প্রচলিত ধারণা, ৩০ বছর পার হলেই স্বাভাবিকভাবে গর্ভধারণ কঠিন হয়ে যায়। তবে চিকিৎসকেরা বলছেন, বিষয়টি এতটা সরল নয়। ত্রিশের কোঠায় পা দেয়ার পরও অনেক নারী স্বাভাবিকভাবে গর্ভধারণ করেন এবং সুস্থ সন্তানের জন্ম দেন। তবে বয়স বাড়ার সঙ্গে প্রজননক্ষমতায় কিছু পরিবর্তন আসে, যা জানা জরুরি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ভারতের কেয়ার হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের ক্লিনিক্যাল ডিরেক্টর ও বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসক প্রভা আগরওয়াল।
- ভুল ধারণা ১: ৩০-এর পর স্বাভাবিকভাবে গর্ভধারণ কঠিন
চিকিৎসক প্রভা আগরওয়ালের মতে, ৩০ বছর পার হলেই স্বাভাবিকভাবে সন্তান ধারণ করা কঠিন এটি প্রচলিত একটি ভুল ধারণা। ত্রিশের দশকের শুরুর দিকে অনেক নারীরই নিয়মিত ঋতুচক্র ও স্বাভাবিক ডিম্বস্ফোটন হয়। ফলে স্বাভাবিকভাবেই গর্ভধারণ সম্ভব। তবে নারীরা জন্মগতভাবে নির্দিষ্টসংখ্যক ডিম্বাণু নিয়ে জন্মান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান কমতে থাকে। বিশেষ করে ৩৫ বছরের পর এই পরিবর্তন তুলনামূলক বেশি স্পষ্ট হয়।
- ভুল ধারণা ২: ৩০ বছর হলেই প্রজননক্ষমতা হঠাৎ কমে যায়
প্রজননক্ষমতা ৩০ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ কমে যায় না। বরং এটি ধীরে ধীরে হ্রাস পায়। ত্রিশের দশকের শুরুর দিকেও গর্ভধারণের সম্ভাবনা সাধারণত ভালো থাকে। তবে বয়স বাড়ার সঙ্গে, বিশেষ করে ত্রিশের দশকের শেষ দিকে, সন্তান ধারণের ক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়তে পারে।
- ভুল ধারণা ৩: শুধু বয়সই সন্তান ধারণের ক্ষেত্রে প্রভাব ফেলে
বয়সের পাশাপাশি জীবনযাপনও প্রজননস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ, অস্বাস্থ্যকর খাবার, শরীরচর্চার অভাব, অপর্যাপ্ত ঘুম ও দীর্ঘদিনের মানসিক চাপ হরমোনের ভারসাম্য এবং প্রজননস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ জরুরি।
- ভুল ধারণা ৪: ৩০-এর পর বন্ধ্যত্বের চিকিৎসা কার্যকর হয় না
এ ধারণাও সঠিক নয়। চিকিৎসকের মতে, সন্তান ধারণে সমস্যা হলে ওভুলেশন ইনডাকশন, আইইউআই ও আইভিএফের মতো চিকিৎসাপদ্ধতি সহায়ক হতে পারে। তবে চিকিৎসার সাফল্য নির্ভর করে বয়স, ডিম্বাণুর গুণগত মান, পুরুষ সঙ্গীর শুক্রাণুর স্বাস্থ্য এবং অন্যান্য শারীরিক সমস্যার ওপর। পিসিওএস, থাইরয়েডের সমস্যা, এন্ডোমেট্রিওসিস ও জরায়ুর ফাইব্রয়েডও সন্তান ধারণে বাধা তৈরি করতে পারে।
- কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ৩৫ বছরের কম বয়সী কোনো নারী নিয়মিত চেষ্টা করার পরও ১২ মাসে গর্ভধারণ করতে না পারলে বন্ধ্যত্ব বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত। আর বয়স ৩৫ বছর বা তার বেশি হলে ছয় মাস চেষ্টা করেও সফল না হলে চিকিৎসকের কাছে যেতে হবে। এ ক্ষেত্রে শুধু নারী নন, উভয় সঙ্গীর প্রজননস্বাস্থ্য পরীক্ষা করাও গুরুত্বপূর্ণ।
৩০ বছর বয়সকে মাতৃত্বের শেষ সময়সীমা হিসেবে দেখার প্রয়োজন নেই। তবে বয়স ও শারীরিক অবস্থা সম্পর্কে সচেতন থেকে পরিকল্পনা করা এবং প্রয়োজনে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেয়াই বুদ্ধিমানের কাজ।


