বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সংসদ-অনুমোদিত সরকারি সফরের দিনই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার পরিকল্পিত প্রচেষ্টা। প্রতিবেদনে ডা. শফিকুর রহমানের বক্তব্য চাওয়া হলেও তিনি সাড়া দেননি বলে যে দাবি করা হয়েছে, তা অসত্য। প্রকাশের আগে তার কার্যালয়, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কিংবা সফরসঙ্গীদের কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি বলেও দাবি করেন তিনি।
প্রতিবেদনে কী বলা হয়েছে——
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনে দাবি করা হয়, শফিকুর রহমান গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘নায়ক ও শহিদ’ হিসেবে উল্লেখ করেছিলেন। হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও শোক প্রকাশ করে তাকে শহিদ হিসেবে কবুল করার প্রার্থনা করেছিলেন তিনি। এ ছাড়া ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতাদেরও ‘শহিদ’ বলেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থানকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে উপস্থাপন করা উদ্দেশ্যমূলক বিকৃতি। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের ‘শহিদ’ আখ্যা প্রসঙ্গে জামায়াত সেক্রটারি জেনারেল বলেন, বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টটি শফিকুর রহমানের নয়, তার অ্যাকাউন্ট হ্যাক করে প্রকাশ করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৬ সালের নির্বাচনে জামায়াত কোনো নারী প্রার্থী দেয়নি। এ ছাড়া অভিবাসন প্রতিনিধি রেমন্ড সলোমন তার আবেদনে শফিকুর রহমানের ইরানের সঙ্গে সম্পর্ক ও কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রতিবেদনে মন্তব্য চাওয়া হলেও শফিকুর রহমান সাড়া দেননি বলে উল্লেখ করা হয়। তবে গোলাম পরওয়ারের দাবি, প্রকাশের আগে তাঁদের কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি।
এদিকে ডা. শফিকুর রহমানের পক্ষে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এমপি অস্ট্রেলিয়ার Defamation Act 2005 (NSW)-এর ১২এ ধারায় প্রকাশক Nationwide News Pty Ltd-কে একটি আনুষ্ঠানিক Concerns Notice পাঠিয়েছেন। এতে প্রতিবেদনের সাতটি মানহানিকর ইঙ্গিত চিহ্নিত করে সংশোধন, প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং সংশ্লিষ্ট নথি সংরক্ষণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, চার দিনের অস্ট্রেলিয়া সফরে শফিকুর রহমান সিডনির ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ এবং চুল্লোরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের মধ্যাহ্নভোজে অংশ নেন। সফর শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশে ফেরার উদ্দেশে সিডনি ছাড়েন তিনি। জরুরি প্রয়োজনের কথা জানিয়ে তার নির্ধারিত মালয়েশিয়া সফর বাতিল করা হয়।


