২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বাদ পড়া সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতানের বিরুদ্ধে সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের এক প্রশাসনিক কর্মকর্তা।
৩৪ বছর বয়সী এই রেফারি গত বছর আফ্রিকার বর্ষসেরা রেফারি নির্বাচিত হন এবং এবারের বিশ্বকাপের দায়িত্ব পালনকারী প্রথম সোমালি রেফারি হওয়ার সম্ভাবনা ছিল তাঁর।
তবে কূটনৈতিক পাসপোর্ট এবং একক প্রবেশ ভিসা থাকা সত্ত্বেও গত সোমবার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে তাকে ফেরত পাঠানো হয়।
এক মার্কিন সূত্র দাবি করেছে, অভিবাসন ও শুল্ক সংস্থার অতিরিক্ত যাচাই-বাছাইয়ের সময় তার বিষয়ে “আপত্তিকর তথ্য” পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে তাকে মার্কিন অভিবাসন আইন অনুযায়ী অনুপযুক্ত ঘোষণা করা হয়।
এ ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা নীতির প্রসঙ্গও উঠে এসেছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় ১২টি দেশকে তালিকাভুক্ত করা হয়েছিল, যার মধ্যে সোমালিয়াও রয়েছে।
তবে এখন পর্যন্ত ওমর আবদুলকাদির আরতান বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।


