ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে কিডনির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, এমন ছয় ধরনের সকালের খাবারের কথা উল্লেখ করেছেন। জেনে নেয়া যাক সেগুলো কী।
- ১. চিজ ও ক্রিম স্প্রেড
পাউরুটির সঙ্গে চিজ কিংবা ক্রিম স্প্রেড খেতে পছন্দ করেন অনেকেই। তবে এসব খাবারে সোডিয়াম ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকতে পারে। অতিরিক্ত সোডিয়াম গ্রহণ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি হৃদযন্ত্রের স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সকালের নাশতায় নিয়মিত এসব খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
- ২. ইনস্ট্যান্ট নুডলস
সকালে সময় বাঁচাতে অনেকেই ইনস্ট্যান্ট নুডলস বেছে নেন। কিন্তু এসব নুডলসে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। পাশাপাশি থাকতে পারে বিভিন্ন ধরনের কৃত্রিম উপাদান। নিয়মিত অতিরিক্ত সোডিয়াম গ্রহণ কিডনির ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। তাই সকালের নাশতায় ইনস্ট্যান্ট নুডলস নিয়মিত না খাওয়াই ভালো।
- ৩. প্যাকেটজাত সিরিয়াল
দুধের সঙ্গে প্যাকেটজাত সিরিয়াল খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। তবে সব ধরনের সিরিয়াল স্বাস্থ্যকর নয়। কিছু প্যাকেটজাত সিরিয়ালে অতিরিক্ত চিনি ও ফসফরাসযুক্ত অ্যাডিটিভ থাকে। দীর্ঘদিন এসব উপাদান বেশি পরিমাণে গ্রহণ করলে কিডনির স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
- ৪. প্রক্রিয়াজাত মাংস
সকালের নাশতায় সসেজ বা বেকন খাওয়ার অভ্যাস অনেকের রয়েছে। কিন্তু এসব প্রক্রিয়াজাত মাংসে সোডিয়াম ও সংরক্ষণকারী উপাদান বেশি থাকে। অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়াতে পারে। উচ্চ রক্তচাপ কিডনির ক্ষতির অন্যতম কারণ। তাই এসব খাবার নিয়মিত খাওয়া এড়িয়ে চলা উচিত।
- ৫. মিষ্টি পেস্ট্রি ও ডোনাট
সকালে চা বা কফির সঙ্গে ডোনাট কিংবা মিষ্টি পেস্ট্রি খেতে ভালোবাসেন অনেকে। কিন্তু এসব খাবারে চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ বেশি থাকতে পারে। নিয়মিত খেলে ওজন বেড়ে যাওয়া এবং শরীরে প্রদাহের ঝুঁকি তৈরি হতে পারে। এসব বিষয় কিডনির স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
- ৬. সাদা পাউরুটি ও পরিশোধিত শর্করা
সকালের নাশতায় সাদা পাউরুটি বেশ পরিচিত একটি খাবার। তবে এতে থাকা পরিশোধিত শর্করা দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে কিডনির ক্ষতি হতে পারে। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এ ঝুঁকি বেশি। তাই নাশতায় পরিশোধিত শর্করাজাতীয় খাবার খাওয়ার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।


