৬২ টাকা। গত ৮ সেপ্টেম্বর এই দাম ছিল ১৫০ টাকা। অন্যদিকে, পাড়া-মহল্লার খুচরা বাজারে বাদামি ডিম প্রতি ডজন ১৬০ থেকে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজার ও দোকানভেদে দামে পার্থক্য রয়েছে।

 

 

সূত্র: ওয়ার্ল্ড এ্যাগ অর্গানাইজেশন, ন্যাশনাল ডে কেলেন্ডার

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর