রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
23 C
Dhaka
Homeজীবনযাপনডায়াবেটিস নীরবে কেড়ে নিতে পারে দৃষ্টিশক্তি 

ডায়াবেটিস নীরবে কেড়ে নিতে পারে দৃষ্টিশক্তি 

প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬ ১০:২০

ডায়াবেটিস ধরা পড়লে বেশির ভাগ মানুষ রক্তে শর্করার মাত্রা, কিডনি ও হৃদযন্ত্রের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কিন্তু শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ চোখের কথা অনেকেই ভুলে যান। অথচ ডায়াবেটিস নীরবে চোখের ক্ষতি করতে পারে।

হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে চোখের চিকিৎসক ও প্রিস্টিন আই হসপিটালসের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. সি জগদেশ রেড্ডি জানিয়েছেন, ডায়াবেটিসের কারণে চোখে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে। সময়মতো শনাক্ত ও চিকিৎসা না করালে এসব সমস্যা থেকে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি রয়েছে।

ডায়াবেটিস কীভাবে চোখের ক্ষতি করে——–

চিকিৎসক ডা. রেড্ডির মতে, রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন বেশি থাকলে চোখের রেটিনার ক্ষুদ্র রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। চোখের পেছনে থাকা আলোকসংবেদনশীল এই অংশটির নাম রেটিনা। এর ক্ষতিকে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এ ছাড়া ডায়াবেটিসের কারণে চোখে আরও কয়েক ধরনের সমস্যা দেখা দিতে পারে।

  • ডায়াবেটিক রেটিনোপ্যাথি: দীর্ঘদিন রক্তে শর্করা বেশি থাকলে রেটিনার রক্তনালিগুলো দুর্বল ও ক্ষতিগ্রস্ত হয়। এতে রক্তক্ষরণ, দৃষ্টিশক্তি কমে যাওয়া এমনকি অন্ধত্বও দেখা দিতে পারে।
  •  ম্যাকুলার এডিমা: ডায়াবেটিসের কারণে রেটিনার গুরুত্বপূর্ণ অংশ ম্যাকুলায় তরল জমে ফুলে যেতে পারে। ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায় এবং সূক্ষ্ম বিষয় দেখতে সমস্যা হয়।
  • ছানি: ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের চোখে ছানি পড়ার ঝুঁকি বেড়ে যায়। এতে চোখের লেন্স ঘোলা হয়ে দৃষ্টিশক্তি কমতে থাকে।
  • গ্লুকোমা: ডায়াবেটিসে গ্লুকোমা বা চোখের স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও বাড়তে পারে। সময়মতো চিকিৎসা না হলে এ কারণে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা থাকে।
  • কোন লক্ষণ দেখা দিলে সতর্ক হবেন      
  • ডায়াবেটিসজনিত চোখের সমস্যার সবচেয়ে বড় বিপদ হলো, প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো লক্ষণই দেখা যায় না। এমনকি চোখে স্বাভাবিকভাবে দেখতে পেলেও রেটিনার ক্ষতি হতে পারে। সমস্যা বাড়তে থাকলে চোখে ঝাপসা দেখা, দৃষ্টির মধ্যে কালো দাগ বা ছায়া দেখা এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। এসব লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই চোখের রোগ অনেকটা এগিয়ে যেতে পারে। তাই চোখে কোনো সমস্যা না থাকলেও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চোখ পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
  • যেভাবে শনাক্ত করবেন

ডা. রেড্ডির পরামর্শ, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের সাধারণত বছরে অন্তত একবার পূর্ণাঙ্গ চোখ পরীক্ষা করানো উচিত। তবে কারও চোখের অবস্থা ও ঝুঁকির ওপর নির্ভর করে আরও ঘন ঘন পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যেও ডায়াবেটিসজনিত চোখের সমস্যা শনাক্ত করা সহজ হচ্ছে। বিশেষ ক্যামেরার মাধ্যমে রেটিনার ছবি তোলা হয়। এরপর এআই সফটওয়্যার সেই ছবি বিশ্লেষণ করে ডায়াবেটিক রেটিনোপ্যাথির সম্ভাব্য লক্ষণ শনাক্ত করতে পারে। এতে যাদের আরও বিস্তারিত পরীক্ষা প্রয়োজন, তাদের দ্রুত চিহ্নিত করা সম্ভব হয়। তবে এআই প্রযুক্তি পূর্ণাঙ্গ চোখ পরীক্ষার বিকল্প নয় বলে সতর্ক করেছেন চিকিৎসক।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ডায়াবেটিসজনিত চোখের জটিলতা কমাতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। পাশাপাশি রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রাও স্বাভাবিক রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চোখে কোনো সমস্যা দেখা দেয়ার অপেক্ষা না করে নিয়মিত পরীক্ষা করানো। কারণ ডায়াবেটিসের কারণে চোখের ক্ষতি অনেক সময় নীরবে শুরু হয়। আর সময়মতো সতর্ক হলে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর