বুধবার (২৫ নভেম্বর) রাতে কাতারের দোহায় অ্যাসপায়ার জোনে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে দুই দল গোল করতে না পারলেও প্রথমার্ধের শেষ দিকে আর্জেন্টিনাকে চাপে রাখে ডেনমার্ক। ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন নোয়াহ ম্যাডসেন। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে একেন চুকউয়ানি ব্যবধান দ্বিগুণ করেন। ফলে বিরতিতে ২-০ গোলে এগিয়ে ছিল ডেনমার্ক।
দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৫৮তম মিনিটে জিওভান্নি বারোনির গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। চার মিনিট পর, ৬২তম মিনিটে হুয়ান ক্রুজ পোলিসেল্লা গোল করে দলকে সমতায় ফেরান। এরপর ৬৮তম মিনিটে অ্যালান আলকারাজের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। দুই গোলে পিছিয়ে থেকেও মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি।
তবে শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ৭৮তম মিনিটে ওমরান খাতার গোল করে ডেনমার্ককে ৩-৩ সমতায় ফেরান। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
এই ড্রয়ের পর তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সি-এর দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারলেও পরের ম্যাচে মোজাম্বিককে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল তারা।
সমান ৪ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় হয়েছে মোজাম্বিক, যারা প্রথম ম্যাচে ডেনমার্ককে ৪-০ গোলে হারিয়েছিল। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। আর ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ডেনমার্ক।


