রবিবার, আগস্ট ১৬, ২০২৬
রবিবার, আগস্ট ১৬, ২০২৬
30 C
Dhaka
Homeখেলাবিশ্বকাপের নায়ক রদ্রি আবারও ছিটকে গেলেন ইনজুরিতে পরে

বিশ্বকাপের নায়ক রদ্রি আবারও ছিটকে গেলেন ইনজুরিতে পরে

প্রকাশ: জুলাই ২৪, ২০২৬ ১২:৩৭

স্পেনকে ২০২৬ ফিফা বিশ্বকাপ জেতানোর আনন্দ বেশিদিন স্থায়ী হলো না রদ্রির জন্য।

বিশ্বকাপজয়ী অধিনায়ক ও টুর্নামেন্টসেরা (গোল্ডেন বল) এই মিডফিল্ডার আবারও ইনজুরিতে পড়েছেন। পিঠের সমস্যার কারণে ম্যানচেস্টার সিটির এই তারকা ফুটবলারকে অস্ত্রোপচার করাতে হচ্ছে। তবে অস্ত্রোপচারের পর তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি ইংলিশ ক্লাবটি।

গত কয়েক বছর ধরেই একের পর এক চোটে ভুগছেন ৩০ বছর বয়সী রদ্রি। ২০২৪ সালের সেপ্টেম্বরে এসিএল ইনজুরিতে পড়ে প্রায় পুরো মৌসুম মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। পরে হ্যামস্ট্রিং ও কুঁচকির চোটও ভোগায়। ফলে গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে মাত্র ১৭টি ম্যাচে শুরুর একাদশে সুযোগ পান তিনি।

তবে বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে ফেরেন রদ্রি। স্পেনের অধিনায়ক হিসেবে টুর্নামেন্টের আটটি ম্যাচেই খেলেন এবং দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ২০১০ সালের পর প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেন। সেই সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে জেতেন গোল্ডেন বল। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই আবারও চোটের কারণে অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় তার সামনে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রদ্রির ইনজুরির খবর এমন এক সময়ে এলো, যখন ম্যানচেস্টার সিটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি। ‘দ্য অ্যাথলেটিক’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের পর ক্লাব কর্তৃপক্ষ তার সঙ্গে নতুন চুক্তির আলোচনা শুরু করতে চাইলেও এখন পর্যন্ত সে বিষয়ে আগ্রহ দেখাননি এই স্প্যানিশ মিডফিল্ডার।

দীর্ঘদিন ধরেই রদ্রিকে ঘিরে রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন রয়েছে। তবে সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই মুহূর্তে স্প্যানিশ জায়ান্টরা তাকে দলে ভেড়ানোর বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না।

ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক সাফল্যের অন্যতম প্রধান স্থপতি ছিলেন রদ্রি। ২০২২-২৩ মৌসুমে ক্লাবটির ঐতিহাসিক ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সেই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে একমাত্র গোলটি করে সিটিকে প্রথম ইউরোপসেরা হওয়ার স্বাদও এনে দেন।

রদ্রির অনুপস্থিতির সম্ভাবনা মাথায় রেখেই দল শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতোমধ্যে নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১৬ মিলিয়ন পাউন্ডে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে দলে ভিড়িয়েছে ক্লাবটি।

আগামী ২৩ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬-২৭ প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করবে ম্যানচেস্টার সিটি। তবে এর আগে রদ্রি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন কি না, তা এখনো অনিশ্চিত।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর