Sunday, November 22, 2026
Sunday, November 22, 2026
28 C
Dhaka
Homeআন্তর্জাতিকএস্তোনিয়ার ও রাশিয়ার সীমান্ত বন্ধের ঘোষণা , মস্কোর হুঁশিয়ারি

এস্তোনিয়ার ও রাশিয়ার সীমান্ত বন্ধের ঘোষণা , মস্কোর হুঁশিয়ারি

প্রকাশ: November 22, 2026 3:28

নিরাপত্তার কারণ দেখিয়ে রাশিয়ার সঙ্গে সড়ক সীমান্তের সব প্রবেশপথ অন্তত ছয় মাসের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এস্তোনিয়া।

শুক্রবার (২০ নভেম্বর) দেশটির সরকার এ ঘোষণা দেয়। এ পদক্ষেপের পাল্টায় রাজনৈতিক ও কূটনৈতিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো।

রয়টার্সের খবরে বলা হয়, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়ার অভিযোগ, দেশটির একটি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলো। এ নিয়ে চলতি বছর এ ধরনের দ্বিতীয় ঘটনা ঘটল বলে দাবি করেছে দেশটি।

আগামী ১ ডিসেম্বর থেকে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। এ পদক্ষেপ বৃহত্তর নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলা এবং এস্তোনিয়ায় আরও হামলার আয়োজনের রাশিয়ার সক্ষমতা সীমিত করতে সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইগর তারো।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রুশ নিরাপত্তা সংস্থাগুলো সীমান্ত চেকপয়েন্ট দিয়ে যাতায়াত করা আমাদের নাগরিকদের ভয়ভীতি দেখাচ্ছে এবং তাদের নিজেদের পক্ষে ভেড়ানোর চেষ্টা করছে। আমরা আর এ ধরনের ঘটনা সহ্য করতে পারি না।’

তবে অগ্নিসংযোগের ঘটনায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘এস্তোনিয়া সীমান্ত বন্ধের সিদ্ধান্ত কার্যকর করলে এর জবাবে রাজনৈতিক ও কূটনৈতিক ব্যবস্থা নেবে মস্কো। পূর্ব দিক থেকে কোনো ধরনের হুমকির মিথ্যা অজুহাতে এ ধরনের পদক্ষেপ কার্যত নতুন আয়রন কার্টেন নির্মাণের প্রচেষ্টার শামিল।’

ইউক্রেনের কট্টর সমর্থক হিসেবে পরিচিত এস্তোনিয়ায় বর্তমানে রাশিয়ায় যাতায়াতের জন্য পাঁচটি সীমান্ত ক্রসিং রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এস্তোনিয়ার উত্তরের প্রতিবেশী ফিনল্যান্ড ২০২৩ সালে রাশিয়ার সঙ্গে সীমান্তের সব প্রবেশপথ বন্ধ করে দেয়। এরপর থেকে সেগুলো বন্ধই রয়েছে। তবে দক্ষিণের বাল্টিক দেশ লাটভিয়া ও লিথুয়ানিয়া রাশিয়ার সঙ্গে তাদের সীমান্তের প্রবেশপথ খোলা রেখেছে।

সোভিয়েত আমলের উত্তরাধিকার হিসেবে এস্তোনিয়ায় বসবাসকারী হাজারো মানুষের পরিবার রাশিয়ায় রয়েছে। একইভাবে রাশিয়ায় বসবাসকারীদের অনেকের পরিবার রয়েছে এস্তোনিয়ায়। সীমান্তের এস্তোনীয় অংশে রুশভাষী মানুষের সংখ্যাগরিষ্ঠতা থাকা নারভা শহরের ক্রসিংটি ইউরোপের দূরবর্তী অঞ্চল থেকে সেন্ট পিটার্সবার্গে যাতায়াতের পথ হিসেবেও ব্যবহৃত হয়। শহরটি গাড়িতে কয়েক ঘণ্টার দূরত্বে।

এস্তোনিয়ার পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটির সঙ্গে রাশিয়ার সীমান্ত দিয়ে ৭ লাখ ৬০ হাজার মানুষ যাতায়াত করেছেন। তাদের মধ্যে ৩ লাখ ৭ হাজার রুশ নাগরিক, ১ লাখ ৭৫ হাজার এস্তোনীয় নাগরিক এবং ৫৪ হাজার ফিনল্যান্ডের পাসপোর্টধারী ছিলেন। তবে সড়ক সীমান্ত বন্ধের সিদ্ধান্তে রেলপথে পণ্য পরিবহন প্রভাবিত হবে না।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর